

সাভার
মডেল থানার অদূরে, সাভার প্রেসক্লাবের পাশেই অবস্থিত একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে
গত সাত মাসে সংঘটিত হয়েছে একের পর এক ভয়াবহ হত্যাকাণ্ড।
দীর্ঘদিন
অজ্ঞাত থাকা এসব ঘটনার রহস্যের পর্দা নেমে আসে গত রোববার (১৮ জানুয়ারি) জোড়া মরদেহ
উদ্ধারের পর। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য-খুনি কোনো পেশাদার অপরাধী নয়, বরং থানার
আশপাশে ভবঘুরের ছদ্মবেশে ঘোরাফেরা করা এক পরিচিত মুখ।
রোববার
দুপুরে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে আগুনে পোড়া দুটি মরদেহ উদ্ধার
করে পুলিশ। এ ঘটনার পর তদন্ত জোরদার করা হয়। আগের হত্যাকাণ্ডের সময় সংগৃহীত সিসিটিভি
ফুটেজ এবং সাংবাদিকের ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ সূত্র
পান। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি কাঁধে করে মরদেহ বহন করছে-যাকে স্থানীয়রা দীর্ঘদিন
ধরে ভবঘুরে হিসেবেই চিনত।
পরবর্তীতে
অভিযান চালিয়ে পুলিশ আটক করে মশিউর রহমান খান সম্রাটকে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার
ভয়ংকর অপরাধের ধারাবাহিকতা।
দৈনিক
মানবজমিন-এর প্রতিনিধি সোহেল রানা গত শুক্রবার ওই পরিত্যক্ত ভবনে একটি ভিডিও ধারণ করেন।
সেখানে এক নারী নিজেকে ‘সোনিয়া’ বলে পরিচয় দেন এবং তার সঙ্গে সম্রাটকেও
দেখা যায়। মাত্র দুদিন পরই ওই নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার হয়। সিসিটিভি ফুটেজ ও
ভিডিওর দৃশ্য মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়-সম্রাটই এসব হত্যাকাণ্ডের মূল হোতা।
সাভার
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি জানান, সম্রাট একজন মানসিক বিকৃত
বা সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, গত সাত মাসে
একই স্থানে ছয়জনকে হত্যা করেছে। তার টার্গেট ছিল মূলত ভবঘুরে ও অসহায় মানুষজন। প্রতিটি
হত্যাকাণ্ডই ছিল একই ধরনের নৃশংস ও পরিকল্পিত।
ওসি
আরও বলেন, “সে ছদ্মবেশে সাভার ব্যাংক কলোনি ও লালটেক এলাকায় ঘোরাফেরা করত এবং দীর্ঘদিন
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সক্ষম হয়েছিল।”
থানা
থেকে মাত্র শত গজ দূরে, সেনাক্যাম্প ও সরকারি কলেজের কাছাকাছি এলাকায় এমন সিরিয়াল হত্যাকাণ্ডের
ঘটনায় পুরো সাভারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে জানান, “যাকে
প্রতিদিন চুপচাপ বসে থাকতে দেখতাম, কখনো বিড়বিড় করতে দেখতাম-সে যে এমন ভয়ংকর খুনি,
তা কল্পনাও করা যায় না।”
ঢাকা
জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নিহতরা সবাই ভবঘুরে শ্রেণির মানুষ। কেন সম্রাট
এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে জড়িয়েছিল, তার প্রকৃত উদ্দেশ্য ও মানসিক অবস্থার পেছনের
কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য সোমবার তাকে
আদালতে তোলা হবে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।”এই
ঘটনায় এলাকায় চরম নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা
রোধে ওই এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হচ্ছে।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল
সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত এক মাসের
কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এ ছাড়াও আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়েও আলোচনা
করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে
বলে জানা গেছে।
মন্তব্য করুন


রাজবাড়ী
সদর উপজেলার কামালদিয়া ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে
সজীব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক।
রোববার
(১৫ মার্চ) সকাল ৬টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব
নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদত হোসেনের ছেলে। চালকের পরিবর্তে সহকারী সজীব
ট্রাকটি চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী
মতিন শেখ বলেন, নাটোর থেকে আলুবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। চালককে পাশে বসিয়ে
ট্রাকটি চালাচ্ছিলেন সহকারী সজীব। ট্রাকটি কামালদিয়া ব্রিজের ওপর পৌঁছালে চালকের আসনে
থাকা সহকারী সজীব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এতে
ট্রাকটি ব্রিজের ওপর থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক ও আলুর বস্তার নিচে
চাপা পড়ে ঘটনাস্থলেই সহকারী সজীবের মৃত্যু হয় এবং আহত হন চালক।
স্থানীয়রা
চালককে উদ্ধার করলে তিনি জানান, তার সহকারী সজীব ট্রাক চালাচ্ছিলেন। একটি পরিবহনকে
সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহলাদিপুর
হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ নাথ বলেন, নিহত সজীবের লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে
রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে লাশ তাদের কাছে হস্তান্তর
করা হবে। ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হবে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া
হবে।
মন্তব্য করুন


তুরস্কে
সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে অক্সিজেন স্বল্পতায় ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু
হয়েছে। একই ঘটনায় তাদের সঙ্গে থাকা চাচাতো ভাই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন।
বুধবার
(৪ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য
তুরস্কের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে বলে জানা গেছে।
নিহতরা
হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেড্ডা এলাকার মৃত ইয়াকুব মিয়ার ছেলে তারেক মিয়া (৪৫)
ও তার একমাত্র সন্তান সাব্বির (২২)। এছাড়া ফেনী জেলার এক যুবকও এ ঘটনায় মারা গেছেন।
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বিরের চাচাতো ভাই লিটন (২৬)। তাকে
আইসিইউতে নেওয়া হয়েছে।
পরিবার
সূত্রে জানা যায়, তুরস্কের একটি ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে তারা একসঙ্গে বসবাস করতেন।
বুধবার ভোরে সেহেরি খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ওই সময় গ্যাস সিলিন্ডার
থেকে গ্যাস লিক হয়ে কক্ষে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ
হয়ে তারেক মিয়া, সাব্বির ও অপর যুবকের মৃত্যু হয়। পরে লিটনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার
করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর
করা হয়।
জানা
গেছে, তারেক মিয়া প্রায় ১৪ বছর আগে জীবিকার সন্ধানে তুরস্কে পাড়ি জমান। দেড় বছর আগে
তিনি ছেলে সাব্বিরকে সেখানে নিয়ে যান।
সাব্বিরের
খালা লুৎফা বেগম বলেন, হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা বাকরুদ্ধ। পরিবারে শোকের মাতম চলছে।
মরদেহ দেশে আনার বিষয়টি নিয়ে আমরা দিশাহারা। সরকারের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সম্ভব
নয়। সবার কাছে দোয়া চাই।
মন্তব্য করুন


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গত রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। পরে ভুয়া নম্বর প্লেটটি একটি ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে তদন্ত চালিয়ে সিটিটিসি জানতে পারে, মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। পরবর্তীতে এটি শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুলসহ একাধিক ব্যক্তির হাতবদল হয়ে শুভ নামে একজনের কাছে যায়।
তদন্তে আরও জানা যায়, হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়। মোটরসাইকেলটি মোট আটবার হাতবদল হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন রহমত (৪৩), আশিকুজ্জামান (২৫) ও ইমদাদুল ইসলাম (২৭)। তারা সবাই সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার সানাপাড়া গ্রামের বাসিন্দা।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান (পিপিএম) জানান, বেতনা নদী থেকে অবৈধভাবে খনন করা মাটি লুটের অভিযোগে ২৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে কিসমত আলীকে মাটিভর্তি একটি ট্রলিসহ আটক করা হয়। পরে তাকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে সকাল সাড়ে ১১টার দিকে তার স্বজন ও সহযোগীরা ফাঁড়িতে হামলা চালায় এবং জোরপূর্বক তাকে ছিনিয়ে নেয়।হামলার সময় বাধা দিতে গেলে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান আহত হন বলে জানান তিনি।ওসি আরও বলেন, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম)-এর নির্দেশে অভিযানে নেমে তিনজনকে গ্রেপ্তার করা হয়, যারা হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।এর আগে এ ঘটনায় কিসমত আলীসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল।
মন্তব্য করুন


বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ২ হাজার ৫৩৯ জন উত্তীর্ণ হয়েছেন।
বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করে বলা হয়, আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে মোট ২ হাজার ৫৩৯ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে ৩৪৫ জনকে।
উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
