

শুক্রবার
(১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় থেকে অজ্ঞান অবস্থায় সংসদ সদস্য প্রার্থী
আজিজার রহমানকে উদ্ধার করেছে পুলিশ।
তাজহাট
থানা পুলিশ সময় সংবাদকে জানায়, বিকেলে পিংকি এন্টারপ্রাইজের একটি বাসে ঢাকা থেকে গাইবান্ধায়
ফিরছিলেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। পথে বাসের মধ্যে অজ্ঞানপার্টির
সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ায়। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে
অজ্ঞানপার্টির লোকজন তাকে বাস থেকে রংপুর মডার্ন মোড়ে নামিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন
নিয়ে ফেলে রেখে চলে যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাজহাট থানা পুলিশ তাকে উদ্ধার
করেছে।
মন্তব্য করুন


১৬
বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় সাত বছরের এক শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তির
করানোর অভিযোগ করা মামলায় তিন জনের আমৃত্যু এবং দুই জনের দশ বছরের কারাদণ্ড দিয়েছেন
আদালত।
আজ
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী
মো. মশিউর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ লাখ টাকা
করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সংশ্লিষ্ট
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনোয়ারুল আমিন চৌধুরী (হারুন) এ তথ্য নিশ্চিত করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সালাউদ্দিন, মো. শরিফুল ইসলাম ওরফে
কোরবান মিয়া এবং খন্দকার ওমর ফারুক। বয়স বিবেচনায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি
হলেন— মো. রমজান ও সাদ্দাম।
এছাড়াও,
এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাউসার ও নাজমা আক্তার নামের দুই আসামিকে মামলা
থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি শরিফুল ইসলাম ও খন্দকার
ওমর ফারুক কারাগারে আছেন। তবে পলাতক থাকা সালাউদ্দিন, রমজান ও সাদ্দামের বিরুদ্ধে আদালত
গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য,
আসামিদের স্থাবর/অস্থাবর সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায়
করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার
অভিযোগ সুত্রে জানা গেছে, ২০১০ সালের ৬ মে কামরাঙ্গীরচর এলাকা থেকে সাত বছরের এক শিশুকে
ঘর থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। তাদের পরিকল্পনা ছিল, শিশুটিকে আজীবনের জন্য পঙ্গু
করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করা। এই উদ্দেশ্যে তারা নির্জন স্থানে নিয়ে শিশুটির লিঙ্গ
কর্তন করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম
করে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়। ওই ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।
তদন্ত
শেষে ২০১১ সালের ১৫ মে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ
আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর চার্জ গঠন করে বিচার শুরুর
আদেশ দেন। মামলাটির বিচারকালে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।
মন্তব্য করুন


ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত
হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, এই সময়ের
মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে ৮ তারিখের এক–দুদিন পরে বা ১২ তারিখের এক–দুদিন
আগে—মাঝামাঝি কোনো এক সময় নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। ৮
ফেব্রুয়ারি রোববার এবং ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায় মঙ্গলবারের দিকেই ভোটগ্রহণ
হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে
ভোটের তফসিল চূড়ান্ত করতে আগামী সপ্তাহের রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক
অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই নির্বাচনের সব তারিখ নির্ধারণ করা হবে। বৈঠকের পর দু-তিন দিন
সময় রেখে বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) দিকে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
গণভোট
ও সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে
নির্বাচন কমিশন। বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। এ সময় আরও এক ঘণ্টা
বাড়িয়ে নয় ঘণ্টা করার চিন্তা করা হচ্ছে। সে ক্ষেত্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু
হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলতে পারে। একই কারণে ভোটকেন্দ্রে গোপন কক্ষ বা বুথের সংখ্যাও
বাড়ানো হতে পারে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই
দিনে হওয়ায় বাড়তি প্রস্তুতি প্রয়োজন হবে। এজন্য সময় ও বুথ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
মন্তব্য করুন


কক্সবাজার জেলা শহরের বাস টার্মিনাল এলাকার পুলিশ লাইনস সংলগ্ন একটি বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘দোয়েল এক্সপ্রেস’ নামের বাসটিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে দ্রুত কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে বাসটির সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, বাসচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় বাসের হেলপার ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত কোনোভাবে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে, সেনাপ্রধান
দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান
উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী গৃহীত
বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।
আলোচনাকালে, সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি দুই
দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান
আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও, সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা
কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং
বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদ-এর
অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
এ ছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত
ছাত্র-জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাঁকে অবহিত
করা হয়।
প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা
ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা
প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে
সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
মন্তব্য করুন


