

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক বিএনপি নেতার বাড়িতে ঢুকে হামলা ও
গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তিনি ও তাঁর মা গুলিবিদ্ধ হন। গতকাল রোববার রাতে
এ হামলার ঘটনা ঘটে।
আহত ওসমান গণি (৪২) রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড
বিএনপির সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম সরফভাটা গ্রামের বাসিন্দা। দুর্বৃত্তরা চাপাতি
দিয়ে তাঁর একটি হাতে ও পিঠে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর বাবা রশিদ আহমদ আহত
হন। গুলিবিদ্ধ হন মা আছিয়া বেগম (৭০)।
পরিবারের সদস্যদের ভাষ্য, ওসমান গণি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত
হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা
চালায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে তিন–চারজন
চাপাতি ও বন্দুক নিয়ে ওই বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ও হামলা চালায়। পরে তারা পালিয়ে
গেলে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যান। ওসমানের মা ও বাবাকে সেখানে চিকিৎসা দেওয়া হয়। ওসমানের অবস্থা
আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি
করা হয়।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন,
ওসমান গণির শরীরে একাধিক গুলি লেগেছে। এর মধ্যে পেটে লাগা গুলিটি গুরুতর।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল
উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ঘটনার পরপর পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি, তবে অপরাধীদের
গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন


বর্তমানে
দেশে সুস্থ ধারার রাজনীতিতে তিনটি উপাদান বিরাজ করছে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী
জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার
বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় পুরোপুরি বদ্ধপরিকর।
তিনি বলেন, ‘ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে ধর্মীয় মূল্যবোধের সীমানাকে রক্ষা করতে পারলে,
বাংলাদেশকে পরাজিত করার মতো কোনো শক্তি আর থাকবে না।’
আজ
শনিবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিশিষ্ট রাজনীতিবিদ
‘মশিয়ূর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান
আলোচকের বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তথ্য
মন্ত্রী বলেন, ‘মশিয়ূর রহমান যাদু মিয়া ছিলেন সেই দূরদর্শী নেতা, যিনি মাওলানা ভাসানীর
ধানের শীষ প্রতীককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায়
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই ধানের শীষের নেতৃত্ব আজ তারেক রহমানের হাতে।’
তিনি বলেন, এই রাজনৈতিক প্রতীকী রূপান্তরের পেছনে যাদু মিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও কৃতিত্ব
মিশে আছে। মাত্র ৫৫ বছর বয়সে তিনি মারা গেলেও আজকের গণতান্ত্রিক ও বহুদলীয় রাজনীতির
ভিত্তিভূমি তিনিই তৈরি করে দিয়েছিলেন।
জহির
উদ্দিন স্বপন দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমাদের সরকার অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশী জাতীয়তাবাদকে
মূর্তমান করার কাজ করছে। আমাদের স্পষ্ট কথা—সবার আগে বাংলাদেশ। এ সময় তিনি আরও বলেন, দিল্লির প্রতি যাদের মোহ রয়েছে
কিংবা পিন্ডির প্রতি যাদের টান রয়েছে, আমরা ‘সবার আগে বাংলাদেশ’
স্লোগান দিয়ে সেই মোহগ্রস্তদের ঘুম ভাঙাতে চাই। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের
গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘একটি মহল অবাধ নির্বাচনকে বিতর্কিত
ও প্রলম্বিত করতে চেয়েছিল। কিন্তু আমরা গণতান্ত্রিক রাজনীতির অনিবার্য অনুষঙ্গ নির্বাচনকে
সফলভাবে বাস্তবায়ন করেছি। তিনি আরও বলেন, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা
শুরু হয়েছে। ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় রাজনীতি নতুন করে
প্রাণ ফিরে পেয়েছিল, যা পরবর্তীতে স্বৈরাচার এরশাদ ছিনতাই করেছিল, শেখ হাসনার শাসনামলে
ভুলন্ঠিত হয়েছিল, আমি-ডামি নির্বাচন, নিশি রাতের নির্বাচন ও এক তরফা নির্বাচনের মধ্য
দিয়ে।
তথ্য
ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন,
‘আজ তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও সংসদীয় গণতন্ত্র ও রাজনীতির যাত্রা শুরু
হয়েছে।’আলোচনা সভায় মন্ত্রী তার বক্তব্যে ৭৫-এর পটপরিবর্তনের কথা
উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসনের কারণেই সেই ভয়াল রাজনৈতিক প্রেক্ষাপট
তৈরি হয়েছিল। তিনি বলেন, ‘খন্দকার মোশতাক থেকে শুরু করে বিচারপতি সায়েম সাহেব পর্যন্ত
যে নৈরাজ্য তৈরি হয়েছিল, সিপাহী-জনতা শহীদ জিয়াউর রহমানকে মুক্ত করার মাধ্যমেই সেই
নৈরাজ্য থেকে জাতিকে উদ্ধার করেছিল। এ সময় মন্ত্রী আরও বলেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার
মতো নেতারা সেদিন শহীদ জিয়ার পাশে দাঁড়িয়েছিলেন বলেই আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো জন্ম
নিয়ে সংসদে ফিরে আসার সুযোগ পেয়েছিল।
বিশিষ্ট
ছড়াকার আবু সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা
হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
এ
ছাড়া অন্যান্যদের মধ্যে এতে বক্তব্য রাখেন— গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও ভাসানী
জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ দিদার
বকত ও রাজনীতিবিদ রিটা রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন


