

কুমিল্লায় তরুণ বাইকারদের ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘কুমিল্লা বিভাগ যুব বাইক ফোরাম’ নামে একটি সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে গত ২ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেল ৩টায় কুমিল্লার সর্দার রেস্তোরাঁয় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা খলিলুর রহমানসহ সবুজ, মেহেরাজ, খোকা, আবুল কাশেম, ইউসুফ, ইউনুস, জুয়েল, সজীব,সাকিল এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, সাংগঠনিক কাঠামো গঠন এবং বাইকারদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে দায়িত্বশীল বাইক চালনা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় উদ্যোক্তা ইব্রাহিম খলিল জানান, সংগঠনটির পরবর্তী সভা কুমিল্লা টাউন হল মাঠে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে প্রায় এক হাজার বাইকারের উপস্থিতিতে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সম্ভাব্য কার্যক্রম তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া পরবর্তী সভায় লটারির মাধ্যমে ২০০ জন বাইকারের মধ্যে পুরস্কার বিতরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
উদ্যোক্তারা মনে করেন, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ‘কুমিল্লা বিভাগ যুব বাইক ফোরাম’ একটি সুসংগঠিত বাইকার কমিউনিটি গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক বন্ধন জোরদার এবং সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়াই হবে সংগঠনটির অন্যতম সম্ভাব্য লক্ষ্য।
মন্তব্য করুন