

সংসার
ও সন্তানের দায়িত্ব সামলে দীর্ঘ ১৫ বছর পর আবারও পড়াশোনায় ফিরে অনন্য দৃষ্টান্ত স্থাপন
করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রীতি খাতুন। অদম্য ইচ্ছাশক্তি ও নিরলস অধ্যবসায়ে
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন নশিরপুর গ্রামের
এই গৃহিণী।
রীতির
এ সাফল্যে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। দীর্ঘ বিরতির
পর এমন গৌরবোজ্জ্বল ফল অর্জনকে তিনি নিজের জীবনের এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন।
স্থানীয়
সূত্রে জানা যায়, এসএসসি পাসের পর পারিবারিক নানা কারণে পড়াশোনায় ছেদ পড়ে রীতির। পরবর্তীতে
বিয়ে, সংসারের দায়িত্ব সামলানো এবং কন্যাসন্তানের লালন-পালনে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
এত ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন রীতি।
স্বামীর
অকৃত্রিম উৎসাহ ও সহযোগিতায় দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও বই-খাতা হাতে তুলে নেন তিনি।
এরপর নিয়মিত সংসারের কাজ সামলানোর পাশাপাশি চালিয়ে যান পড়াশোনা এবং অংশ নেন এইচএসসি
পরীক্ষায়। ফল প্রকাশের পর রীতি ও তার পরিবারের মাঝে আনন্দের পরিবেশ তৈরি হয়।
স্থানীয়দের
মতে, রীতির এই অর্জন সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি উচ্চশিক্ষা চালিয়ে যেতে আগ্রহী
নারীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
তাদের
মতে, বয়স কিংবা দীর্ঘ শিক্ষা বিরতি কখনোই স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। সঠিক
ইচ্ছাশক্তি, কঠোর অধ্যবসায় এবং পরিবারের সহযোগিতা থাকলে যেকোনো বয়সে নতুন করে জীবন
শুরু করে সফল হওয়া সম্ভব।
মন্তব্য করুন