

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার খিলা সড়কের নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মৌকরা ইউনিয়নের কেশতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ী আহসান হাবিব মজুমদার (৫২) ও উপজেলার পেড়িয়া ইউনিয়নের পেড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আবু জাফরের ছেলে হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮)।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, আহসান হাবিব পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারের নিজের জুয়েলারি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে নাঙ্গলকোট-খিলা সড়ক দিয়ে গ্রামের বাড়ি আসছিলেন। নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহসান হাবিবকে উদ্ধার করে কুমিল্লা বেসরকারি মেডিকেল সেন্টার এবং আরিফুর রহমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে দুজন নিহতের কথা শুনেছি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।
মন্তব্য করুন


কুমিল্লা
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের টমছম ব্রিজ
ও ইপিজেড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা
হয়েছে।
আজ
বুধবার (৬ নভেম্বর) অভিযানে ৪টি দোকানের বিরুদ্ধে ৪টি মামলায় মোট ২০,০০০ টাকা জরিমানা
আদায় করা হয় এবং এ সময় প্রায় ৩৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
মোবাইল
কোর্টে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।
প্রসিকিউশন
প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন। অভিযানে
সহযোগিতা করেন হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।
এই
অভিযানের মাধ্যমে নিষিদ্ধ পলিথিনের ব্যবহারের বিরোধিতা করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানিয়েছে
জেলা প্রশাসন।
মন্তব্য করুন


কুমিল্লা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে যুব র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে র্যালীটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়।
র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা, কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা পুলিশের অধঃস্তন কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় কনস্টেবল হতে নায়েক/এটিএসআই এবং নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতির জন্য অংশগ্রহণকারীরা নির্ধারিত নিয়মে প্রশিক্ষণ পরীক্ষা দেন।
পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সঙ্গে পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন করেন এবং শৃঙ্খলা ও দক্ষতা যাচাই করেন।এ সময় বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুমিল্লা রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কুমিল্লা পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ব্রাহ্মণবাড়িয়া আবু সাঈদ মোঃ গাওছাল আজম (পিপিএম) এবং কুমিল্লা পুলিশ লাইন্সের আরআই মোঃ ফরিদুজ্জোহা।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। আইন মেনেই সব প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’
শনিবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের প্রতিজ্ঞা— আমরা আইনের বাইরে গিয়ে কিছু করব না। আইনের শাসন মেনেই চলতে হবে। অতীতে যা ঘটেছে, তা নতুন করে পরিবর্তন করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমার মেয়াদকালে আইন মেনে প্রকল্প বাস্তবায়নই প্রাধান্য পাবে।’
সভায় কুমিল্লায় গণপূর্ত বিভাগের অধীনে নির্মাণাধীন স্থাপনা, নতুন প্রকল্প ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ব্যবস্থা, অগ্রাধিকার ভিত্তিতে থানাভবন নির্মাণ, কুমিল্লা কারাগারের উন্নয়নসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
জাকারিয়া তাহের সুমন বলেন, ‘অপব্যয় রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিগত সময়ে নেওয়া স্থগিত বা বন্ধ থাকা প্রকল্পগুলো প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে পুনরায় চালু করা হবে।’
এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিটি করপোরেশনের প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন জেলার ঊর্ধ্বতন দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মন্তব্য করুন


নিজস্ব প্রতিবেদন:
কুমিল্লার সুপরিচিত সমাজসেবক ও দক্ষিণ চর্থার স্থায়ী বাসিন্দা মো. আবুল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ।
কুমিল্লা প্রেস ক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,দৈনিক আজকের জীবনের কুমিল্লা জেলা প্রতিনিধি নেকবর হোসেনের বাবা মরহুম আবুল হোসেন ২০১৩ সালের ৩০শে নভেম্বর ৬৪ বছর বয়সে হঠাৎ করেই দুনিয়ার মায়া ছাড়েন। পরিবারের ভাষ্য মতে, মৃত্যুর সময় তিনি কোনো কষ্ট পাননি, কাউকেও কষ্ট দিয়ে যাননি—যা তাঁর সৎ, সরল ও শান্ত জীবনযাপনেরই প্রতিফলন।
জীবদ্দশায় তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা এলাকায় শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে গেছেন। একজন ব্যবসায়ী হিসেবে তিনি নিজ কর্মজীবনে সততার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং অবসর সময় সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতেন। তাঁর সাদামাটা জীবনযাপন ও মানুষের প্রতি ভালোবাসা আজও এলাকাবাসীর মনে গভীরভাবে জায়গা করে রেখেছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার দক্ষিণ চর্থা এলাকার বিভিন্ন মসজিদ ও মাদরাসায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। পাশাপাশি তিনটি এতিমখানার ছাত্রদের জন্য দুপুরের খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে সমাজসেবামূলক সংগঠন ‘মুভ ফর চেঞ্জ ফাউন্ডেশন’ এবং রক্তের বাঁধনে চর্থাবাসীর উদ্যোগে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে।
প্রয়াত মো. আবুল হোসেনের রূহের মাগফিরাত কামনায় পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তাঁর রেখে যাওয়া সৎ পথের দৃষ্টান্ত ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মন্তব্য করুন


কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে
রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) বিশুদ্ধ খাদ্য
আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করার জন্য
এ পরোয়ানা জারি করা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত
খাদ্য পরিদর্শক মো: কামরুল হোসেন জানান, ব্লু ড্রিংয়ের কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ
প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়। সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা জারি করা হয়েছে।
জানা গেছে, রাফসানের এই প্রতিষ্ঠানটির
নাম মেসার্স ড্রিংকব্লু বেভারেজ। এটি কুমিল্লার বিসিক শিল্প নগরীতে অবস্থিত। প্রতিষ্ঠানটি
মোড়কজাতকরণ নিবন্ধন না নিয়ে তাদের উৎপাদিত ‘ইলেক্ট্রোলাইট ড্রিংক’ পণ্য প্রস্তুত করে আসছিল। কারখানাটিতে
কোনো পরিমাপ যন্ত্রও ছিল না। যার ফলে এখানে হাতে করে ড্রিংকসগুলো বোতলজাতকরণ করা হচ্ছিল।
এ সময় নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’ এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড
করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানটি পরিচালনা করেন কুমিল্লার নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব
পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)
এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম)।
মন্তব্য করুন


অন্তর্বর্তীকালীন সরকার
গঠনের পর সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় ৫৯৩টি থানার কার্যক্রম চালু হয়েছে। তারই
ধারাবাহিকতায় সেনাবাহিনীর সহযোগিতার চলছে বুড়িচং থানার কার্যক্রমও ।
রবিবার (১১ আগস্ট)
বিকেলে বুড়িচং থানা পরিদর্শন করেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার দায়িত্বে থাকা
৩৮/বীর এর উপ-অধিনায়ক মেজর নাজিউর রহমান এবং থানাতে আসা সেবাগ্রহীতাদের সমস্যা ওসি
নিজে শুনেন এবং তাদের সেবা দিতে সার্বিক সহযোগিতা করেন।
মেজর নাজিউর রহমান এর বুড়িচং
থানা পরিদর্শন নিয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার বলেন, আমার
থানার সকল পুলিশ সদস্য উপস্থিত আছেন। তারমধ্যে ২জন অফিসিয়াল ছুটিতে আছে।
সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও থানাতে ১৫ জন আনসার
সদস্য এখানে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের আইনি সহায়তার কাজ ও
চলবে।
মন্তব্য করুন


কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ২০ দিন পর মাটি খুঁড়ে মেহেদী হাসান (১৮) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানার সহযোগীতায় নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকা থেকে মাথার খুলি ও হাড়গোর উদ্ধার করে কুমিল্লা সিআইডি পুলিশের একটি বিশেষ টিম। নিহত মেহেদী হাসান বাঙ্গরা বাজার থানার দীঘিরপাড় গ্রামের মৃত মোস্তফা’র ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলো।
গত ১১ আগস্ট রাতে মেহেদী হাসান বাঙ্গরা বাজার থেকে তার অটোরিকশায় ভাড়া নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার সময় অটোরিক্সাসহ নিখোঁজ হন। নিখোঁজের পর দিন পরিবারের পক্ষ থেকে বাঙ্গরা বাজার থানায় একটি জিডি করা হয়।
মন্তব্য করুন


তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
কুমিল্লার চান্দিনায় থেমে থাকা বাসের পেছনে ধাক্কা দেয় নিয়ন্ত্রণহীন অপর একটি বাস। এতে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হেলাল (২২) নামে এক বাস হেলপার।
আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চান্দিনা-বাগুর বাস স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত বাসের হেলপার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার স্থানীয় পরিবহন (পাপিয়া সার্ভিস) বাসের হেলপার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা পাপিয়া সার্ভিসের একটি বাস চান্দিনা-বাগুর বাস স্টেশনে থেমে যাত্রী ওঠা-নামা করছিল। ওই গাড়ির হেলপার বাসের সামনে দাঁড়িয়ে যাত্রী ডেকে গাড়িতে তুলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আল-বারাকা নামের একটি বাস ব্রেক ফেল করে একটি রিকশা ভ্যানকে দুমড়েমুচড়ে পাপিয়া বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় ওই বাসটিও সামনের অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই বাসের চাপায় ঘটনাস্থলেই বাস হেলপার নিহত হন। এ ঘটনায় ভ্যানচালক বা কোনো গাড়ির যাত্রী হতাহত হয়নি।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- আলবারাকা পরিবহনের বাসটি ব্রেক ফেল করে এ দুর্ঘটনা ঘটিয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি বাসই আমরা উদ্ধার করে হেফাজতে নিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় প্রভা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। প্রভা জেলার বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে উপজেলার ইছাপুরা গ্রামের কাতার প্রবাসী মোস্তফা কামালের মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার কুমিল্লা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে প্রভা ফেল করার খবর পেয়ে নিজ ঘরে বিকালের দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের দাদা সাংবাদিকদের জানান, পরীক্ষার ফেল করায় তার নাতিন প্রভা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ খবর প্রবাসে তার বাবা জাহাঙ্গীর আলম জানতে পেরে সে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, বিষয়টি আত্মহত্যা বলে জানা গেছে। ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, ঘটনাটি বড়ই দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন