

বাংলাদেশ
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর
শুনে তার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ
বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি
জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথমে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া
হয়। পরে প্রধানমন্ত্রীর আগ্রহের প্রেক্ষিতে তার সঙ্গে সরাসরি ফোনালাপের ব্যবস্থা করা
হয়। ফোনে তারা কুশল বিনিময় করেন।
গোলাম
পরওয়ার আরও জানান, আলাপকালে জামায়াত আমির প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দেন। তিনি
প্রধানমন্ত্রীকে সপরিবারে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। দাওয়াতপত্র গ্রহণ করেছেন
বলেও জানান তিনি।
উল্লেখ্য,
মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা
ছিল ডা. শফিকুর রহমানের। তবে যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার কর্মসূচি স্থগিত করা
হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
মন্তব্য করুন


দেশের ৩টি বিভাগে বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আভাসও রয়েছে।
মঙ্গলবার (১১ জুন) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বুধবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
খুলনা বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, আপাতত বন্যার্ত মানুষকে বাঁচানোই আমাদের প্রধান কাজ। তাদের চিকিৎসা সেবা দেওয়া, ক্ষুধার অন্ন জোগানো, শিশু ও নারীসহ সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া; এটায় এখন আমাদের প্রধান কাজ।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে নোয়াখালী সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক-ই-আজম এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এখানে জনসম্পৃক্ততা যেটা হয়েছে, তাদের সাথে সমন্বয় করবেন। এ সমন্বয় যেন কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীসহ সকল স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের মধ্যে যদি মতদ্বৈততা হয়, আপনারা আলোচনার টেবিলে বসবেন। তরুণরা এই বন্যায় এগিয়ে এসেছে। আমাদের রিসোর্সেরও অভাব নেই। অনেক প্রতিষ্ঠান আছে তারাও কাজ করতে আগ্রহী। অনেক প্রতিষ্ঠান আসছে দেশের ও দেশের বাইরের।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত আনোয়ার, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিজয়া সেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
মন্তব্য করুন


দল-মত-ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে
সবাই যেন ঐক্যবদ্ধ থাকে সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে
ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয়
অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের
ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ কয়েকজন উপদেষ্টা বৈঠকে ছিলেন। তাদের
সঙ্গে বিদ্যমান পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে। দেশ কীভাবে শান্তিশৃঙ্খলার মধ্য দিয়ে
আগামীতে একটা কার্যকর নির্বাচনের দিকে এগোতে পারে, সে বিষয়ে কথা হয়েছে।
তিনি বলেন, জাতি-ধর্ম, দল-মত নির্বিশেষে
এ দেশ আমাদের সবার। সবাই মিলেমিশে জাতীয় ঐক্য আরও কীভাবে সংহত করা যায়, প্রশাসনকে আরও কীভাবে গুছিয়ে আনা যায়, এসব বিষয়ে
আলোচনা হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেটাতে মানুষের কষ্ট হচ্ছে, সেটাকে
লাঘব করার বিষয়ে আলোচনা হয়েছে। আগামীতে রমজান মাস আসছে, এটাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা
যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেসব নিয়েও কথা হয়েছে। আমরা পরামর্শ করেছি।
পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনেক আলোচনা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু
বিষয় নিয়ে আলাপ হয়েছে। এসব আলোচনায় আমরা একমত হয়েছি যে—দেশবাসীকে সঙ্গে নিয়েই দেশকে সামনে
এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে,
তাদের আইনের আওতায় আনতে হবে। এর মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে। এরজন্য
প্রয়োজন সর্বোত জাতীয় ঐক্য। দল-মত-ধর্মের ভিন্নতা থাকতে পারে, তবে জাতীয় স্বার্থে আমরা
যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনাদের মাধ্যমে আমরা সে আহ্বান জানাই। আমরা বৈঠকেও এ কথা
বলেছি।
ডা. শফিকুর রহমান বলেন, ন্যূনতম যে
সংস্কার দরকার, সেটা দ্রুত করে তারপর নির্বাচন আয়োজনের কথা বলে এসেছি আমরা।
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত
ছিলেন, দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম এবং
নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রীর
বিদেশ সফর ও স্বদেশে প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে অনুসরণীয় রাষ্ট্রাচারে পরিবর্তন
আনা হয়েছে।
প্রধানমন্ত্রীর
বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময় অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠি
অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় মাত্র চারজন কর্মকর্তাকে
বিমানবন্দরে থাকতে হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম
একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর
মুখ্য সচিব।
এ
পরিবর্তনের মাধ্যমে পূর্ববর্তী বিস্তৃত প্রটোকল ব্যবস্থা সংক্ষিপ্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা
মনে করছেন।
এর
আগে, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিদেশযাত্রা ও ফেরার সময় বিমানবন্দরে রাষ্ট্রাচার
নিয়ে নির্দেশনা জারি করে অন্তর্বর্তী সরকার। এখন ওই নির্দেশনা বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন


কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচি জানিয়েছেন কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে ।
সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনো অব্যাহত আছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার তাই শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়। ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান আছে। এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন।
পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।
সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচি বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কারসহ সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব উপায়ে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন।
তিনি বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের ওপর জোর দেন।
লুইস ফ্রান্সেচি বলেন, তারা সব সময় বাংলাদেশের পাশে আছে এবং তারা শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে।
এ বিষয়ে কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
দেশের স্বার্থরক্ষা হয় এমন যেকোনো কাজ করতে অন্তবর্তী সরকার প্রস্তুত বলেও উপদেষ্টা মন্তব্য করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসান, কমনওয়েলথের অ্যাডভাইজার অ্যান্ড হেড অব এশিয়া ড. দিনুসা নিহারাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় ২০২৪-২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তেগুরিয়া প্রদর্শনী মাঠে এ মাঠ দিবস করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি উপ-সহকারী কর্মকর্তা ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সাইফুল হাসান আলামিন। মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো.মাসুদ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মানসুরা আক্তার,বিতারা ইউনিয়ন পশ্চিম ছাত্রদলের আহবায়ক দেলোয়ার পাটোয়ারী, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম সরকার , কৃষক আবদুর ছাত্তার প্রমুখ।
এসময় কৃষক-কৃষানী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কৃষকের সরিষার মাঠ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে পরামর্শ দেন।
মন্তব্য করুন


স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব
ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বলেন, বিগত সময়ে বাজেট বরাদ্দে অসম
বণ্টন হতো রাজনৈতিক প্রতিহিংসার কারণে। বিশেষ করে উত্তরবঙ্গের মতো অঞ্চলগুলো বারবার
বঞ্চিত হতো। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় সুষম বাজেট বণ্টনের মাধ্যমে সেই বৈষম্য দূর
করেছে। বঞ্চিত এলাকাগুলোর দীর্ঘদিনের সমস্যা নিরসনে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন
বরাদ্দ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে
যোগ দিতে নেতাকর্মীদের ঢল নেমেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার
পর থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন।
এদিন দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয়
কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হওয়ার কথা ছিলো। তবে দুপুর দুইটার সময় অনুষ্ঠানিকভাবে
শুরু হয়নি।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কাকরাইল,
নাইটিংগেল মোড়, মৎস্যভবন, পল্টন, ফকিরাপুল, আরামবাগে নেতাকর্মীরা মিছিল করছেন। তারা
বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীদের
মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য
দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে থাকবেন দলটির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্তব্য করুন


দীর্ঘদিন
পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে
ধানের শীষের প্রার্থী তারেক রহমান।
আজ
বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৯টার পর রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড
কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে দৃঢ়
আশাবাদ ব্যক্ত করেন।
তারেক
রহমান বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা
করছিলেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে
একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।
সারা
দেশ থেকে গত রাতে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী কঠোরভাবে সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, যা তার কাছে আশাব্যঞ্জক
বলে মনে হয়েছে।
তিনি
ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়ে বলেন,
মানুষ যদি সারাদিন ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করেন, তাহলে ইনশাআল্লাহ যে
কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।
নির্বাচনের
ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান দৃঢ়তার সঙ্গে বলেন, তিনি এবং তার দল জয়ের ব্যাপারে
আশাবাদী।
নির্বাচনে
বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার
দেওয়ার কথা জানান। তার ভাষায়, সাধারণ মানুষ যাতে দেশে নিরাপদ বোধ করেন, সেটিই হবে আমাদের
প্রধান লক্ষ্য।
নারীর
অংশগ্রহণ ও ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের
মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী ইশতেহার
অনুযায়ী নারীর যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়নের কাজ প্রথম দিন থেকেই শুরু করা হবে।
ভোটের
পরিবেশ কেমন দেখছেন বা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা—এমন
প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই মন্তব্য করা সমীচীন হবে না। আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ
করার পর হয়তো বলতে পারব।
সবাইকে
সঙ্গে নিয়ে একটি সুন্দর ও স্থিতিশীল আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান।
মন্তব্য করুন


বান্দরবানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহম্মদ রশিদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।
১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বান্দরবান-কেরানীহাট সড়কের টিটিসি এলাকায়।
বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আহম্মদ রশিদ। আহত আবুল হাশেম (৩০) ও জয়নাল (৩৮) একই এলাকার বাসিন্দা।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার সাইদুর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আহমেদ রশিদ, জয়নাল ও আবুল হাশেম নামে ৩ জনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে তাদের মধ্যে আহম্মদ রশিদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল।
মন্তব্য করুন