প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, নেতা কিম জং উন একটি বিশাল গাইডেড-মিসাইল সাবমেরিন পরিদর্শন করছেন। সাবমেরিনটি একটি অভ্যন্তরীণ নির্মাণ স্থাপনায় রাখা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে—এটি এখনো পানিতে নামানো হয়নি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী, সাবমেরিনটির ডিসপ্লেসমেন্ট প্রায় ৮ হাজার ৭০০ টন, যা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শ্রেণির পারমাণবিক শক্তিচালিত আক্রমণ সাবমেরিনের সমতুল্য। চলতি বছরের মার্চে প্রথমবার এর অস্তিত্বের কথা জানানো হয়।
পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ কিম জং উনের দীর্ঘদিনের লক্ষ্য। তিনি ২০২১ সালে ক্ষমতাসীন দলের কংগ্রেসে এই পরিকল্পনার ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের অনুমতি দেওয়ার পর পিয়ংইয়ংয়ের এই কর্মসূচিতে নতুন গতি এসেছে।
বিশেষজ্ঞরা জানান, পারমাণবিক সাবমেরিনের অন্যতম সুবিধা হলো—দীর্ঘ সময় পানির নিচে অবস্থান, উচ্চ গতি এবং তুলনামূলক কম শব্দ। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারত এই প্রযুক্তির অধিকারী।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, কিম জং উন বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতি ‘সবচেয়ে শক্তিশালী আক্রমণাত্মক সক্ষমতার ওপর’ ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। তিনি দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন নির্মাণ উদ্যোগকে উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।
২০২১ সালে ঘোষিত পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক গ্লাইড যান, নতুন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং পারমাণবিক সাবমেরিনসহ বিভিন্ন আধুনিক অস্ত্র ব্যবস্থা উন্নয়নে জোর দিচ্ছে।
মন্তব্য করুন


ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার আওতায় ব্যাপক বিনিয়োগের মাধ্যমে ক্রিকেট অঙ্গনে নিজেদের ভিত্তি মজবুত করতে চায় সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে ক্রিকেটার সংগ্রহ করে দীর্ঘমেয়াদে জাতীয় দল গড়ার লক্ষ্য নিয়েছে দেশটি।এই পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নেওয়ার আগ্রহ প্রকাশ করে সৌদি আরব। তবে তাদের সেই প্রস্তাবে সায় দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটার পাঠানোর অনুরোধ জানায় সৌদি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, প্রায় দুই মাস আগে তাঁর কাছে প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।এ প্রসঙ্গে বিসিবি প্রধান আরও জানান, সৌদি আরব পুরুষ ও নারী—দুই বিভাগ থেকেই ক্রিকেটার ও কোচ চেয়েছিল। তবে দেশের ক্রিকেটের স্বার্থের সঙ্গে আপস করে এমন সহযোগিতা করা সম্ভব নয় বলেই তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে প্রভাব বিস্তারের লক্ষ্যে সৌদি আরব ইতোমধ্যে গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের মতো বড় উদ্যোগে বিপুল অর্থ বিনিয়োগ করছে। এবার আইসিসি ও এসিসির সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটে একটি শক্তিশালী অবস্থান তৈরি করাই তাদের নতুন লক্ষ্য।
মন্তব্য করুন


