

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
শিশুদের
খাদ্যপণ্য চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপসে ক্ষতিকর কাপড়ের রং
(ইন্ডাস্ট্রিয়াল ডাই) এবং সিঁদুরের রং ব্যবহারের দায়ে কুমিল্লার বুড়িচংয়ে একটি খাদ্য
উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ইচ্ছেমতো পরীক্ষার
মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের অভিযোগে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক
সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার
(২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বুড়িচং উপজেলার বুড়িচং বাজার
এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের
যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে
খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার
সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এস.এ. ফুড প্রডাক্টস (মুসলিম ফুড) প্রতিষ্ঠানকে ৯০ হাজার
টাকা জরিমানা করা হয়।
এছাড়া
বিভিন্ন পরীক্ষার ইচ্ছেমতো মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের অভিযোগে
আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে
প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং সংশোধনের
সুযোগ দেওয়া হয়।
অভিযানে
নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার
মিয়া। সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, ক্যাব কুমিল্লার সভাপতি আনোয়ার
হোসেন চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশের একটি দল, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নিরাপদ
খাদ্যের স্যাম্পল কালেক্টর মো. সাকিব।
অভিযানে
মোট দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিরাপদ
খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে
জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন