

কুমিল্লা প্রতিনিধি:
কিশোর-কিশোরীদের মধ্যে এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সংক্রমণ প্রতিরোধ এবং মাদকাসক্তির ভয়াবহতা সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দিতে কুমিল্লা হাই স্কুলে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) কুমিল্লা নগরীর মোগলটুলীতে অবস্থিত কুমিল্লা হাই স্কুলে মাধ্যমিক পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) আয়োজিত এ কর্মসূচিতে অর্থায়নে ছিল ফোকাস প্রজেক্ট, আইপিপিএফ এবং সহযোগিতায় ছিল কুমিল্লা হাই স্কুল।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাসুম হাসান। কুমিল্লার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, কুমিল্লা হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মুজাহিদ চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক জনাব বজলুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক সভাপতি (DAB) ডা. মিনহাজুর রহমান তারেক,
কুমিল্লা শিক্ষা বোর্ডের, কলেজ পরিদর্শক-অধ্যাপক শিপন মিঞা, আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জের মেডিকেল অফিসার ডা. মো. রবিউল হোসেন পাটোয়ারী (রবি), ডা. কাঁদিরুল কাউসার আলামিন, ডা. নাজমুল হাসান, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডাঃ হাফিজুর রহমান তুহিন সহ আরও অনেকে।
এ ছাড়া পিএসটিসির পক্ষ থেকে টেকনিক্যাল স্পেশালিস্ট জনাব নাকিব হোসাইন ভূঁইয়া, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএসটিসির সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মাসুদ রানা।
আলোচনায় বক্তারা বলেন, কৈশোর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি পর্যায়। এ সময়ে সঠিক তথ্য, সচেতনতা ও ইতিবাচক দিকনির্দেশনার অভাবে কিশোর-কিশোরীরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক সমস্যার মুখোমুখি হতে পারে। বিশেষ করে এইচআইভি/এইডস সংক্রমণের কারণ, সংক্রমণের পথ ও প্রতিরোধের উপায় সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং এ বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা জরুরি। পাশাপাশি এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য ও নেতিবাচক মনোভাব পরিহারে শিক্ষার্থীদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, মাদকাসক্তি বর্তমান কিশোর সমাজের অন্যতম উদ্বেগজনক সমস্যা। মাদকের ক্ষতিকর প্রভাব শুধু ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা পারিবারিক বন্ধন, শিক্ষাজীবন ও সামাজিক পরিবেশকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই কিশোর বয়স থেকেই মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকা এবং সুস্থ, নিরাপদ ও দায়িত্বশীল জীবনযাপনে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
ক্যাম্পেইনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় তারা এইচআইভি/এইডস, সংক্রমণ প্রতিরোধ, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের জানার আগ্রহ প্রকাশ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ভুল ধারণা ও সামাজিক বৈষম্য দূরীকরণ এবং একটি সুস্থ, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
মন্তব্য করুন