তথ্য
ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীরা পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে।
আজ
শনিবার ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অডিটোরিয়ামে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
নতুন
কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে নতুন কুঁড়ির শিশুশিল্পীদের সংস্কৃতিচর্চা চালিয়ে যেতে হবে। একইসঙ্গে অন্যান্য বিষয়েও শিশুশিল্পীদের প্রতিভা বিকশিত করতে হবে। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকগণের ভূমিকা
তুলে ধরে তিনি বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় শিশুশিল্পীরা যে সাফল্য দেখিয়েছে,
তার মূলে রয়েছে অভিভাবক ও শিক্ষকগণের অবদান।
তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীদের অভিভাবক ও শিক্ষকগণকে অভিনন্দন
জানান।
শিশু-কিশোরদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘তোমরা অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষী হয়েছ। গণঅভ্যুত্থানে শহীদ অনেকেই হয়তো তোমাদের পরিচিত। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা যে
বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের পথে হাঁটার জন্য আমরা এই আয়োজনটা (নতুন
কুঁড়ি) করেছি।
২০
বছর পর নতুন কুঁড়ি
প্রতিযোগিতা শুরুর প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গত জুলাই মাসে
এই প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে বিজয়ী শিশুশিল্পীদের পুরস্কার প্রদানের মাধ্যমে এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে
শেষ হলো। নতুন কুঁড়ি প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য তিনি বিটিভির মহাপরিচালক-সহ সংশ্লিষ্ট সকলকে
ধন্যবাদ জানান।
মাহফুজ
আলম বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে একটা আশার সঞ্চার হয়েছে যে, বাংলাদেশের সংস্কৃতি টিকে থাকবে এবং সারা দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী সরকারও নতুন কুঁড়ি প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।
অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের
সচিব মাহবুবা ফারজানা বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীরা শিল্প-সাহিত্য অঙ্গনে নেতৃত্ব দেবে। এই শিশুশিল্পীরা বাংলাদেশের
শিল্প-সাহিত্যকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে
সভাপতির বক্তৃতায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টার
প্রত্যক্ষ নির্দেশনা ও আন্তরিক পদক্ষেপের
কারণে মাত্র দেড় মাসের মধ্যে নতুন কুঁড়ি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতায়
বিজয়ী শিশুশিল্পীদের নিয়ে বিটিভির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতার সকল শাখার সেরা দশ জন সরাসরি
বিটিভির শিল্পী তালিকায় অন্তর্ভুক্ত হবে। এছাড়া বিটিভি আয়োজিত শিশুপ্রহর অনুষ্ঠানে শুধু নতুন কুঁড়ির সেরা দশের শিল্পীরা অংশগ্রহণ করবে। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার প্রচারিত হবে।
বাংলাদেশ
টেলিভিশন আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতায় ক ও খ
বিভাগের প্রতি বিষয়ে ১ম, ২য় ও ৩য়
স্থান অর্জনকারী মোট ৭৩ জন শিশুশিল্পী
পুরস্কৃত হয়। পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পীরা হলো :
ক
বিভাগ : অভিনয়ে ১ম আরহাম হাসান
আরিয়ান; ২য় রুফাইদা আফরা;
৩য় মুগ্ধতা মল্লিক। আধুনিক গানে ১ম প্রিয়সী চক্রবর্তী;
২য় স্মিতা বাড়ই; ৩য় শেখ রোদসী
রায়ান। আবৃত্তিতে ১ম আরিশা দানীন
মাহা; ২য় মোঃ ইছা
আল মাহিম; ৩য় নাভীদ হাসান।
উচ্চাঙ্গ নৃত্যে ১ম মোছাঃ আদৃতা
তাসনিম লাবণ্য; ২য় শৌনক কুন্ডু;
৩য় আর্যশ্রী বিশ্বাস পৃথা। কৌতুকে ১ম সাবিক সাদত;
২য় জেরাল্ড বিশ্বাস; ৩য় মাহিরা। গল্প
বলায় ১ম রোহিনী হাসান
হৃদ্ধি; ২য় আয়েশা সিদ্দিকা;
৩য় নুসরাত তাসনিম। দেশাত্মবোধক গানে ১ম অংকিতা সরকার;
২য় মো. ইহানুর রহমান; ৩য় তোজো মণ্ডল।
নজরুল সংগীতে ১ম অরিত্রা বসাক;
২য় শ্রেয়া রায়; ৩য় অংকিতা সরকার।
রবীন্দ্রসংগীতে ১ম প্রিয়সী চক্রবর্তী;
২য় আরিশা দানীন মাহা; ৩য় শুভশ্রী সরকার।