বাংলাদেশে এ বছর তিন তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ল - মোখা, হামুন ও মিধিলি।
আগামী ২৬ নভেম্বর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিচাং সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকরা জানিয়েছেন ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা প্রবল ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে আগামী তিন দিনে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপটি আগামী ২৬ নভেম্বর সৃষ্টি হতে পারে, যা ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিচাং সৃষ্টির প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। বাংলাদেশে আঘাত হানবে কি না, তা ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি দেখে পরবর্তীতে জানা যাবে। এই ঘূর্ণিঝড়টি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড পথকস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেলের পূর্বাভাস বিশ্লেষণে এমন তথ্য দেখা গেছে।
নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিন সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এরপর ২৪ অক্টোবর দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে প্রাণহানি এবং বসতবাড়ি ও ফসলও নষ্ট হয়। তারপর গত ১৮ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি।’
মন্তব্য করুন


স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব
ভূঁইয়া বলেছেন, সমন্বিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে রাজধানী ঢাকার
বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম।
উপদেষ্টা
আসিফ মাহমুদ বলেন, যারা ঘামের বিনিময়ে এই শহরকে পরিচ্ছন্ন রাখেন, তাঁরা আমাদের নীরব
নায়ক। ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন ঢাকা-এটাই কর্মের শক্তি, এটাই নিষ্ঠার গল্প। তারা
প্রচারে নেই, তবে তাদের কাজই শহরের মুখ। কোরবানির ঈদের আসল বীরদের প্রতি গভীর শ্রদ্ধা।
উপদেষ্টা
আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের
সমন্বিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম।
এটি শুধু দক্ষতা ও কর্মদক্ষতার প্রতিফলন নয়, বরং জনকল্যাণে নিবেদিত স্থানীয় সরকারের
দায়িত্বশীলতা ও সময়োপযোগী পদক্ষেপের বাস্তব প্রমাণ।
এর
আগে ঢাকার দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সরেজমিনে অংশ নেন স্থানীয়
সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। দুই সিটি কর্পোরেশনের প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মীর
অক্লান্ত পরিশ্রম এবং নগরবাসীর দায়িত্ববোধের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন
উপদেষ্টা আসিফ মাহমুদ।
সেবা
কার্যক্রমে যুক্ত প্রত্যেক পরিচ্ছন্নতা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তাদের জন্য বিশেষ
খাবার ও প্রণোদনার কথাও বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
উপদেষ্টা
আসিফ মাহমুদ ঈদুল আযহা উদযাপন শুরুর প্রাক্কালে বলেন, কোরবানির আনন্দ হোক সুস্থ, পরিচ্ছন্ন
ও পরিবেশবান্ধব। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জনগণের সমন্বিত
প্রচেষ্টায়, আমরা পারি ঈদের দিনকেও পরিচ্ছন্ন রাখতে। ত্যাগের এই দিনে আমাদের দায়িত্ব
কেবল কোরবানিতেই শেষ নয়, পরিবেশ রক্ষা করাটাও বড় ইবাদত।।আসুন সবাই মিলে নিজ নিজ এলাকার
কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ি।
মন্তব্য করুন


ফরিদপুর
জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে বহিরাগতদের হামলায় জেমসের (নগর
বাউল) সংগীতানুষ্ঠান পণ্ড হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর)
রাত সাড়ে ৯টার দিকে স্কুল প্রাঙ্গণে জেমসের সংগীত পরিবেশনের কথা ছিল।
প্রত্যক্ষদর্শী
ও আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠান শুরুর ঠিক আগমুহূর্তে বহিরাগত কয়েকজনকে অনুষ্ঠানস্থলে
প্রবেশে বাধা দেওয়া হলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা করে। এ সময় স্কুলের
শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষুব্ধরা ঘটনাস্থল
ত্যাগ করতে বাধ্য হয়।
পরিস্থিতির
অবনতি হলে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে
ঘোষণা দেন, উদ্ভূত পরিস্থিতির কারণে জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠান বাতিল
করা হয়েছে।
বর্ষপূর্তি
অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান গণমাধ্যমকে বলেন, জেমসের
অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎ হামলার ঘটনা ঘটে। ইটের আঘাতে
আমাদের স্কুলের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা
প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি।
উল্লেখ্য,
বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ও উদযাপন পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন,
শপথবাক্য পাঠ এবং ব্যানার-ফেস্টুন ও ঘোড়াগাড়িসহ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে
দুই দিনব্যাপী ১৮৫ বর্ষপূর্তি অনুষ্ঠানমালা শুরু হয়। শুক্রবার রাতে র্যাফেল ড্র, সাংস্কৃতিক
অনুষ্ঠান ও ব্যান্ড তারকা জেমসের পরিবেশনার মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হওয়ার কথা
ছিল।
মন্তব্য করুন


