

মিয়ানমারের
রাখাইন রাজ্যের ম্রাউক-উ অঞ্চলে সেনা বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত
হয়েছেন। স্থানীয় সহায়তা কর্মী ওয়াই হুন অং , গতকাল বুধবার (১০ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত
করেছেন। হামলাটি ঘটেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিনে।
হামলায় আহত
ও নিহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ মানুষ ও কর্মীরা রয়েছেন। হাসপাতালে কমপক্ষে
২০টি মৃতদেহও দেখা গেছে। এই বিমান হামলা সামরিক শাসনের অধীনে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য
নির্বাচনের আগে সংঘটিত হলো।
মিয়ানমারে সামরিক
অভিযান ও বিমান হামলার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গত অক্টোবরেও সাগাইং অঞ্চলে ধর্মীয়
উৎসবে বিমান হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ৪৫ জন আহত হন।
জাতিসংঘ এই
ধরনের অবিচ্ছিন্ন হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে এবং সকল পক্ষকে আন্তর্জাতিক
মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের তথ্য
অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর সাগাইং অঞ্চল সবচেয়ে বেশি
বিমান হামলার শিকার হয়েছে। চলতি বছরে শুধু ২৮ মার্চ এই অঞ্চলে ১০৮টির বেশি বিমান হামলায়
অন্তত ৮৯ জন নিহত হয়েছেন।
মন্তব্য করুন


কুমিল্লা সংরক্ষিত নারী আসনের
সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী
লীগের সহ-সভাপতি এবং লক্ষীপুর-২ আসনের সাবেক এমপি
কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর
গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা
হয়।
আজ শনিবার (১০
মে) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ
রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি জানান, কুমিল্লা সংরক্ষিত নারী আসনের
সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও
মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ
ইসলাম পাপুলের স্ত্রী। সেলিনা ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পদ অর্জন ও
মানি লন্ডারিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত চলছিল।
তিনি একাদশ জাতীয় সংসদের
সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত জাতীয় সংসদ
সদস্য ছিলেন।
মন্তব্য করুন


মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির চলমান সংঘর্ষের প্রভাব পড়েছে বাংলাদেশের টেকনাফ সীমান্তে। সীমান্তের ওপারে গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় এখনো আতঙ্ক কাটেনি। শনিবার (১৩ ডিসেম্বর) দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলাকালে ছোড়া কিছু গুলি বাংলাদেশের অংশে এসে বসতবাড়িতে আঘাত হানে। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা রাতভর আতঙ্কে সময় কাটান। একদিন পেরিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি; রাতের বেলায় গুলির শব্দ শোনায় উদ্বেগ আরও বেড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশিরভাগ শহর ও সীমান্তবর্তী অঞ্চল প্রায় দুই বছর ধরে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এ অঞ্চলে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতাও রয়েছে। এর ফলে মাঝেমধ্যেই কক্সবাজারের টেকনাফ সীমান্তে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসে। অনেক সময় সংঘর্ষের গুলি এপারে এসে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।টেকনাফের এক জেলে ও স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান, শনিবার টানা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে। আতঙ্কে বহু পরিবার শিশুদের নিয়ে ঘরের ভেতর নিরাপদ স্থানে আশ্রয় নেয়। ভয়ের কারণে সারা রাত অনেকেই ঘুমাতে পারেননি। নিরাপত্তাজনিত উদ্বেগে মাছ ধরতেও যেতে পারেননি তিনি।হোয়াইক্যং বালুখালির বাসিন্দা সরওয়ার আলম বলেন, শনিবারের গোলাগুলির সময় একটি গুলি তার বাড়িতে এসে পড়ায় পরিবারের সবাই চরম আতঙ্কে পড়েন। এখনও যেকোনো মুহূর্তে আবার গুলি আসতে পারে—এমন আশঙ্কা কাজ করছে বলে তিনি জানান। মধ্যরাতেও কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, সীমান্তের কাছাকাছি মিয়ানমার অংশে শনিবার ব্যাপক গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সীমান্তবর্তী গ্রামগুলোতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিন পার হলেও ভীতি পুরোপুরি কাটেনি। রোববার মধ্যরাতে আবার গুলির শব্দ ভেসে আসায় স্থানীয়রা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নাফ নদীসংলগ্ন এলাকায় ভয়ের কারণে মানুষ চিংড়িঘের, কৃষিজমি কিংবা নদীতে যেতে পারছেন না। কয়েকটি বসতবাড়িতে গুলি লেগে টিনের চাল ফুটো হয়েছে এবং তাজা গুলির অস্তিত্ব পাওয়া গেছে। অধিকাংশ গুলি চাষের জমি ও ঘেরে গিয়ে পড়ে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সীমান্তে গোলাগুলির বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মন্তব্য করুন


পররাষ্ট্র
উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সরকার
সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। তিনি বলেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি
এখন নিয়ন্ত্রণে। পুলিশ বাহিনীও নিজেদের গুছিয়ে নিতে পেরেছে। সামনে জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা
বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা।
আজ
শনিবার ( ০৬ ডিসেম্বর ) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের
সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র
উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই
নির্বাচন হবে ‘আদর্শ নির্বাচন’। নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সেজন্য
আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য-এই দুই খাতেই
সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ডাক্তার-নার্স সংকট নিরসনে স্বল্প সময়ে সাড়ে তিন
হাজার নার্স ও তিন হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে।
আলু
রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে নিয়মিত আলু আমদানি করে এমন দেশ খুবই কম। বিশেষ
পরিস্থিতি না হলে রপ্তানির সুযোগও সীমিত। বিদেশে মানবসম্পদ রপ্তানি বিষয়ে উপদেষ্টা
বলেন, দক্ষতা না থাকায় দেশের কর্মীরা বিদেশে কম বেতন পান। নার্সিং পেশায় বিদেশে বিপুল
চাহিদা রয়েছে। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে দেশ উপকৃত হবে।
এছাড়া
রংপুরে পালন করা ছোট জাতের দেশি গরুর মাংসের প্রশংসা করে এর বাণিজ্যিক উৎপাদনে প্রাণিসম্পদ
অধিদপ্তরকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
জেলা
প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইনসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
চার
দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা রংপুরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছেন। আজ বিকেলে
তিনি রংপুর ক্যাডেট কলেজ ঘুরে দেখার কথা রয়েছে। আগামীকাল রোববার কিশোরগঞ্জের মাগুরা
উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সৈয়দপুর থেকে ঢাকায়
ফিরবেন।
মন্তব্য করুন


প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
আজ
বুধবার ( ১১ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে
সিইসি’র এই ভাষণ একযোগে সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন
চ্যানেল ও রেডিও স্টেশনগুলোও বিটিভি’র ফিড থেকে এই ভাষণ সম্প্রচার করবে।
নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা
মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
ভাষণে
সিইসি আগামীকাল অনুষ্ঠেয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণের
নিয়মাবলি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে। বিশেষ করে, ভোটাররা
যাতে কোনো প্রকার ভীতি ও শঙ্কা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার
প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে তিনি দেশবাসীকে আশ্বস্ত করবেন।
এছাড়া,
একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের নেওয়া
চূড়ান্ত পদক্ষেপগুলো তুলে ধরে তিনি রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার এবং নির্বাচনী কাজে
নিয়োজিত কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য,
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত
বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ।
মন্তব্য করুন


