

নোয়াখালীর
চাটখিল উপজেলায় নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
টিউবওয়েলের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে কৌতুহল ছড়িয়ে পড়েছে।
স্থানীয়
সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন গৃহস্থালির ব্যবহারের জন্য এক মাস আগে
তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। টিউবওয়েল স্থাপনের পর থেকেই
পানির সঙ্গে এক ধরনের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। পানি বের হওয়ার সময় বুদ বুদ শব্দ করে।
এ কারণে পানি ব্যবহার করতে পারছিল না পরিবারটি। বিষয়টি পরীক্ষা করতে আব্দুল মতিন ও
তার পরিবারের সদস্যরা দিয়াশলাই জ্বালালে টিউবওয়েলের মুখে আগুন জ্বলে ওঠে। এ ঘটনার খবর
দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। এতে স্থানীয়দের মধ্যে চরম
উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে
বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত
পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি নিরূপণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আব্দুল
মতিন বলেন, প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরে গ্যাসের গন্ধ পেয়ে সন্দেহ হলে লাইটার
দিয়ে পরীক্ষা করি, তখনই আগুন জ্বলে ওঠে। আমরা এখন আতঙ্কে আছি। দ্রুত পরীক্ষা করার জন্য
প্রশাসনের সহযোগিতা চাই।
এ
বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, বিষয়টি সামাজিক
যোগাযোগমাধ্যমে নজরে এসেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এ বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব
নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও
তিনি জানান।
মন্তব্য করুন


আগামীকাল
ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ
ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নিশ্চিত
করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অন্তর্বর্তীকালীন
সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির
বৈঠক হতে চলেছে।
প্রধান
উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের
মধ্যে আগামীকাল বৈঠক হবে। ব্যাংককে আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ
হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে
কথা বলতে দেখা গেছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ
সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২
থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য করুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ কুমিল্লা সার্কিট হাউজে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলেছেন, নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল, তা আমাদের দেখার বিষয় না। নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হলো কিনা, তা দেখার বিষয়।আমরা শুনছি বিএনপি নির্বাচনে আসতে চায়। দলটি যদি পর্দার আড়ালে জোটবদ্ধ হয়ে নির্বাচনে আসতে চায়, তাহলে সংবিধান অনুযায়ী তফসিল পেছানোর সুযোগ আছে। আমরা সব নিবন্ধিত দলকে চিঠি দিয়েছি। কারা নির্বাচনে আসবে, কারা আসবে না, সেটা দেখার সুযোগ নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। আমরা আশাবাদী, ভোটাররা উপস্থিত হবেন। ভোটারদের উদ্বুদ্ধ করতে আমরা কাজ করব। রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনকে প্রভাবিত করলে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, তফসিলের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আগে যদি পারি, এখন কেন পারব না?
মতবিনিময় সভায় কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি (বিপিএম৬) অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়াল দুই হাজার ১৯ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার বা ২০ দশমিক ১৯ বিলিয়ন ডলারে।
দুই সপ্তাহ ব্যবধানে বৈদেশিক মুদ্রার এ রিজার্ভ আবারো ২০ বিলিয়ন ডলার ছাড়াল।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচক থেকে এ তথ্য জানা গেছে। অন্যদিকে, গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়াল দুই হাজার ৫৩২ কোটি ৭১ লাখ ৪০ হাজার ডলারে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রধানত আমদানি ব্যয় মেটানো তথা বৈদেশিক মুদ্রা লেনদেনে ব্যবহার হয়। এ রিজার্ভ আর্থিক খাতের সক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বৈদেশিক ঋণ, প্রবাসী আয়, বৈদেশিক ঋণ বা সহায়তা রিজার্ভের উৎস। আবার আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণ-সুদ পরিশোধ, বিদেশে চিকিৎসা, শিক্ষাসহ হাজারো খাত রয়েছে ব্যয়ের ক্ষেত্রে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারির শেষে রিজার্ভের পরিমাণ ছিল ২১ বিলিয়ন ডলারের বেশি। ফেব্রুয়ারি মাসের শুরুতে তা নেমে আসে ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে (বিপিএম৬)। আগের সপ্তাহেও রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯৯৩ কোটি ৫১ লাখ ২০ হাজার ডলার। মাসের তৃতীয় সপ্তাহে এসে ১৬ কোটি ১০ লাখ ৫০ হাজার যোগ হয়ে আবারো তা ২০ বিলিয়ন ডলার ছাড়াল।
করোনা মহামারির মধ্যে আমদানি কমে গিয়েছিল। তবে প্রবাসীরা দেশে ফেরার সময় সঞ্চিত অর্থ নিয়ে আসেন। অনেকে বিদেশে থেকেও বাড়িতে স্বজনদের কাছে অর্থ পাঠিয়ে দেন। এতে বাড়ে রিজার্ভ। ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন অতিক্রম করে। করোনার পর যখন দেশে দেশে অর্থনীতি পুনরুদ্ধার শুরু হয়, তখন উল্টো অবস্থা তৈরি হয়। আমদানি ব্যয় বাড়তে থাকে। মূল্যস্ফীতি বাড়ে। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ বিক্রি করে আমদানি ব্যয় সামাল দিতে হয়।
বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে যুক্ত ব্যাংকের একাধিক সূত্র বলছে, ওই সময়ে রিজার্ভ বেড়ে যাওয়ার অন্যতম কারণ ছিল হুন্ডি বন্ধ হয়ে যাওয়া। তখন অধিকাংশ দেশ করোনা মহামারির বিস্তার রোধে অন্য দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়। এতে যেমন ডলার বাড়তে থাকে। আবার আমদানি কমে যাওয়ার কারণে খরচের খাতও ছোট হয়ে আসে।
মন্তব্য করুন