প্রথমত, আইনের উপর স্নাতক উত্তীর্ণের পরপরই আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়।
দ্বিতীয়ত, ইন্টিমেশন জমা দেওয়ার পর ছয় মাস অতিক্রম হলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষা দেয়ার সুযোগ পান।
আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।
সবশেষে সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা বার এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।
আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধিদল।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন
পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৈঠকে আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে
জানা গেছে।
এর আগে, রবিবার
রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সোমবার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।সেখানে
নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের নানা বিষয় তারা তুলে ধরবেন।
এর আগে গতকাল
রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারা। তারা সারা দেশে
প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে পক্ষপাতের অভিযোগ করেন।
মন্তব্য করুন


রাজধানী
ঢাকার সকালটা আজ ছিল ধূসর। ঘন কুয়াশায় ঢেকে গেছে জিয়া উদ্যান। প্রকৃতি যেন নিজেই নীরব
শোকে আচ্ছন্ন। কিন্তু সেই নিস্তব্ধতার বুক চিরে একটি জায়গায় ভিড়, আবেগ, ভালোবাসা আর
মানুষের দীর্ঘশ্বাস-বেগম খালেদা জিয়ার কবর।
দাফনের
চার দিন পেরিয়ে গেলেও স্মৃতির টান কমেনি। বরং কুয়াশাকে উপেক্ষা করেই সকাল থেকে মানুষ
ছুটে আসছেন প্রিয় নেত্রীর সমাধিস্থলে। কেউ ফুল হাতে, কেউ শুধু নিঃশব্দ দোয়া নিয়ে।
আজ
সমাধিস্থলে গিয়ে দেখা যায়, রাজধানীর নানা প্রান্ত এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা
থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে আসছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও স্কুল-কলেজের
শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রিয় নেত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।
ফুলে
ঢেকে যাচ্ছে কবরের বেদি। কেউ মাথা নিচু করে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, কেউ চোখ বন্ধ করে
দোয়ায় মগ্ন। পাশের মাইক থেকে ভেসে আসছে পবিত্র কোরানের তিলাওয়াত। সেই ধ্বনি যেন কুয়াশার
মধ্যেও হৃদয়ে পৌঁছে যাচ্ছে।
কবরের
পাশে স্থাপিত ছোট মঞ্চে মাদরাসার ছাত্র ও শিক্ষকরা কোরআন পাঠ করছেন। বাতাসে ভেসে থাকা
সেই আয়াতের সুর পুরো পরিবেশকে আরও ভারী ও আবেগময় করে তুলেছে।
বাংলাদেশ
জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী মঞ্জুরুল ইসলাম বাসসকে বলেন, “খালেদা জিয়া আমাদের কাছে
শুধু রাজনৈতিক নেত্রী নন-তিনি আমাদের বিশ্বাস, সাহস আর ভালোবাসার নাম। তাঁর আদর্শেই
রাজনীতির পথে এসেছি। তাই তাঁর কবরেই বারবার ফিরে আসি।”
রায়েরবাগ
থেকে আসা রাফিউল বাসসকে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন নির্ভেজাল নেত্রী। তিনি
নিজের জন্য কিছু চাননি, বরং আজীবন দেশ, মাটি ও মানুষের কথা বলেছেন। আজ এখানে এসে মনে
হচ্ছে- আমরা আমাদের নেত্রীর কাছে অতি সামান্য হলেও ঋণ শোধ করছি।”
এক
তরুণ কর্মী কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন অনেকক্ষণ নীরবে। তিনি বাসসকে বলেন, “খালেদা জিয়ার
চলে যাওয়া এখনো বিশ্বাস করতে পারি না। যখন বুঝতে শিখেছি, তখন থেকেই তাঁকে দেখে আসছি।
তাঁর বক্তব্য শুনেছি, মিছিলে হেঁটেছি। তাঁর চলে যাওয়া আমাদের জন্য খুবই কষ্টের।”বিএনপির
পাশাপাশি সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।
কুয়াশার
শহরে এই কবর আজ শুধু একটি সমাধি নয়। এটি হয়ে উঠেছে ভালোবাসা, রাজনীতি আর স্মৃতির এক
নীরব মিলনস্থল- যেখানে মানুষ বারবার ফিরে আসে, চোখ ভেজায়, মন হালকা করে।
এই
কবরের পাশে দাঁড়িয়ে কেউ হারানো নেত্রীকে খোঁজে, কেউ নিজের বিশ্বাসকে নতুন করে শক্ত
করে। কেউ আবার সন্তানের হাত ধরে দেখিয়ে দেয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কুয়াশা
যত ঘনই হোক, মানুষের হৃদয়ের এই টানকে ঢেকে রাখতে পারে না। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার
আন্দোলনের আপসহীন নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে গত
৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মন্তব্য করুন


