

নিজেকে
কোনো নির্দিষ্ট ইমেজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না বলিউড অভিনেতা ইমরান হাশমি। তাই
অভিনয়জীবনের শুরু থেকেই তিনি বারবার ভিন্নধর্মী চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন। বাস্তব
ঘটনার প্রেরণায় নির্মিত সাম্প্রতিক ছবি ‘হক’-এ তাঁর অভিনয় আবারও সেই ধারারই প্রমাণ।
এই ছবি, ফিটনেস, চরিত্র নির্বাচন এবং দীর্ঘ অভিনয়জীবন—সবকিছু
নিয়েই সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে কথা বলেছেন ইমরান।
মুম্বাইয়ের
একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই সাক্ষাৎকারে আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গে উপস্থিত ছিলেন
প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি। বয়স ৪৬ হলেও ইমরানের ফিটনেস এখনো চোখে পড়ার মতো। ফিট
থাকার রহস্য জানতে চাইলে মুচকি হেসে তিনি বলেন, ‘কোনো রহস্য নেই। আমার স্ত্রী আমাকে
ঠিকমতো খেতে দেয় না।’ এরপর গম্ভীর হয়ে যোগ করেন, শৃঙ্খলাপূর্ণ
জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসই আসল চাবিকাঠি। করোনা সময়ের কথাও
টেনে এনে তিনি বলেন, ‘অনেকে তখন যা খুশি খেয়েছে, আমি বরং ফিটনেসে মন দিয়েছিলাম। এখন
তার সুফল পাচ্ছি।’
ইয়ামি
গৌতমের সঙ্গে অভিনীত ‘হক’ ছবিটি ১৯৮০ সালের আলোচিত শাজিয়া বানো
মামলা থেকে অনুপ্রাণিত। বাস্তব ঘটনার ছায়া থাকায় দায়িত্ববোধ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ—এমনটাই
মনে করেন ইমরান। তাঁর ভাষায়, ‘সংবেদনশীল বিষয় হলে আরও বেশি সতর্ক হতে হয়। যাঁদের জীবনের
ঘটনা থেকে গল্প এসেছে, তাঁদের দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান রাখতে হয়।’
তিনি জানান, ছবিটির জন্য বিস্তর গবেষণা করা হয়েছে, যাতে বাস্তব কাহিনি বিকৃত না হয়।
ইদানীং ইমরানকে ধূসর চরিত্রে বেশি দেখা যাচ্ছে। তবে তিনি নিজে কোনো চরিত্রকে নেতিবাচক
বা ধূসর হিসেবে দেখতে চান না। বলেন, ‘চরিত্রকে বিচার করতে শুরু করলে অভিনয়েও পক্ষপাত
চলে আসে।’ ‘হক’ ছবিতে তাঁর চরিত্র আব্বাস খান—শাজিয়া
বানোর স্বামী। ইমরানের মতে, আব্বাস নিজের বিশ্বাস ও যুক্তির জায়গা থেকেই লড়াই করেছে।
দর্শকের চোখে সে ভুল হতে পারে, কিন্তু চরিত্রটির নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। এখানেই গল্পের
আসল শক্তি। চরিত্র প্রস্তুতির প্রসঙ্গে ইমরান জানান, প্রথমে তিনি পরিচালক ও লেখকের
দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন। একজন আইনজীবীর চরিত্র হওয়ায় আদালতের নিয়মকানুন, সংলাপের
ভাষা—সবকিছু নিয়েই গবেষণা করেছেন। পরিচালক সুপর্ণ ভার্মার নির্দেশনায়
অতিনাটকীয়তা এড়িয়ে আদালতের মর্যাদা বজায় রাখাই ছিল মূল লক্ষ্য।
একজন
মুসলিম অভিনেতা হিসেবে এমন সংবেদনশীল বিষয়ে কাজ করা কঠিন ছিল কি না—এই
প্রশ্নে ইমরান স্বীকার করেন, শুরুতে কিছুটা দ্বিধা ছিল। তবে তিনি নিশ্চিত ছিলেন, ছবিটি
কোনো সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপন করছে না। ‘আমরা বিচার করিনি, শুধু ঘটনার প্রেক্ষাপট
দেখিয়েছি,’ বলেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে টিকে থাকার বিষয়ে ইমরানের স্পষ্ট মত—বিভিন্ন
ধরনের চরিত্রে কাজ করাই একমাত্র উপায়। তাই এখন তিনি আগের তুলনায় অনেক বেছে কাজ করেন।
বছরে এক বা দুইটির বেশি ছবি করেন না। তাঁর কথায়, ‘৫০টির বেশি ছবির পর নতুন কিছু খুঁজে
পাওয়া কঠিন, কিন্তু একই জায়গায় ঘুরপাক খেতে চাই না।’
আরিয়ান
খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ তাঁর অভিনীত দৃশ্যগুলো দর্শকদের
মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমিও অবাক হয়েছিলাম। এতটা ভাইরাল
হবে ভাবিনি।’ সিরিজটির প্রশংসা করে তিনি আরিয়ান খানকে একজন পরিশ্রমী
ও মেধাবী নির্মাতা হিসেবেই দেখেন। সব মিলিয়ে, ইমরান হাশমির কাছে গল্পই আসল। ইমেজ ভাঙা,
নতুন চ্যালেঞ্জ নেওয়া আর নিজেকে বারবার নতুনভাবে আবিষ্কার করাই তাঁর অভিনয়জীবনের মূল
দর্শন।
মন্তব্য করুন


নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহমুদুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিব মোল্লা, আওয়ামী লীগ কর্মী লিটন মিয়া, মোহর আলী, ফয়সাল আহাম্মেদ এবং যুবলীগ কর্মী দীন ইসলাম।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


বরগুনার পাথরঘাটা উপজেলায় বিএনপির দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বজলুর রহমান নামের এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।শনিবার (১৭ জানুয়ারি) সকালে পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তি পাথরঘাটা পৌর জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বামনা–পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, তদন্তের অংশ হিসেবেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে।এদিকে শুক্রবার রাতেও যৌথবাহিনী পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি বিএনপি, এর সহযোগী সংগঠন এবং জামায়াত ও এর অঙ্গসংগঠনের মোট ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে বাকি অভিযুক্তদের আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন


রাজধানীর
পূর্বাচলের সংবর্ধনাস্থলে নির্ধারিত ভাষণ শেষে এবার মা-কে দেখতে এভারকেয়ার হাসপাতালের
উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান।
বৃহস্পতিবার
(২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ৪টার দিকে মঞ্চ থেকে নেমে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।
এর
আগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১.৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি
ঢাকার মাটিতে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার পূর্বে তারেক রহমান জুতা
খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। এরও আগে গতকাল তারেক রহমান
তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর
থেকে রওনা হন। এসময় তার সঙ্গে ছিলেন লন্ডন বিএনপির কয়েকজন নেতাও।
মন্তব্য করুন


রাজধানীর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা
গেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহিয়া (১৫)।
আজ
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের
আইসিইউতে মারা যায় শিশুটি।
বিষয়টি
নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.
শাওন বিন রহমান।
তিনি
বলেন, আজ বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় মাহিয়া আইসিইউতে মারা যায়। শিশুটির শরীরের
৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর
আগে আমাদের জাতীয় বার্নে আরও ১২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢাকা মেডিকেল বার্নেও
একজন মারা যায়। এখন পর্যন্ত জাতীয় বার্ন ও ঢাকা মেডিকেল বার্ন মিলে ১৪ জনের মৃত্যু
হয়েছে— বলেন আবাসিক সার্জন।
মাহিয়ার মা আফরোজা বেগম বলেন, আমার মেয়ে মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করত। তিন মেয়ের মধ্যে মাহিয়া ছিল মেজ। পাঁচ বছর আগে ওর বাবা মারা যায়।
মন্তব্য করুন


