

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল, আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম হাসান। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলাকে সাময়িক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থায়ী প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পরিণত করতে হবে।
সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তিনি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম হাসান বলেন, গত চার বছরে ক্যাম্পাস ও হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য, মানসম্মত চিকিৎসাসেবা এবং উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিচ্ছন্ন ক্যাম্পাস ও হাসপাতাল, উন্নত চিকিৎসাসেবা এবং মানসম্মত একাডেমিক পরিবেশ নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দিয়েছেন।
অধ্যক্ষ বলেন, শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই অঙ্গীকারের প্রমাণ দিতে হবে। সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা, জবাবদিহি ও নিয়মিত তদারকির মাধ্যমে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালকে একটি আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
তিনি জানান, রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর, মানসম্মত ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তোলাই তাঁদের সম্মিলিত লক্ষ্য।
সবার সহযোগিতা কামনা করে অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম হাসান বলেন, সম্মিলিতভাবে কাজের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে অবদান রাখতে হবে। একই সঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালকে একটি গর্বিত ও অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম হাসান
অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ
মন্তব্য করুন