গত ২০ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩
ডিগ্রি, মোংলায় ৪১ দশমিক ৭ ডিগ্রি, ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬ ডিগ্রি, খুলনায় ৪১ দশমিক
২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও মৃদু
থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, এখনো যা বিদ্যমান আছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আবহাওয়াবিদ মো.
শাহীনুল ইসলাম জানিয়েছেন, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৫ এপ্রিল) হতে
পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি
বাড়তে পারে।
এর
আগের আরও তিনবার তথা গত ৩, ১৯ ও ২২ এপ্রিল তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি করা
হয়েছিল। তবে প্রথম দুইবার তাপমাত্রা বাড়ার আভাস ছিল।
চলতি
মাসে টানা তাপপ্রবাহ চলছে। মাঝে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে গেলে বর্তমানে কিছুটা
কমেছে।
২০২৩
সালের ১৬ এপ্রিল আগের ৫৮ বছরের মধ্যে ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ, ৪০ দশমিক ৬
ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি
সেলসিয়াসে।
এর আগে ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ
তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, এই রেকর্ড
এখনো ভাঙেনি।
মন্তব্য করুন


গতকাল রোববার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত
হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী। উত্তীর্ণদের
মধ্যে ছাত্র ৮ লাখ ৬ হাজার ৫৫৩ এবং ছাত্রী ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী উত্তীর্ণ
শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ২৬ মে।
সোমবার (১৩ মে) দুপুরে শিক্ষা
মন্ত্রণালয়ে আন্ত:শিক্ষা বোর্ডের সাথে মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া এ সিদ্ধান্ত এর বিষয়টি
নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত)
অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভুঁঞা বলেন, ২৬ মে থেকে একাদশে ভর্তির আবেদন শুরু হবে।
বিষয়টি চূড়ান্ত করতে আজ দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় আর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
।
চলতি বছর অনলাইনে নির্ধারিত
ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী
যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি
কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
শিক্ষা বোর্ড বলছে, এবার
সারা দেশে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ২৪ লাখ যা পাস করা শিক্ষার্থীদের তুলনায় অনেক
বেশি। তাই ভর্তিতে কোনো ধরনের সংকট হবে না।
তবে যেসব শিক্ষার্থী বিশেষ
চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির
জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া প্রবাসীদের সন্তান
ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এক্ষেত্রে
বোর্ড প্রমাণপত্র যাচাই-বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নেবে।
মন্তব্য করুন


ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দিতে
রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটের
দিকে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।
তবে বিমান থেকে নামার সময় তারেক রহমান নিজেই লাগেজ
নিয়ে নেমেছেন। এমন একটি ছবি কালবেলার ক্যামেরায় ধরা পড়ে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করে তারেক রহমান
ইতোমধ্যেই বেশকিছু ব্যতিক্রমী কর্মকাণ্ড করেছেন। যার জন্য তিনি প্রশংসায় ভাসছেন। মানবিক
এই নেতা এর আগে গত ২০ জানুয়ারি রাজধানীর মহাখালীতে কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শুরুর আগে এক হুজুর মঞ্চের সামনে
এগিয়ে এলে বসার জন্য চেয়ার প্রয়োজন হয়। তখন তারেক রহমান নিজের ব্যবহৃত চেয়ারটি এগিয়ে
দেন।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা
নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শুধু তাই নয়, তারেক রহমান দেশে ফেরার পর বেশ কয়েকজন নেতা
তাকে পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে তিনি সেটি করতে দেননি। এমন নানা প্রশংসিত কাজ করে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। আর আজ রাজশাহী
বিমানবন্দরে বিমান থেকে নামার সময় নিজের লাগেজ নিজে বহন করে দৃষ্টান্ত স্থাপন করলেন
তিনি।
দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী
সমাবেশে উপস্থিত হন। এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও
নাটোরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এরপর বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী
জনসভায় ভাষণ দেবেন। এ জনসভায় জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন। সেখান থেকে তিনি সড়কপথে
নিজ জেলা বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় তারেক রহমান বগুড়ায়
আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। রাত সাড়ে ৮টায় রাতযাপনের
উদ্দেশে তিনি হোটেল নাজ গার্ডেনে চলে যাবেন।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা
ময়দানে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়। সকাল থেকেই
রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা-উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন
এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। মানুষের ঢলে মাদ্রাসা ময়দান
ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সকাল থেকেই রাজশাহী নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা
থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। মিছিলে নানা ধরনের
স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো ময়দান। সংসদ সদস্য প্রার্থীদের বড়
বহর মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। বিপুল মানুষের চাপে সমাবেশস্থলের আশপাশের
সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় গাছ,
উঁচু দেয়াল ও বিভিন্ন স্থাপনার ওপর উঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তরুণ, যুবক, বৃদ্ধ-
সব বয়সী মানুষের উপস্থিতিতে মাদ্রাসা ময়দান পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা
বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের
সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আকাশে ড্রোন
উড়তে দেখা গেছে, যার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্তব্য করুন