বাংলাদেশের
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছে রাশিয়া
দূতাবাস।
আজ
রবিবার ( ৩০ নভেম্বর ) রাশিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূতের
পক্ষে ফুলের তোড়া ও পত্র নিয়ে গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে যান। দলের চেয়ারপারসনের
পক্ষে তা গ্রহণ করেন তার একান্ত সচিব জনাব এবিএম আব্দুস সাত্তার।
ফুসফুস
ও হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় সাত দিন ধরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দলীয়
নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ আরো বেড়েছে। গত শুক্রবার দেশব্যাপী মসজিদে
দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা
ড. মোহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা বেগম জিয়ার দ্রুত সুস্থতা
কামনা করেন।
গতকাল
গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন। তিনি জানান, শুক্রবারের
মতো শনিবারও সংকটাপন্ন ছিল। রাজধানীর এভারকেয়ার
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার
মতো নয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার ব্যাপারে
ভিসা ও যোগাযোগ সংক্রান্ত কাজ এগিয়ে রাখা হয়েছে।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন,পহেলা বৈশাখের মাঝে বাঙালি
খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য,সংস্কৃতি ও চেতনার স্বরূপ।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ দেয়া এক বাণীতে বলেন, শুভ
নববর্ষ-১৪৩১’ পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে পরম আনন্দের একটি দিন। আনন্দঘন
এই দিনে আমি দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বাংলা নববর্ষের
শুভেচ্ছা। ২০১৬ সালে ইউনেস্কো কর্তৃক পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বিশ্ব
সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রদর্শন ও আদর্শের
অন্যতম ভিত্তি ছিল দেশীয় সংস্কৃতির বিকাশ ও জাতীয় চেতনার উন্মেষ। সেই চেতনায়
উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কারারুদ্ধ জীবনে সহবন্দিদের নিয়ে নববর্ষ উদযাপন
করেছিলেন। জাতীয় সংস্কৃতির এই আন্তর্জাতিক স্বীকৃতি জাতি হিসেবে বাঙালির জন্য
পরম গৌরব ও মর্যাদার।
রাষ্ট্রপতি আরো বলেন,পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব
ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরূপ। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে
ওঠে নব আনন্দে, নব উদ্যমে। বৈশাখের আগমনে বেজে উঠে নতুনের জয়গান। ফসলি সন
হিসেবে মোঘল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল,সময়ের সাথে আজ সমগ্র বাঙালির
অসাম্প্রদায়িক চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে।
এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের
আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা। বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়।বাঙালি
সংস্কৃতির বিকাশ,আত্মনিয়ন্ত্রণ ও মুক্তিসাধনায় পহেলা বৈশাখ এক অবিনাশী শক্তি।
বাংলাদেশের অভ্যুদয় ও গণতান্ত্রিক বিকাশে সংস্কৃতির এই শক্তি রাজনৈতিকতন্ত্রের
চেতনাকে দৃঢ় ও বেগবান করে।
"পহেলা বৈশাখ আমাদেরকে উদার হতে শিক্ষা দেয় এবং একটি আদর্শ জাতিকে মানব সমাজের অনুপ্রাণিত হয়ে
বিশ্বমানবের সঙ্গে মিশে যাওয়ার শক্তি জোগায়। এই উদারনৈতিক চেতনাকে ধারণ করে
বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন, বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শ এবং রাষ্ট্রভাষা চেতনার
বহ্নিশিখা অন্তরে ধারণ করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত, সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ
বিনির্মাণ হোক আজকের দিনে সকলের অঙ্গীকার।"
ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলে মিলে নাচ-গান, শোভাযাত্রা,
আনন্দ-উৎসব, হরেক রকম খাবার ও বাহারি সাজে বৈশাখকে বরণ করে নেয় উৎসবপ্রেমী বাঙালি
জাতি। নতুন বছরে যাত্রাপালা, পুতুলনাচ, লোকসংগীত, গ্রামীণ খেলাধুলা, মেলাসহ
নানাবিধ বর্ণিল আয়োজন মানুষের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ ও সম্প্রীতির নতুন
বার্তা।
রাষ্ট্রপতি প্রত্যাশা - সকল অশুভ ও অসুন্দরের ওপর সত্য ও
সুন্দরের জয় হোক। ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর হোক, নতুন বছর জাতীয় ও ব্যক্তিজীবনে
নিয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।
মন্তব্য করুন


