

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বাস খাদের কিনারে চলে যায়। এ সময় অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী । মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় নিউ শুকতারা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ।
শুকতারা বাসের যাত্রী সুজন মিয়া চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জে যাচ্ছিলেন । তিনি জানান, আলেখারচর বিশ্বরোড এলাকায় আসার পর একটি প্রাইভেট কার ও একজন বৃদ্ধকে বাঁচাতে গিয়েই বাসটি খাদের কিনারে চলে যায় । আর একটু সামনে গেলেই অনেক হতাহতের ঘটনা ঘটে যেত ।
শুকতারা বাসের হেল্পার ইসলাম উদ্দিন আমার দেশকে বলেন, ‘আলেখারচর বিশ্বরোড এলাকায় আমাদের বাসের গতি কিছুটা কম ছিল । এক বৃদ্ধ এ সময় রাস্তা পার হচ্ছিলেন । আমি বারবার চিৎকার করেও তাকে সরাতে পারিনি । এ কারণে আমাদের বাসটি বাম দিকে পুকুরের দিকে চলে যায় । চালকের দক্ষতার কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি।’
নিউ শুকতারা পরিবহনের চালক ইউসুফ আলী বলেন, এক বৃদ্ধকে বাঁচাতে গিয়েই আমাকে বাম পাশে ইউট্রান নিতে হয়েছে । গাড়ির গতি অনেক কম ছিল । গাড়ির যাত্রীদের বড় ধরনের ক্ষতি হয়নি ।’
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দল মোমেন বলেন, বাসটি উদ্ধারের জন্য দুটি রেকার আনা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি । মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ জানুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় পদুয়ার বাজার এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স সরকার এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চাষাপাড়া এলাকার মেসার্স উজ্জ্বল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশপাশের অন্য দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে বিকেল পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি দল।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


বিএনপির
চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের
তালিকায় জায়গা করে নিয়েছেন।
সামাজিক
যোগাযোগমাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত শীর্ষ ১শ ফেসবুক কনটেন্ট
ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৩ নম্বরে।
সোশ্যাল
ব্লেডের Top 100 Facebook Creators by Social শীর্ষক তালিকা অনুযায়ী, ফেসবুকে প্রকাশিত
কনটেন্টের সংখ্যার বিএনপির চেয়ারম্যান বিচারে তারেক রহমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে অবস্থান করছেন।
সোশ্যাল
ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে
ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয়।
এই
মানদণ্ডে তারেক রহমান বর্তমানে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব
ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন।
বিশ্লেষকদের
মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে ঘিরে ব্যাপক আলোচনা ও সক্রিয়তার প্রতিফলন
হিসেবেই এই তালিকায় তার অবস্থান নিশ্চিত হয়েছে।
মন্তব্য করুন


জনগণের চাহিদার কথা বিবেচনা করে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য বাংলালিংক প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে বাংলালিংক প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে একথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সব মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে।
ভিওন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কান টার্জিওগ্লু বাংলাদেশে সিম কার্ডের ট্যাক্স কমানোর কথা বললে উপদেষ্টা বলেন, ট্যাক্সের সঙ্গে অর্থ মন্ত্রণালয় জড়িত, তাই এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন কান টার্জিওগ্লু।
বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী জনপ্রিয় অ্যাপ্লিকেশন টফির ব্যবহারে বিভিন্ন বাঁধার কথা উল্লেখ করলে উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ সময় বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এস, প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪-জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
মন্তব্য করুন