ঢাকার
বাইরে রাজশাহী, নাটোর এলাকায় শুটিং হচ্ছে আরিফিন শুভ অভিনীত 'মালিক' সিনেমার। সেখানে
একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় আহত হয়েছেন তিনি। আগুনের শিখায় দগ্ধ হয়েছে ওই
নায়কের পা।
শুটিং
সূত্র থেকে জানা যায়, শুরুতে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ। কিন্তু আগুন থামছিল
না—ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। তখন ছুটে
আসে ইউনিটের সদস্যরা। মুহূর্তেই আগুন নিভে যায়, কিন্তু ততক্ষণে তার পা পুড়ে গেছে।
ঘটনার
পর শুটিং বন্ধ করতে চেয়েছিলেন পরিচালক সাইফ চন্দন। কিন্তু পুড়ে যাওয়া পা নিয়েই শুটিং
করেছেন শুভ। প্রাথমিক চিকিৎসা নিয়েই আবার দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে। পায়ে ক্ষত নিয়েও
শুট অব্যাহত রেখেছেন এই জনপ্রিয় নায়ক।
মন্তব্য করুন


ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর)নতুন এ মূল্যের ঘোষণা দেওয়া হয়।
নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা। আগের দাম ছিল ১ হাজার ২৭৩টাকা। কমানো হয়েছে ৩ টাকা।
মন্তব্য করুন


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)“ বাহারুল আলম” বলেছেন, ফ্যাসিবাদ সরকার গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছে। যদি পলাতক ফ্যাসিবাদগোষ্ঠী আবার দেশে বিশৃঙ্খলা বা অপরাধের চেষ্টা করে, তবে জনগণই তাদের প্রতিরোধ করবে।
আজ শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফেসবুক পেজে দেখা যাচ্ছে, আগামী ১৩ নভেম্বর ফ্যাসিবাদীদের পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকি দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি জানান, “পলাতক ফ্যাসিবাদগোষ্ঠী যে ফেসবুক পেজ থেকে অপপ্রচার চালাচ্ছে, সেই সব পেজের বিষয়ে গোয়েন্দা বিভাগ কাজ করছে।”
আইজিপি আরও বলেন, “দেশে আইন মান্যতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ৯০ শতাংশ মানুষকে নিয়ম মেনে চলতে হবে, বাকি ১০ শতাংশ আইন না মানলেও তাদের বিরুদ্ধে পুলিশ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। স্বাধীনতা মানে সামাজিক মাধ্যমে কাউকে গালাগাল করা বা রাস্তা বন্ধ রাখা নয়। এই ধরনের কৃত্য প্রতিরোধে নাগরিক সমাজেরও ভূমিকা গুরুত্বপূর্ণ।” তিনি নির্বাচনের নিরাপত্তা বিষয়েও বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশে সন্ত্রাসী বা অপ্রীতিকর ঘটনা যাতে ভোট প্রক্রিয়া ব্যাহত করতে না পারে, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই প্রথম নির্বাচনের নিরাপত্তা বিষয়ে পুলিশের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আনুমানিক দেড় লাখ পুলিশ নির্বাচনের সময় দায়িত্বে থাকবে এবং নির্বাচনী কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা নিশ্চিত করবে।”
আইজিপি আরও যোগ করেন, “জনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচন বানচালের চেষ্টা প্রতিরোধের ক্ষেত্রে আমাদের সব কর্মকাণ্ড আইনসঙ্গতভাবে পরিচালিত হবে। দেশের ভবিষ্যৎ ও জনগণের সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিতে আমরা এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”
মন্তব্য করুন


গত
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৫৭২ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে
কারো মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গুতে মৃত্যু ৩৭৭ জনে স্থির রয়েছে।
আজ
শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল
রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে
বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের
মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের
বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে
৩২ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছে।
এদিকে
গত এক দিনে সারা দেশে ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি
বছর ছাড়পত্র পেয়েছে ৯১ হাজার ২২২ জন।
এ
বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯৩ হাজার ৭৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।
মন্তব্য করুন


সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
সোমবার রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যেমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি, তেমনি দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থ রক্ষায় সাংবাদিকদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা আরও জোরদার করতে হবে। তিনি বলেন, সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারের অংশ হিসেবেই সাংবাদিকদের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এ সময় ভবিষ্যতে সাংবাদিকদের আর্থিক সহায়তার অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিতরণের সম্ভাবনা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন উপদেষ্টা। পাশাপাশি সাংবাদিকরা যেন স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ. এস. এম. জাহীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দুইজন প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের মাঝে ৬ লাখ টাকা, ১১৪ জন সাংবাদিকের চিকিৎসা সহায়তায় ৬৯ লাখ টাকা এবং ৫২ জন অসচ্ছল সাংবাদিককে ২৬ লাখ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ১ কোটি ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে তথ্য উপদেষ্টা গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পরিদর্শন করেন।
মন্তব্য করুন


আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ
ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার
টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।
আজ
মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা
শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল
আলম উপস্থিত ছিলেন।
আজাদ
মজুমদার বলেন, সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে
আগে থেকেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। বাকি কেন্দ্রগুলোতে নতুন করে ক্যামেরা স্থাপন করা
হচ্ছে। এর মধ্যে ২১ হাজার ৯৪৬টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
করা হয়েছে। এসব কেন্দ্রে সিসিটিভি বসানোর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ এই বরাদ্দ
দেওয়া হয়েছে।
তিনি
জানান, বরাদ্দের আওতায় প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কমপক্ষে ছয়টি করে সিসিটিভি ক্যামেরা
স্থাপন করা হবে। ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে থাকা কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসন, সিটি
করপোরেশন ও জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ক্যামেরা বসানো হচ্ছে। ইতিমধ্যে সব জেলায়
এই কার্যক্রম শুরু হয়েছে এবং অনেক এলাকায় তা দ্রুতগতিতে এগোচ্ছে।
উপ-প্রেস
সচিব আরও জানান, কয়েকটি জেলায় প্রায় শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন সম্পন্ন হয়েছে।
এর মধ্যে গাজীপুর জেলা উল্লেখযোগ্য। গাজীপুরে মোট ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪৭টি ঝুঁকিপূর্ণ
হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের অধিকাংশে ইতিমধ্যে বিশেষ বরাদ্দের আওতায় সিসিটিভি
স্থাপন করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোতেও আগামী ৩১ জানুয়ারির মধ্যে ক্যামেরা স্থাপন সম্পন্ন
হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজাদ
মজুমদার বলেন, সারা দেশে ২৯৯টি ভোটকেন্দ্র শনাক্ত করা হয়েছে, যেখানে বিদ্যুৎ সংযোগ
নেই। এসব কেন্দ্রে সৌর বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনকে নির্দেশ
দেওয়া হয়েছে, প্রয়োজনে জেনারেটরের মাধ্যমে হলেও ভোটের দিন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে
হবে।
এদিকে
ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে
ব্যবস্থাপনার বিষয়েও নিকার সভায় আলোচনা হয়েছে। ঢাকার আয়তন ও জনসংখ্যা দ্রুত বাড়ায় আইনশৃঙ্খলা
রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে প্রশাসনিক
পুনর্বিন্যাসের মাধ্যমে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করা যায় কি না, তা নিয়ে
আলোচনা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উত্তর ও দক্ষিণে বিভক্ত করা হবে, নাকি একাধিক
অংশে পুনর্গঠন করা হবে—এ বিষয়ে আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত
হয়নি।
শফিকুল
আলম চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সাম্প্রতিক সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। সেখানে যৌথ বাহিনীর সমন্বয়ে আরও
জোরদার অভিযান চালানো হবে এবং আশপাশের এলাকায় লুট হওয়া অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন
পরিচালনা করা হবে।
মন্তব্য করুন