নির্বাচন
কমিশন (ইসি) আগামী শনিবার (২৭ ডিসেম্বর) তফসিলি ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে
চিঠি দিয়েছে।
বুধবার
(২৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে
ইসলামীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব
আখতার আহমেদ।
তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি আগামী
শনিবার তফসিলি ব্যাংকগুলোকে খোলা রাখতে। যা মনোনয়নপত্র দাখিলের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়,
ব্যাংকের ট্রানজেকশনের কোনো বিষয় থাকলে সেটা যেন সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা
ঠিকমত সম্পন্ন করতে পারেন।’
বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সংবর্ধনায়’ আচরণবিধি লঙ্ঘন হবে কি না, এ বিষয়ে
নির্বাচন কমিশন দেখভাল করবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন বলেন,
‘সেটি রিটার্নিং অফিসার দেখবেন।’
মন্তব্য করুন


পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান লন্ডনে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশ
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এই সম্মেলনে ৫৬টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা বহুপাক্ষিক
সহযোগিতা জোরদার করা এবং চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি
নিয়ে আলোচনা করেন।
লন্ডনের
ল্যাঙ্কাস্টার হাউসে রোববার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী
ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং সংস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা
নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
লন্ডনে
অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আজ সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক
উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
বৈঠকে
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিয়ম-নীতি ভিত্তিক আন্তর্জাতিক
ব্যবস্থার অবক্ষয় এবং বৈশ্বিক প্রতিষ্ঠান ও রীতিনীতির সামনে বাড়তে থাকা চ্যালেঞ্জগুলো
নিয়ে পররাষ্ট্রমন্ত্রীরা মতবিনিময় করেন।
বিশ্বজুড়ে
নতুন করে দেখা দেওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কমনওয়েলথের ভূমিকা এবং সদস্য দেশগুলোর
সম্মিলিত সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও তারা আলোচনা
করেন।
আগামী
১-৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের
(সিএইচওজিএম) আলোচ্যসূচি এবং নীতিগত অগ্রাধিকারগুলোও এই বৈঠকে নির্ধারিত হয়।
বাংলাদেশ
প্রতিনিধিদল সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন
কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে বলে আশা করা হচ্ছে।
কূটনৈতিক
সূত্রগুলো জানিয়েছে, ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের
সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের বড় সুযোগ
হিসেবে দেখা হচ্ছে এই সম্মেলনকে।
এই
পদের জন্য বাংলাদেশের প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফিলিস্তিন
তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এখন এই পদের জন্য সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা
করবে বাংলাদেশ। আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব করেছিল। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী
হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য,
২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনের মাধ্যমেই আজ সোমবার থেকে ৫৬টি সদস্য
রাষ্ট্রের বার্ষিক ‘কমনওয়েলথ দিবস’ উদযাপনের কার্যক্রম শুরু হলো। প্রতি
বছর মার্চের দ্বিতীয় সোমবার এই দিবসটি পালন করা হয়। সফর শেষে বাংলাদেশ প্রতিনিধিদল আগামী ১২ মার্চ দেশে
ফিরবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন


আগামী
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ
ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ
রোববার ( ০৭ ডিসেম্বর ) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে
নির্বাচন কমিশনের (ইসি) কমিশনারগণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে
সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান।
বৈঠকে
নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার
জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত
ছিলেন।
জাতীয়
নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন
মিয়াও বৈঠকে যোগ দেন। বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব
ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ
সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য নির্বাচন
কমিশনাররা।
নির্বাচনের
প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও
প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান।
তিনি
বলেন, ইতোমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী
আমেজ সৃষ্টি করেছে।
এ
সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু
ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে
সরকার।’
তিনি
বলেন, ‘জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদেরকে
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।’
প্রধান
উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে
এগিয়ে চলছি।
মন্তব্য করুন