নীলফামারীর
সৈয়দপুরের শহীদ তুলশিরাম সড়কে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি শাখার ভল্ট থেকে ৪৩ কোটি
টাকা গায়েব হয়ে গেছে। গত দুই বছর ধরে টাকাগুলো সরানো হয়েছে। যা আত্মসাতের অভিযোগ উঠেছে
ব্যাংকটির ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা আলিমুল আল রাজি তমালের বিরুদ্ধে। বর্তমানে তিনি
পলাতক।
ব্যাংকটির
আভ্যন্তরীণ নিরীক্ষা চলাকালে জালজালিয়াতি, প্রতারণা ও অর্থআত্মসাতের বিষয়টি উদঘাটিত
হয়। ওই তদন্ত পরিচালনা করেন ব্যাংকটির হেড অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী
রহমান।
তিনি
নিরীক্ষা দলের প্রধান। সাত সদস্য বিশিষ্ট তদন্ত দলের অন্য সদস্যরা হচ্ছেন সিনিয়র প্রিন্সিপাল
অফিসার (এসপিও) আনোয়ারুজ্জামান, এসপিও খালেদ মুহাম্মদ সাইফুদ্দিন, প্রিন্সিপাল অফিসার
কাজী মো. সোলায়মান হোসেন, প্রিন্সিপাল অফিসার দেবাশীষ মল্লিক, প্রিন্সিপাল অফিসার মো.
ইকবাল কবীর ও প্রিন্সিপাল অফিসার একেএম ফজলুল করিম। তদন্ত প্রতিবেদন গত ১৫ ফেব্রুয়ারি
রংপুরে অগ্রণী ব্যাংক পিএলসি মহাব্যবস্থাপকের কার্যালয়ে দেওয়া হয়।
প্রতিবেদন
থেকে জানা যায়, গত দুই বছর ধরে অগ্রণী ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখা থেকে ৪৩ কোটি সরানো
হয়। এর মধ্যে ১৫ কোটি সরানো হয়েছিল ব্যাংকটির
রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকার ইসলামী ব্যাংকিং শাখা থেকে। ওই শাখার ব্যবস্থাপক
আব্দুল লতিফের অ্যাকাউন্টেও পাঠানো হয়েছে ৪৫ লাখ টাকা।
তবে
ওই ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক আব্দুল লতিফ বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তা আলিমুল আল
রাজি তমালের কাছে আমি ৪৫ লাখ টাকা পেতাম। ওই টাকা তিনি পরিশোধ করেছেন। টাকা আত্মসাতের
বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি আরও বলেন,
বিষয়টি তদন্তাধীন, তাই এ বিষয়ে মন্তব্য করতে চাই না।
নিরীক্ষা
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জ্যেষ্ঠ কর্মকর্তা আলিমুল আল রাজি তমাল ব্যাংকের কয়েকজন
সহকর্মীর অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট খুলে এসব টাকা
আত্মসাৎ করেন। যা চলছিল ২০২৪ সাল থেকে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিবেদনের
সূত্র ধরে ব্যাংকের সৈয়দপুর শাখার কয়েকজন কর্মকর্তা ও কর্মচরীর সঙ্গে কথা হয়। নাম প্রকাশ
না করর শর্তে তারা বলেন, এ ঘটনায় জ্যেষ্ঠ কর্মকর্তা আলিমুল আল রাজি তমাল একা দায়ী নন।
তার সঙ্গে অনেকের সংশ্লিষ্টতা রয়েছে। এ নিয়ে আরও গভীর তদন্ত প্রয়োজন।
অগ্রণী
ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, আইটি বিভাগের গাফিলতির কারণে
এমন ঘটনা ঘটেছে। তবে দীর্ঘ সময় ধরে চলা টাকা অপসারণের ঘটনায় কে তার নজরে আসেনি বলে
এড়িয়ে যান।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় অটোরিকশা চালক মাঈন উদ্দিন (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি রফিককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখ সকালে বুড়িচং থানাধীন ষোলনল ইউনিয়নের ভান্তি এলাকায় গোমতী বেড়িবাঁধের সুইচগেটের পশ্চিম পাশে মাঈন উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে জানা যায়, নিহত মাঈন উদ্দিন ১৫ নভেম্বর বিকাল ৫টার দিকে সাতরা চম্পকনগর এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১১ জানতে পারে, হত্যাকাণ্ডের মূল আসামি মোঃ রফিক (৪০) কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় আত্মগোপনে রয়েছে। পরে ১৫ ডিসেম্বর দুপুরে কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রফিক (৪০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মাঠের হাট এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে। সে জানায়, ১৫ নভেম্বর রাতে অটোরিকশা চালানোর সময় সে ও তার সহযোগীরা মাঈন উদ্দিনের পথরোধ করে দুই হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে তারা অটোরিকশা থেকে পাঁচটি ব্যাটারি নিয়ে পালিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