যুব ও ক্রীড়া উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়েছেন আসিফ মাহমুদ। বৃহস্পতিবার বিদায়ী ক্যাবিনেট বৈঠকে অংশ নেওয়ার পর তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন।পোস্টে তিনি লিখেছেন, গত ষোলো মাস তাকে নানাভাবে শেখার সুযোগ করে দিয়েছে। নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন তিনি। বাধা, হুমকি কিংবা চাপ—সবকিছু উপেক্ষা করে কাজে অবিচল থাকার কথাও উল্লেখ করেন।তিনি আরও জানান, আল্লাহর রহমত ও মানুষের সমর্থনে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মূল চেতনায় অটল থাকার চেষ্টা করেছেন। বিভিন্ন উদ্যোগ, কাজ এবং সিদ্ধান্তে প্রশংসা যেমন এসেছে, সমালোচনাও ছিল। তবে মানুষের চোখে যে চূড়ান্ত ফলাফল দেখা যায়, তার পেছনের পরিশ্রম ছিল অনেক বেশি কঠিন—এ কথাও তুলে ধরেন তিনি।
তার ভাষায়, গণ-অভ্যুত্থানের পর নীতিতে স্থির থাকার কারণে বহু প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীর বিরূপতার মুখে পড়তে হয়েছে, ভবিষ্যতেও এর মুখোমুখি হতে হতে পারে। তবুও মানুষের ভালোবাসা, সমর্থন ও আস্থা তাকে শক্তি জোগায়, আর সেই কারণেই এসব ভয় তাকে আর দমাতে পারে না।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী
তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে 'এক অভূতপূর্ব কর্মযজ্ঞ' বলে
বর্ণনা করেছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন।
আজ
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপের
কথা তিনি তুলে ধরেন।
মাহদী
আমিন বলেন, আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি
মুহূর্তে তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করেছেন। এই পদক্ষেপগুলো শুধু
প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন।
প্রতিমন্ত্রী
পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের
দায়িত্বে রয়েছেন।
স্ট্যাটাসে
মাহদী আমিন সরকারের ২৮ দিনে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, এসব পদক্ষেপ সামাজিক
সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের
প্রতিটি অঙ্গনকে আলোকিত করেছে। মাহদী আমিনের ফেসবুক স্ট্যাটাসে লেখা প্রধানমন্ত্রীর
২৮ দিনের ২৮ পদক্ষেপ সমূহ হলো-
সামাজিক
সুরক্ষা ও মানবিক সহায়তা
১.
ফ্যামিলি কার্ড কর্মসূচি: ৩৭,৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে, প্রতিটি
কার্ডে মাসিক ২,৫০০ টাকা সহায়তা। মাত্র ২১ দিনে বাস্তবায়ন, সরকারের মানবিক অগ্রাধিকারের
উদাহরণ।
২.
ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী: ৪,৯০৮ মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ৯৯০ মন্দিরের
পুরোহিত, ১৪৪ বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬ গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাচ্ছেন।
৩.
ঈদে ত্রাণ ও উপহার বিতরণ: নির্বাচনী এলাকার অসহায় ও গরিবদের জন্য শাড়ি, থ্রিপিস ও হাজি
রুমাল বরাদ্দ। সকল পরিচ্ছন্নতা কর্মীর জন্য ঈদ উপহার।
৪.
প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা:ু দরিদ্রদের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রমে
সহায়তার জন্য আলেম মাশায়েখদের সাথে আলোচনার প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা
চালুর উদ্যোগ।
কৃষি
ও গ্রামীণ অর্থনীতি
৫.
কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ: প্রায় ২৭,০০০ কৃষককে বহুলপ্রত্যাশিত কৃষক কার্ড প্রদানের
মাধ্যমে শীঘ্রই কার্যক্রম শুরু, প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ
১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ, নতুন উদ্যমে চাষাবাদে সহায়তা।
৬.
দেশব্যাপী খাল খনন কর্মসূচি: ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খনন, ইতোমধ্যে ৫৪ জেলায়
শুরু। সেচ উন্নত হবে, জলাবদ্ধতা কমবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
প্রশাসনিক
সংস্কার ও সুশাসন
৭.
সাপ্তাহিক অফিস ও অফিস সময়: প্রধানমন্ত্রী শনিবারও অফিস করছেন। কর্মকর্তাদের সকাল ৯টার
মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক।
৮.
ভিভিআইপি প্রটোকল হ্রাস: প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন
পরিবর্তন, জনগণও ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত।
৯.
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত: উপস্থিত থাকবেন একজন জ্যেষ্ঠ মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ
সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
১০.
এমপিদের বিশেষ সুবিধা বাতিল: শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঐতিহাসিক
সিদ্ধান্ত, যার ফলে রাষ্ট্রীয় ব্যয় কমবে, জনগণের আস্থা পুনঃস্থাপিত হবে।
অর্থনীতি
ও বাজার স্থিতিশীলতা
১১.
বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা: রমজান ও ঈদে মূল্যবৃদ্ধি রোধ, বৈশ্বিক জ্বালানি
অস্থিতিশীলতার মাঝেও বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে স্পট এলএনজি ক্রয়।
১২.
বিদেশি বিনিয়োগ সহজীকরণ: ১০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয়
ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া।
১৩.
শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ: সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস
সময়মতো পরিশোধ। পোশাকসহ রপ্তানিমুখী শিল্পে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ।
১৪.
রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু:ু পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীন বন্ধ
কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধি।
১৫.
স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধি: স্বল্প ব্যবহৃত ইকোনমিক জোন, ইপিজেড, বিসিক এলাকা,
হাই-টেক পার্ক ও ইন্ডাস্ট্রি ক্লাস্টারের তালিকা প্রস্তুত করে সেখানে সম্ভাবনাময় ব্যবসা
ও স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইকোসিস্টেম তৈরী শুরু।
শিক্ষা
ও মানবসম্পদ উন্নয়ন
১৬.
পুনর্ভর্তি ফি বাতিল ও লটারী বাতিল:ু প্রতি বছর পুনরায় ভর্তি ফি বাতিল, লটারীর পরিবর্তে
আধুনিক ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকার, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত ।
১৭.
বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা: রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন
ব্যাংক গ্যারান্টি।
১৮.
ধর্মীয় শিক্ষক নিয়োগ: ৯,০০০ শিক্ষক নিয়োগ, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার।
১৯.
ক্রীড়া উন্নয়ন ও নতুন কুঁড়ি কর্মসূচি: শিক্ষা
প্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত, নতুন কুঁড়ি সংস্কৃতি, ক্রীড়া ও কোরআন
তেলাওয়াত উদ্যোগ, উপজেলা পর্যায়ে ৬টি খেলায় ৩ জন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ
শুরু।
স্বাস্থ্য
ও জনকল্যাণ
২০.
ই-হেলথ কার্ড ও চিকিৎসা কেন্দ্র: স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই-হেলথ কার্ড চালু, ১ লাখ স্বাস্থ্যকর্মী
নিয়োগ শুরু যার ৮০ ভাগ হবেন নারী।
২১.
ডেঙ্গু প্রতিরোধ অভিযান: সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান, স্থানীয় প্রশাসন ও কমিউনিটি
সমন্বয়ে কার্যক্রম।
আইনশৃঙ্খলা
ও নিরাপত্তা
২২.
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা: গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
আইনশৃঙ্খলা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার।
২৩.
নারীর নিরাপত্তা ও পিংক বাস: সম্পূর্ণ নারী পরিচালিত পিংক বাস চালুর নির্দেশ, সাইবার
বুলিং প্রতিরোধ।
রাষ্ট্রীয়
শৃঙ্খলা ও মূল্যবোধ
২৪.
রাষ্ট্রীয় ইফতার সীমিতকরণ ও বিদ্যুৎ সাশ্রয়: সরকারি অফিসে অর্ধেক ফ্যান ও এসি, অপচয়
রোধে ইফতার সীমিত।
২৫.
অবৈধ দোকান উচ্ছেদ: কক্সবাজার সুগন্ধা সি বিচে ২০ বছর পরে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং
দেশজুড়ে সমন্বিত উদ্যোগ।
২৬.
শহীদ সেনা দিবস: ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’
ঘোষণা ও পালনের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারে গুরুত্বারোপ।
২৭.
ঢাকা হয়রত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: উচ্চপর্যায়ের সভার মাধ্যমে এবং বহুপাক্ষিক
আলোচনা ও কর্মকৌশল ঠিক করে দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ।
২৮.
বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট: ঢাকা, চট্রগ্রাম ও সিলেটে শাহজালাল, শাহ
আমানত ও এম এ জি ওসমানী বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই ব্যবস্থার নির্দেশ
ও সৈয়দপুর বিমানবন্দরে উদ্বোধন।
স্ট্যাটাসের
শেষ দিকে মাহদী আমিন বলেন, সরকার গঠনের প্রথম ২৮ দিনে নেওয়া পদক্ষেপগুলো তারেক রহমানের
দৃঢ় নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তাঁর নেতৃত্ব
এভাবেই সাধারণ মানুষের আশা ও অনুভূতিকে ধারণ করছে, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন
করছে। অভূতপূর্ব এ পথযাত্রায় নতুন প্রজন্মও দেশের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে,ইনশাআল্লাহ।
তাই তো তিনি (প্রধানমন্ত্রী) বলেন, 'সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।
মন্তব্য করুন