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে রংপুর রাইডার্স দাপুটে জয় দেখিয়ে শুরু করলো। লিটন দাস ও ডেভিড মালানের প্রাণবন্ত ব্যাটিংয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেট ব্যবধানে হারিয়ে নুরুল হাসান সোহানের দল শুরুতেই শক্তিশালী প্রভাব দেখাল।চট্টগ্রাম রয়্যালস প্রথমে ব্যাট করে মাত্র ১০২ রান সংগ্রহ করতে পারে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর মাত্র ৩০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।রংপুরের ওপেনার লিটন দাস ও ডেভিড মালান শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং দেখান। তারা ধীরে ধীরে চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন এবং নিয়মিত বাউন্ডারি হাঁকাতে থাকেন। লিটন দাস ৩১ বলে ৪৭ রান করে আউট হন, তাওহীদ হৃদয় মাত্র ১ রান করে ফিরে যান। মালান ৪৮ বলে ৫১ রান করে ফিফটি তুললেও অপরাজিত থাকতে পারেননি। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ (১*) ও খুশদিল শাহ (৬*) সহজেই দলের জয় নিশ্চিত করেন।টস জিতে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান চট্টগ্রাম রয়্যালসকে ব্যাট করতে পাঠান। ইনিংসের প্রথম বলেই নাহিদ রানার আউট হন ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটনের হাতে। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি। বেগ ২৪ বলে ২০ রান ও নাঈম ২০ বলে ৩৯ রান করেন। এরপর ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানের ধারাবাহিক আঘাতের মুখে চট্টগ্রামের ব্যাটিং দ্রুত ভেঙে যায়। শেষ আটজন ব্যাটারের মধ্যে কেবল আবু হায়দার রনি দুই অঙ্কের রান তুলতে সক্ষম হন—তিনি করেন ২১ বলে ১৩ রান।রংপুরের বোলারদের মধ্যে ফাহিম আশরাফ সর্বাধিক কার্যকর ছিলেন, একাই পাঁচটি উইকেট শিকার করেন। মুস্তাফিজুর রহমান দুটি উইকেট নেন, এবং বাকি তিনটি উইকেট তিনজন বোলার ভাগাভাগি করে নেন।
মন্তব্য করুন


বিএনপি
সরকার গঠন করতে পারলে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা এবং আহতদের ও শহীদদের
স্বজনদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ গঠন করা
হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকার কৃষিবিদ ইনস্টিটিউটে
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজন ও আহতদের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি
এ কথা জানান।
অনুষ্ঠানে
বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, শহীদ ও আহত পরিবারের অনেকেই তাদের কষ্ট ও অভিজ্ঞতার
কথা তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া
সম্ভব হয়নি। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তিনি
আরও বলেন, আপনারা যখন আপনাদের কষ্ট ও ব্যথার কথা জানাতে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা
করেছিলেন, তখন আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাই। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান
ও মর্যাদা রক্ষার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
গঠন করেছিল। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে সেই মন্ত্রণালয়ের
আওতায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজন ও আহতদের জন্য একটি আলাদা ডিপার্টমেন্ট করা
হবে, যাদের দায়িত্ব হবে এ মানুষগুলোর দেখভাল করা।
তারেক
রহমান বলেন, ওই বিভাগ থেকে ক্ষতিগ্রস্তদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি
সহায়তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে, যাতে পরিবারগুলো রাষ্ট্রীয়ভাবে যথাযথ যত্ন
ও সম্মান পায়।
বিএনপির
চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার
গঠন করতে সক্ষম হলে এ শহীদ পরিবারে যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, তাদের যে কষ্টের
কথাগুলো যে কজন মানুষ তুলে ধরেছেন, এ কষ্টগুলো যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি,
যাকে আমরা হারিয়ে ফেলেছি, তাকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন
সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা যেন দেখভাল করতে পারি, তারাও মুক্তিযোদ্ধা,
তারাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য।
‘একাত্তর সালে এ দেশের মানুষ এ দেশের
স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন, এ দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ
স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে ২৪ এর যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা স্বার্বভৌমত্ব
রক্ষায় যুদ্ধ করেছেন।
স্বাধীনতা
স্বার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। মুক্তিযুদ্ধ
মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট করব, যাদের কাজই হবে এ মানুষগুলোর দেখভাল
করা’, যোগ করেন তিনি।
মন্তব্য করুন


রাজধানীর
মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা
বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে
হত্যা করে পালিয়েছে।
জানা
গেছে, নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণি শিক্ষার্থী ছিল।
আজ
সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার ৭তলায় গেছে।
বিষয়টি
নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ
আল মামুন। তিনি বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার
করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত
হওয়া যায়নি। আমরা কাজ করছি।
মো.
আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম
সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে
রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার
পর মারা যায়।
ঘটনাস্থলে
থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
পুলিশের একটি সূত্র বলছে, ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে হত্যার উদ্দেশ্যেই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন


কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত ২০২৪ সালের এইচএসসি ও সমমানের ৪ দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ২৮, ২৯ ও ৩১
জুলাই এবং ১ আগস্টের এইচএসসি
ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া সব পরীক্ষা ১১
আগস্টের পর অনুষ্ঠিত হবে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ৪ দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন


আজ শুক্রবার (৮ নভেম্বর) সেনাবাহিনী প্রধান
জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের
উদ্যোগে আয়োজিত শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলন-২০২৪ উপলক্ষে
ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। সেনাবাহিনী
প্রধান সবাইকে শুভ কঠিন চীবর দান উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান। সেই সাথে
পার্বত্য জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থান হতে আগত সকলকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ধর্মের নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে
উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত।
একইসাথে তিনি সম্প্রীতির দেশ গঠনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে একে
অপরকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি বাংলাদেশের অগ্রযাত্রায়
উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য অনুষ্ঠানে আগত ঢাকাস্থ বিদেশী মিশনের সম্মানিত
কূটনীতিকগনকে ধন্যবাদ জানান।
সেনাবাহিনী প্রধান পার্বত্য জেলা সমূহে শান্তি ও
সম্প্রীতির উন্নয়ন ঘটিয়ে সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পার্বত্য এলাকায়
বসবাসরত পাহাড়ি ও বাঙালিদের সচেষ্ট থাকতে অনুরোধ করেন। এছাড়াও প্রাকৃতিক
সৌন্দর্যমন্ডিত পার্বত্য জেলাসমূহে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয়
ভাষা, সংস্কৃতি ও জীবন বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পার্বত্য জেলাসমূহে অধিকতর স্কুল, কলেজ ও
বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে স্থানীয় শিক্ষার্থীরা তাদের দক্ষতাকে দেশে ও বিদেশে
ছড়িয়ে দিতে সক্ষম হবে।
সবশেষে তিনি সারা দেশব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীগণ
কর্তৃক আয়োজিত অনুষ্ঠানসমূহ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনীসহ সকল
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তার দায়িত্ব পালনে সহযোগিতা করায় বুদ্ধিস্ট
ফেডারেশনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর ২০২৪ তারিখে সেনাসদরে
সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের
প্রতিনিধি দল। সেসময় সেনাবাহিনী প্রধান তিন পার্বত্য জেলায় শুভ প্রবারণা পূর্ণিমা
ও কঠিন চীবর দান উদযাপন উপলক্ষে আর্থিক ও নিরাপত্তা সহযোগিতা প্রদানের অঙ্গীকার
ব্যক্ত করেন। এ ছাড়া ব্যক্তিগত ভাবে তিনি পার্বত্য চট্টগ্রামে উৎসব সমূহ পালন করার
জন্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান
করেছিলেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বাংলাদেশ
বুদ্ধিস্ট ফেডারেশনের অনুকূলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে এক কোটি টাকার চেক
অনুদান হিসেবে প্রদান করেন। বিশেষভাবে উল্লেখ্য যে, এ বছর পার্বত্য চট্টগ্রামসহ
সারাদেশে ২৬৬টি বৌদ্ধ বিহারে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ কঠিন চীবর
দান পালিত হয়েছে।
পরিদর্শনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব
জেনারেল স্টাফ ও জিওসি ৯ পদাতিক ডিভিশন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানের সভাপতি
শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের মহোদয়, প্রধান ধর্মদেশক ভদন্ত এস লোকজিৎ মহাথের
মহোদয়সহ বিভিন্ন বিহার থেকে আগত পূজনীয় ভিক্ষুসংঘ, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ
কর্মকর্তা, সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব, ঢাকাস্থ বিদেশী মিশনের কূটনীতিক ও
সর্বস্তরের বৌদ্ধ ধর্মাবলম্বী গন এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


গাম্বিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি: নিহত অন্তত ৭, নিখোঁজ অনেকে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিবাসীবাহী একটি নৌকা দুর্ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এখন পর্যন্ত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে দুই শতাধিক মানুষ ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের অনেকেই এখনো নিখোঁজ।
গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মধ্যরাতের দিকে নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের উপকূলের কাছে নৌকাটি উল্টে যাওয়ার খবর পাওয়া যায়। পরে সেটিকে একটি বালুচরে আটকে থাকা অবস্থায় শনাক্ত করা হয়।
খবর পাওয়ার পরপরই নৌবাহিনীর তিনটি স্পিডবোট, একটি উপকূলীয় টহল জাহাজ এবং স্থানীয় জেলেদের একটি মাছ ধরার নৌকা নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনো উদ্ধারকৃতদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনাটি আবারও পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ সমুদ্রপথের ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক ৪৬ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছান।
অন্যদিকে মানবাধিকার সংগঠন ‘কামিনান্দো ফ্রোনতেরাস’ জানিয়েছে, একই পথে যাত্রা করতে গিয়ে গত বছরে ১০ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৫৮ শতাংশ বেশি।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মামলা দায়েরের পর শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় নীল-হলুদ রঙের, রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপসহ ডাকাতদলের ৭ সদস্যকে আটক করা হয়। তবে আরো ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের সর্দার সাদ্দাম হোসেনের বাসা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাদ্দাম হোসেন (৩২) ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে, মো. সুমন (৩০) কুমিল্লা কোতোয়ালি উপজেলার আলেখারচর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে, মো. দুলাল মিয়া (২৮) কুমিল্লার বুড়িচং উপজেলার আলতাব আলীর ছেলে, মো. সোলেমান রুবেল (৩৫) ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে, ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫) নোয়াখালী কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে, মামুনুর রশিদ সোহাগ (৩৫) লক্ষ্মীপুর রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে, মো. শাহীন (২৫) ভোলা চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের শাহজাহানের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারের পর দণ্ডবিধি ৩৯৯/৪০২ ধারা এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের অভিযান এখনো চলমান।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
মন্তব্য করুন