নরসিংদীতে
আলোচিত (১৫) বছর বয়সী কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য
দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন সৎপিতা আশরাফ আলী। আজ শনিবার (৭ মার্চ) দুপুরে পুলিশ
সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আব্দুলাহ আল-ফারুক।
এর
আগে গত বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মাধবদী থেকে সন্দেহের তালিকায় থাকা সৎ পিতা আশরাফ
আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সৎ
মেয়েকে একাই গলাটিপে হত্যা এবং ধর্ষক নূর মোহাম্মদ নূরাসহ অন্যান্যদের ফাঁসানোর চেষ্টায়
মিথ্যা নাটকের কথা জানায়।
এসময়
পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক আরো জানায়, ১০ ফেব্রুয়ারী নূর মোহাম্মদ নূরাসহ একাধিক
আসামী আমেনাকে গণধর্ষণ করে। এরই প্রেক্ষিতে স্থানীয় সাবেক মেম্বারের বিচার কার্যসহ
নানা কারণেই সৎ মেয়ের উপর ক্ষিপ্ত হওয়ার কথা জানায় আশরাফ আলী।
পরবর্তীতে
মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে অপমান থেকে মুক্তি পাবার আশায় মেয়েটিকে পরিকল্পিতভাবে
জনৈক সুমনের বাড়িতে রেখে আসার কথা বলে একটি সরিষা ক্ষেতের ধারে পৌছে একাই গলায় চেপে
ধরে ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মেয়েটিকে। এসময় নিজেকে বাঁচাতে পরিকল্পনার
অংশ হিসেবে নূরাসহ অন্যান্যদের উপর দায় চাপানোর মিথ্যা নাটক সাজায়।
গত
২৫ ফেব্রুয়ারি সকালে মাধবদীর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো
অবস্থায় আলোচিত কিশোরী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত আমেনার মা
ফাহিমা বেগম বাদী হয়ে নূরাকে প্রধান করে ৯জনের নামে মামলা দায়ের করেন। আলোচিত এই ঘটনায়
মোট ৮ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পহেলা মার্চ ৭ আসামীকে ৮ দিনেন রিমান্ড মঞ্জুর
করে আদালত। তাদের জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করলেও হত্যার রহস্য উদঘাটন করতে
বাবার উপর নজরদারি করে গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেপ্তারের পর মেলে এই চাঞ্চল্যকর তথ্য।
মন্তব্য করুন


জাতীয় নাগরিক
পার্টিতে (এনসিপি) যোগ দিলেন জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তীকালীন
সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাকে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন
পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে।
আজ সোমবার (২৯
ডিসেম্বর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় আসিফ মাহমুদ ও দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত
ছিলেন।
সংবাদ সম্মেলনে
নাহিদ ইসলাম বলেন, ‘আজকের দিনটি এনসিপির রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও অন্যতম কাণ্ডারি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ
আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করলেন। আমরা আশা করবো তার সাথে আমাদের পথচলা পুরোনো
দিনগুলোর মতোই সামনের দিনগুলোতে আমাদের যে লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।’
তিনি বলেন,
আমাদের (এনসিপি) রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায় (অনলাইনে অনুষ্ঠিত) আসিফ মাহমুদকে
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। এনসিপি নির্বাচনী যাত্রায়
পুরোপুরি ঢুকে পড়েছে।
বক্তব্যে আসিফ
মাহমুদ বলেন, ‘এই সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা ও রাখা সমানভাবে
গুরত্বপূর্ণ। এই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের জন্য এ নির্বাচনকে কেন্দ্র
করে আবারও সুযোগ এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সে জায়গা থেকে আমি আজ এনিসিপিতে যোগদান করেছি।’
মন্তব্য করুন