

বরের সামনে বন্দুকের মুখে নববধূকে অপহরণ করার এক চাঞ্চল্যকর
ঘটনা ঘটেছে ভারতের ওড়িশায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথেই প্রাক্তন প্রেমিক
সশস্ত্র অবস্থায় পথরোধ করে কনেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে ওড়িশা রাজ্যের বলাঙ্গির জেলাতে
এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, বলাঙ্গির জেলার বাসিন্দা হরিবন্ধু প্যাটেল
বিয়ের জন্য কান্তামাল এলাকায় যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও পরিবারের সদস্যরা
গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে তারভা রোডের বাদাবান্ধা এলাকার কাছে তাদের গাড়ির গতিরোধ
করা হয়। এ সময় অভিযুক্ত প্রাক্তন প্রেমিক আরও দুই সহযোগীকে সঙ্গে নিয়ে বরকে আগ্নেয়াস্ত্র
দেখিয়ে হুমকি দেয় এবং জোরপূর্বক নববধূকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে পালিয়ে যায়।
অভিযোগে বলা হয়, অস্ত্রের মুখে বর ও তার সঙ্গে থাকা স্বজনরা
অসহায় হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই আটকে থাকেন। পরে বর স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের
করেন।
তারভা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিতা কিডো জানান, বিয়ের
অনুষ্ঠান শেষে ফেরার সময় তিন সশস্ত্র ব্যক্তি তাদের পথরোধ করে। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে
ভয় দেখায় এবং কনেকে অপহরণ করে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং
অপহৃত নারীকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য
ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন


সবকিছু
ঠিক থাকলে ঈদের পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই ঈদুল ফিতরের
শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানটি সেখানে করবেন সরকারপ্রধান। গণপূর্ত অধিদফতর
জানিয়েছে, বড় ধরনের কোনো সংস্কার নয়, চলছে রুটিন কাজ।
আগস্টের
অভ্যুত্থানের সময় গণমানুষ গণভবনের নিয়ন্ত্রণ নিয়েছিল। এরপর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি
জাদুঘর হিসেবে গড়ে তোলা হয় ভবনটি। ফলে গণভবনে প্রধানমন্ত্রীর থাকার সুযোগ আর নেই। এর
আগে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে গণভবন ব্যবহার হতো।
অন্তর্বর্তী
সরকারের সময় নতুন প্রধানমন্ত্রীর জন্য জাতীয় সংসদ ভবন ও আগারগাঁও এলাকায় বাসভবন দেখা
হয়েছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে তা আর সম্ভব হয়নি। তাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই
সরকার প্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে
প্রধানমন্ত্রী গুলশান থেকে দীর্ঘ পথ ও যানজট পেরিয়ে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে
নিয়মিত অফিস করছেন। যমুনা থেকে কার্যালয় ও সচিবালয় দুইটিরই দূরত্ব কাছাকাছি। ৩০ হেয়ার
রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় ৮ একর। এর মধ্যে ভেতরের অংশ ৫.২ একর, আর বাইরের অংশ
২.৮ একর। অফিসসহ ভবনের মোট আয়তন ৩৫ হাজার স্কয়ার ফিট।
গণপূর্ত
অধিদফতর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাহিদা অনুযায়ী কাজ করা হচ্ছে। গণপূর্ত
অধিদফতরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ভেতরের কাজগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা
থেকে শুরু করে সবই নিয়মিত রক্ষণাবেক্ষণ। এর সঙ্গে কিছু ছোটোখাটো সংস্কারও করতে হচ্ছে।
হাইজিনিক ওয়াশ এবং রং মেইন কাজ। এছাড়া সিলিংয়ের কিছু পুরনো অংশে সমস্যা থাকলে তা ঠিক
করা হচ্ছে।
তবে
বড় ধরনের সংস্কার বা পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না বলেও জানান তিনি। খালেকুজ্জামান
চৌধুরী বলেন, আমরা কোনো ব্যাপক নির্দেশনা পাইনি। মূলত রুটিন কাজগুলোই আমরা করছি। এটি
শেষ করতে বেশি সময় লাগবে না। দুই সপ্তাহের মধ্যে আমরা সব কাজ শেষ করে ফেলব।
এদিকে,
সরকার প্রধান যমুনায় এরই মধ্যে দুই দফায় দুটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এতে দেশি
ও বিদেশি কয়েকশ অতিথি অংশগ্রহণ করেছেন।
মন্তব্য করুন