লোকসংগীতে ১ম চিশতি রহমতুল্লাহ
সাফীন মন্ডল; ২য় আইয়ান রেজা;
৩য় মো. ইহানুর রহমান। সাধারণ নৃত্যে ১ম ঐশ্বর্য্য জিতা
স্পর্শ; ২য় নাজিফা হোসেন
(স্বাধিকা); ৩য় দীপশিখা দে।
হামদ-নাতে ১ম সুরাইয়া আক্তার;
২য় তাসবিহা আয়ান তানহা; ৩য় শুহাদা।
খ
বিভাগ : অভিনয়ে ১ম হুমায়রা আসিফা;
২য় মাহিমা জামান কথা; ৩য় মুরাদুস সালিহীন।
আধুনিক গানে ১ম রোদসী নূর
সিদ্দিকী; ২য় তুষ্মি দাস;
৩য় শ্রীতমা রায়। আবৃত্তিতে ১ম সাবিলা সুলতান
বাণী; ২য় আফিয়া সাইয়ারা
ত্বাহা; ৩য় নাহিনা বিনতে
জামান। উচ্চাঙ্গ নৃত্যে ১ম মৃনময়া পাল
ও তুলি মল্লিক (যৌথভাবে); ২য় তনুশ্রী মন্ডল;
৩য় কায়নাত বিনতে মোর্শেদ রাই। কৌতুকে ১ম দিশান রায়
দুর্জয়; ২য় এহসানুল হক;
৩য় তাসফিয়া মুনতাহা। গল্প বলায় ১ম ফাইরুজ বারী
মালিহা; ২য় সমহৃদ্ধি সূচনা
স্বর্গ; ৩য় মাহিমা জামান
কথা। দেশাত্মবোধক গানে ১ম শ্রেয়া সাহা;
২য় শ্রদ্ধা কর্মকার; ৩য় অন্বেষা বর্মন।
নজরুলসংগীতে
১ম আজমাইন আরহাম; ২য় শুভমিতা তালুকদার;
৩য় অন্বেষা বর্মন। রবীন্দ্রসংগীতে ১ম শুভমিতা তালুকদার;
২য় শ্রীতমা রায়; ৩য় অন্বেষা বর্মন।
লোকসংগীতে ১ম কুমারী রিয়া
ব্যাধ; ২য় মোঃ বাইজিদ
আহমেদ; ৩য় তানিশা ইসলাম
হিয়া। সাধারণ নৃত্যে ১ম রাওজা করিম
রোজা; ২য় রাধিকা তাছাল্লুম
রিয়ন্তি; ৩য় ইউশা শাহিরা
আনুভা। হামদ-নাতে ১ম আহনাফ আদিল;
২য় তাসনিম জাহান; ৩য় রোদসী নূর
সিদ্দিকী।
অনুষ্ঠানে
১ম স্থান অর্জনকারীকে ২ লক্ষ টাকা,
২য় স্থান অর্জনকারীকে ১ লক্ষ টাকা
এবং ৩য় স্থান অর্জনকারীকে
৫০ হাজার টাকার চেক-সহ ট্রফি ও
সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, নতুন কুঁড়ি প্রতিযোগিতার ক বিভাগের চ্যাম্পিয়ন
প্রিয়সী চক্রবর্তী এবং ‘খ’ বিভাগের চ্যাম্পিয়ন
শুভমিতা তালুকদার গত ১৩ নভেম্বর
প্রধান উপদেষ্টার কাছ থেকে ৩ লক্ষ টাকার
চেক ও ট্রফি গ্রহণ
করে।
মন্তব্য করুন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত। নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন।
হিরো আলম জানান, গণমাধ্যমে তার প্রার্থিতার বিষয়টি প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
বর্তমান পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করার কথা জানিয়েছেন হিরো আলম। আবেদনে তার জন্য একজন ব্যক্তিগত গানম্যান বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
হিরো আলম আরও জানান, গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টিসহ চারটি রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। তবে তিনি এখনো কোনো দল থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
তিনি বলেন, দলীয় পরিচয় যাই হোক না কেন, তার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং সাধারণ মানুষের পাশে থাকা। তিনি ঢাকা ও বগুড়া—এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
রাজনৈতিক অঙ্গনে হিরো আলমের ক্রমবর্ধমান সক্রিয়তা ও নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যে আলোচনার সৃষ্টি করেছে। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিলে তার রাজনৈতিক যাত্রায় এটি একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন


শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (১৪
ডিসেম্বর) ভোরে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের
প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি মো.
সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা সকাল ৭টা ১৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা
নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল
রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকে রাষ্ট্রীয় সালাম জানায়।
এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর
বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি
বাহিনী ও তাদের এই দেশীয় দোসররা জাতিকে মেধা শূন্য করতে এই দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের
হত্যা করে।
মন্তব্য করুন


আজ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির মান্যবর রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
মন্তব্য করুন