কলম্বিয়ার উত্তরে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত
হয়ে ক্রু ও যাত্রীসহ বিমানে থাকা ১৫ জনের সবাই নিহত হয়েছেন। ভেনেজুয়েলা সীমান্তের
কাছে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা নিশ্চিত করেছে।
খবর বিবিসির।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি
জানায়, তাদের একটি বিচক্র্যাফট ১৯০০ মডেলের প্লেন ‘গুরুতর দুর্ঘটনার’ শিকার হয়েছে।
তবে প্রাথমিকভাবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি। পরে একটি পাহাড়ি
এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা হয়।
সরকারি যাত্রী তালিকা অনুযায়ী, বিমানে কলম্বিয়ার
আইনপ্রণেতা দিয়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে প্রার্থী
কার্লোস সালসেদোও ছিলেন।
সাতেনা জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫
মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭টা ৫ মিনিট) ভেনেজুয়েলা সীমান্তবর্তী শহর ওকানিয়ায় অবতরণের
কথা থাকলেও তার ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমান সংস্থার তথ্য অনুযায়ী, এনএসই ৮৮৪৯ নম্বর ফ্লাইটটি
কুকুতা শহর থেকে উড্ডয়ন করেছিল। কুকুতা শহরটি ওকানিয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার
(৬২ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। বিমানে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম সেমানা-কে দেওয়া এক সাক্ষাৎকারে
নর্তে দে সান্তান্দের প্রদেশের গভর্নর উইলিয়াম ভিয়ামিজার জানান, এখন পর্যন্ত সাতটি
লাশ উদ্ধার করা হয়েছে।
যে এলাকায় বিমানটি নিখোঁজ হয়েছিল, সেখানে কলম্বিয়ার
ইএলএন গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন অঞ্চল রয়েছে। ওই এলাকায় অনুসন্ধান ও উদ্ধার
কার্যক্রমে দেশটির সশস্ত্র বাহিনী সহায়তা করছে। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো
পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে বলেন, এ ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
মন্তব্য করুন


আজ ২০ জানুয়ারি ২০২৬ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিবে তাঁর বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় মাননীয় উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সহ সরকারের ৬ জন মাননীয় উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব/সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১ টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিনীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় 'রাজস্ব নীতি বিভাগ' এবং 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' নামে দু'টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। উল্লেখ্য, এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।
‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দু'টিকে একক্রীকরণের মাধ্যমে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম (Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।
পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরির জেলা থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়।
গাজিপুর জেলায় পুর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পুর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।
এছাড়া নরসিংদী জেলায় রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।
এছাড়া, ঠাকুরগাঁও জেলায় ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ প্রতিস্থাপন করার প্রস্তাব অনুমোদিত হয়।
মন্তব্য করুন


বাড্ডা থানার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বিচার, সংস্কার ও জুলাই সনদ” দাবিতে জাতীয় যুবশক্তির জুলাই যুব সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং কেন্দ্রীয় যুবশক্তির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
উক্ত সভায় বক্তারা বলেন, সংস্কারের আগে নির্বাচন এটি দেশের মানুষ মেনে নিবেনা। দেশের যুবসমাজ আর আশাহত হতে চায় না। কাঙ্ক্ষিত সংস্কার আজও না পাওয়ার কারণে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সভা শেষে দেশে চলমান হ-ত্যা, চাঁদাবাজি, এবং স-ন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা।
মন্তব্য করুন


আসন্ন রমজানকে
সামনে রেখে ওমরাহ পালনে ইচ্ছুকদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা।
দেরি করলে ওমরাহ প্যাকেজের খরচ দুই থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে
সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলো।
আজ রোববার এক
প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদেন
বলা হয়েছে, রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির আগমনের কারণে পরিবহন ও আবাসন
ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
ওমরাহ অপারেটরদের
তথ্য অনুযায়ী, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় এক হাজার ২০০ দিরহাম হলেও আগামী
কয়েক দিনের মধ্যেই তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহামে পৌঁছাতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে,
এই ব্যয় দুই হাজার দিরহামেরও বেশি হয়ে যাবে।
সংশ্লিষ্টরা
জানান, অনেকেই শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের আশায় বুকিং পিছিয়ে দেন, কিন্তু রমজানের
মতো ব্যস্ত সময়ে আসন ও হোটেল সীমিত হয়ে পড়ায় উল্টো বেশি দাম গুনতে হয়।
আকাশপথে ওমরাহর
ক্ষেত্রে খরচ আরও বেশি বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বিমানযাত্রাসহ ওমরাহ প্যাকেজ শুরু
হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। তবে রমজান শুরু হলে এই প্যাকেজের দাম ৫ হাজার
২০০ দিরহাম ছাড়িয়ে ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে
খরচ সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ট্যুর অপারেটররা।
বিশ্লেষণে দেখা
গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়াই ব্যয় বৃদ্ধির
প্রধান কারণ। মসজিদুল হারাম থেকে হাঁটা দূরত্বে অবস্থিত হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ
এবং শেষ দশ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।
এছাড়া, হজের
প্রস্তুতির কারণে ওমরাহ ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসা
আবেদন বন্ধ হবে এবং ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১৮ এপ্রিলের মধ্যে
দেশ ছাড়ার বাধ্যবাধকতাও রয়েছে।
তাই খরচ ও সময়-দুটো বিষয় মাথায় রেখে আগেভাগে পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন


আগামী ১৩ নভেম্বরকে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্ভাব্য নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৩ নভেম্বরকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যদি কোথাও কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়ে, তাহলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। এতে যেকোনো অঘটন আগে থেকেই প্রতিরোধ করা সম্ভব হবে।”
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে। প্রস্তুতি সম্পন্ন হলে একটি মহড়া (ড্রিল) পরিচালনা করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন


ব্রেকআপের
পর অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। তখন মনে হয় যেন জীবনের সব আনন্দ শেষ হয়ে গেছে, চারপাশের
সবকিছুই হঠাৎ ফাঁকা হয়ে গেছে। প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট সহজে মেনে নেওয়া কঠিন,
তাই অনেকেই দীর্ঘ সময় ধরে সেই স্মৃতির ভেতরেই আটকে থাকেন। তবে অতীতের স্মৃতি আঁকড়ে
ধরে নিজেকে কষ্টে ডুবিয়ে রাখা কোনো সমাধান নয়। জীবনে এগিয়ে যেতে হলে সেই দুঃখকে ধীরে
ধীরে ছেড়ে দিতে হয় এবং নতুনভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হয়। ব্যর্থতা থেকে শিক্ষা
নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা।
সোমবার
(০৯ মার্চ) বিশ্বজুড়ে অনেকেই দিনটিকে পালন করেন ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’
হিসেবে। প্রেমে ব্যর্থতার বেদনাকে পেছনে ফেলে নতুন করে জীবন সাজানোর অনুপ্রেরণা দিতেই
দিনটির প্রচলন হয়েছে।
প্রেম
জীবনের স্বাভাবিক একটি অনুভূতি। কিন্তু সব ভালোবাসার গল্প শেষ পর্যন্ত পূর্ণতা পায়
না। সম্পর্ক ভেঙে গেলে অনেকেই ভেঙে পড়েন, জীবনকে শূন্য মনে হয়। প্রিয় মানুষ হারানোর
কষ্টে কেউ কেউ অবসাদগ্রস্ত হয়ে পড়েন, স্বাভাবিক জীবনযাপনেও ব্যাঘাত ঘটে। অনেকে আবার
দীর্ঘ সময় ধরে বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে পারেন না।
তবে
জীবন তো থেমে থাকে না। সেই বাস্তবতাই মনে করিয়ে দেয় ৯ মার্চের এই দিনটি। ‘ব্যর্থ প্রেম
ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ মূলত তাদের জন্য, যারা সম্পর্ক ভাঙার
কষ্টে হতাশ হয়ে পড়েছেন। দিনটি মানুষকে মনে করিয়ে দেয়- একটি সম্পর্কের সমাপ্তি মানেই
জীবনের সমাপ্তি নয়। বরং এটি নতুন করে নিজেকে গড়ে তোলার সুযোগ। অনেকে বলেন, ভ্যালেন্টাইনস
ডে এবং এপ্রিল ফুল ডে’র মাঝামাঝি সময় হওয়ায় ৯ মার্চকে এই
দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। কারণ ভালোবাসার উচ্ছ্বাসের পর এবং মজার এক দিবসের আগে
এই সময়টিকে ধরা হয়েছে আত্মবিশ্লেষণ ও নতুন করে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে।
এই
দিবসটির সূচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পেছনে রয়েছেন আটলান্টার বাসিন্দা জেফ গোল্ডব্ল্যাট
নামের এক তরুণ। তিনিও একসময় ব্যর্থ প্রেমের কষ্টে ভেঙে পড়েছিলেন। প্রেমিকা তাকে ছেড়ে
চলে যাওয়ার পর তিনি দীর্ঘ সময় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কোনো কিছুতেই তার আগ্রহ
থাকত না। জীবনটাই তার কাছে অর্থহীন মনে হতে শুরু করে। কিন্তু একসময় তিনি উপলব্ধি করেন,
তিনি একা নন। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা প্রেমে ব্যর্থ হয়ে মানসিক কষ্টে
ভুগছেন। তখনই তার মনে হয়, যদি এমন একটি দিন থাকে যা মানুষকে ব্যর্থতার পর আবার ঘুরে
দাঁড়ানোর সাহস জোগাবে।
এই
ভাবনা থেকেই জেফ একটি কবিতা লেখেন এবং একটি ওয়েবসাইট চালু করে সেখানে তা প্রকাশ করেন।
তার সেই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে
আলোচনা শুরু হয়। ধীরে ধীরে দিনটি মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। সময়ের সঙ্গে
সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত হয়ে
উঠছে। বিশেষ করে তরুণদের মধ্যে দিনটি নিয়ে আগ্রহ দেখা যায়।
বিশেষজ্ঞরা
মনে করেন, সম্পর্ক ভাঙা জীবনের স্বাভাবিক একটি ঘটনা। এটি মানুষকে হতাশ করলেও একই সঙ্গে
শেখায় নতুন অভিজ্ঞতা। তাই অতীতের দুঃখে ডুবে না থেকে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের
কাজ।
আজকের
দিনটি তাই মনে করিয়ে দেয়— অতীতের কষ্ট ভুলে নিজেকে নতুনভাবে
গড়ে তোলার সময় এসেছে। জীবনের সম্ভাবনা অসীম। নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা আর ইতিবাচক
চিন্তা নিয়েই এগিয়ে যেতে হবে।
তাই
পুরোনো কষ্টকে বিদায় জানিয়ে নিজেকে ভালো রাখার প্রতিজ্ঞা করার দিন আজ। ব্যর্থ প্রেম
ভুলে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর দিন।
মন্তব্য করুন


মৌলভীবাজারের
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলা থেকে একটি কালনাগিনী
সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন বিভাগের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানে
অবমুক্ত করা হয়।
সোমবার
দিবাগত রাত ৮টার দিকে ওই কোয়ার্টারের শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল বলেন, কালনাগিনী সাপটি
অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সেটি
আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর দুই থেকে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রেখে রাতেই লাউয়াছড়া
জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ
রোববার (১৫ মার্চ) দুপুরে ঢাকা সেনানিবাসে
আর্মড ফোর্সেস ডিভিশনে (এএফডি) প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত
হয়।
প্রধানমন্ত্রীর
ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন


সড়ক,
রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা বরিশাল
মহাসড়ক, দুই লেনের রাস্তা। ভাঙা থেকে বরিশাল পর্যন্ত যে রাস্তা এটায় চলাচল করা গেলেও
আরও প্রশস্ত করা দরকার। এটা সরকার উপলব্ধি করে, আমরাও উপলব্ধি করছি। আর এবার এসে সরাসরি
দেখে গেলাম।
দ্রুত
কীভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে, দ্রুত আপনারা সুখবর পাবেন।
বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, এ সরকার উন্নয়ন নিশ্চিত করতে চায়। বিশেষ করে
অবকাঠামোগত উন্নয়ন ছাড়া একটি জাতি সমৃদ্ধ হতে পারে না। অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত
হয়।
মঙ্গলবার
(১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জের দীর্ঘ প্রতীক্ষিত গোমা সেতু উদ্বোধন অনুষ্ঠানে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রীর
ভাষ্য, সব গণমাধ্যম রিপোর্ট করছে, কোনো অভিযোগ নেই, ভাড়া বাড়ছে না। স্বস্তিতে মানুষ
যাচ্ছে, খুব বেশি যানজট বা অব্যবস্থাপনা সড়কে নেই। মনে রাখতে হবে, মাত্র ২/৩ দিনের
মধ্যে দেড় কোটি লোক ঢাকা ছাড়ছে। তাদের যাত্রাটা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জিং। কিন্তু
আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি, তাতে আমরা নিশ্চিত যে যাত্রীরা
স্বস্তিতে, স্বাচ্ছন্দ্যে আরামদায়ক যাত্রার মাধ্যমে স্বজনদের কাছে যাবে।
শেখ
রবিউল আলম আরও বলেন, গোমা সেতু এই এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় ২৮৩ মিটারের
মতো দূরত্ব সেতুটির। আমার বিশ্বাস এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য এ সেতু একটি
যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময়
সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি,
বরিশাল-৬ আসনের সাংসদ আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,
রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতুর কাজ শেষ হয়েছে প্রায় ৯ বছর পর। সেতুটির
দৈর্ঘ্য ২৮৩ দশমিক ১৮৮ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। মঙ্গলবার উদ্বোধনের পর সেতুটি
যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটি চালু হওয়ায় বরিশালের বাকেরগঞ্জের সঙ্গে
পটুয়াখালীর দুমকির সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। দুই জেলার প্রত্যন্ত এলাকার
অন্তত পাঁচ লাখ মানুষের যাতায়াত ভোগান্তি লাঘব হয়েছে এ সেতুর মাধ্যমে। যাতায়াতের
সময়ও কমে আসবে প্রায় দুই ঘণ্টা।
২০১৭
সালে ৫৭ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে তিন বছর মেয়াদি প্রকল্প হিসেবে সেতুটি অনুমোদন পায়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে
কাজ শেষ হয়নি। শুরুতেই উচ্চতা নিয়ে আপত্তি তোলে বিআইডব্লিউটিএ। তাদের দাবি ছিল, নদীপথ
সচল রাখতে সেতুর উচ্চতা আরও বাড়াতে হবে। প্রথম নকশায় সেতুর মাঝ বরাবর সর্বোচ্চ জোয়ারের
সময় উচ্চতা ধরা হয়েছিল ৭ দশমিক ৬২ মিটার, পরে তা বাড়িয়ে ১২ দশমিক ২০ মিটার করা
হয়। এই পরিবর্তনের কারণে পুরো নকশাই সংশোধন করা হয়। নতুন নকশায় সেতুর মাঝে স্টিল
ট্রাস স্প্যান যুক্ত করতে হয়। নকশা পরিবর্তন, জমি অধিগ্রহণ ও নদী শাসনের কাজ যুক্ত
হওয়ায় প্রকল্পটির সময়সীমা পাঁচবার বাড়ানো হয়। সংশোধিত প্রকল্পে সেতুর ব্যয় দাঁড়ায়
৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা, যা প্রাথমিক ধারণার তুলনায় ৬০ শতাংশ বেশি।
মন্তব্য করুন