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকে স্যার ভাবার দরকার নেই। আমাকে স্যার বলারও দরকার নেই। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার ছবি যত কম প্রচার করা যায় তো ভালো।
রবিবার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে
তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নাহিদ
বলেন, নিরপেক্ষ সংবাদ এবং স্বাধীন গণমাধ্যম নিয়ে আমাদের খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। কারণ, গণমাধ্যমের স্বাধীনতাকে গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। কাজেই আমরা যদি গণতন্ত্র চাই, গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমে কী ধরনের বাধা রয়েছে কিংবা এর সমাধান নিয়ে গণমাধ্যমের মানুষদের সঙ্গে কথা বলেই মূলত আমরা কার্যক্রম বাস্তবায়ন করব। যেসব অভিযোগ রয়েছে, সেগুলোকে বিবেচনায় নিয়ে প্রয়োজনে আমরা সেন্সর বোর্ডকে পুনর্গঠন করার উদ্যোগ গ্রহণ করব।
এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।
সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান তথ্য উপদেষ্টা।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমাদের সংবিধানে বলা আছে। দেশের মালিক জনগণ জনগণের হাতেই সকল ক্ষমতা। তারা ঠিক করবে। আগামী পাঁচ বছর কারা দেশ চালাবে, কিভাবে চলবে। জেলা পর্যায়ের পরে প্রতিটি উপজেলা পর্যায়ে ভোটার গাড়ি যাবে।
৫ জানুয়ারি সোমবার কুমিল্লা টাউন হল মাঠে ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন এর আওতায় নির্বাচনী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোটের গাড়ির মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, ভোটের গাড়ি এখন কুমিল্লায়। আপনারা সবাই নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোটে অংশ নিবেন। দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশে কোন অংশগ্রহণমূলক ভোট গ্রহণ পাইনি। যাদের বয়স ৩০ থেকে ৩৫ বের তারা কখনো ভোট দিতে পারেনি। এমন অনেকেই আছে। এই অবস্থার অবসান আমরা এবার করতে যাচ্ছি। এই অবস্থার অবসানের জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, কুমিল্লা জেলা পুলিশকে বলা হয়েছে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার জন্য । জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাও নির্বাচন সুষ্ঠু করার জন্য বলেছেন ।
প্রশাসন বিএনপি'র দিকে ঢুকে গেছে এ বিষয়ে জানতে চাইলে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সরকারের পক্ষ থেকে বলা আছে প্রশাসন নিরপেক্ষ থাকবে। এ ধরনের কোন বিচ্যুতি যাতে না ঘটে প্রশাসনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। আমি আশা করছি অনেকের আশঙ্কা ভুল প্রমাণ করে সুষ্ঠু নিরপেক্ষ ভোট কখনো তারা অঙ্গীকারবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন অফিসার হাবিবুর রহমান কুমিল্লা জেলার প্রশাসনে কর্মকর্তা ও কর্মচারীরা।
মন্তব্য করুন


ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালামের ২৩ নভেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব অনিয়মের তদন্ত করতে ৩০০ বিচার বিভাগীয় অনুসন্ধান কমিটি নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রতি জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ৩০০ আসনের জন্য ৩০০ নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করল ইসি।
নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে তা অনুসন্ধানপূর্বক তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশনকে অবহিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের কাছে পাঠাবেন এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার ওই অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠাবেন। এর পর তা পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।
নির্বাচনী অনুসন্ধান কমিটি কর্তৃক দায়িত্ব পালনকালে ০১(এক) জন বেঞ্চ সহকারী/ স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন।
এদিকে জেলা প্রশাসককে ইসি নির্দেশ দিয়েছে , কমিটির কর্মকর্তাদের চাহিদা এবং প্রয়োজন অনুসারে সার্বক্ষণিকভাবে জিপগাড়ি বা মাইক্রোবাস বা স্পিডবোট এবং ক্ষেত্রমতো প্রয়োজনীয় যানবাহন সরবরাহের ব্যাবস্থা রাখার।
একইসঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরাপত্তার স্বার্থে অনুসন্ধান কমিটির কর্মকর্তাদের সঙ্গে পুলিশ বাহিনীর ০২(দুই) জন অস্ত্রধারী সদস্যকে নিয়োগ করার জন্য সব পুলিশ কমিশনার/পুলিশ সুপারকেও নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি পর্যন্ত।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় বাসের মালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আনুমানিক ১১ টার দিকে তাঁকে রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ মাঝির বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাস দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসে আগুন লেগে যায় এবং পাশের মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে, বাসের যাত্রী এক শিশু ও এক নারী নিহত হন। আরও ২৬ জন যাত্রী আহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, ইউসুফ মাঝিকে রোববার কুমিল্লা আদালতে নেওয়া হয়। এরপর আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মন্তব্য করুন


আজ
বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর ), খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন।
ধর্মীয়
বিশ্বাস অনুযায়ী, এ দিনেই ফিলিস্তিনের বেথলেহেমে জন্মগ্রহণ করেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক
যিশুখ্রিষ্ট। তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিশ্বজুড়ে খ্রিষ্টান সম্প্রদায় প্রার্থনা, ধর্মীয়
আচার ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও
আজ বড়দিন উদযাপন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে। এ উপলক্ষ্যে দেশে
সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খ্রিষ্টান ধর্মানুসারীরা গির্জায় বিশেষ প্রার্থনার পাশাপাশি
পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন।
বড়দিন
উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গির্জাগুলো সাজানো হয়েছে নতুন রূপে।
আলোকসজ্জা, ফুল, ব্যানার ও ধর্মীয় প্রতীকে গির্জাগুলো উৎসবের আবহে সজ্জিত করা হয়েছে।
গত সন্ধ্যা থেকেই অনেক গির্জা ও স্থাপনায় আলোর ঝলকানি বড়দিনের আনন্দকে আরও প্রাণবন্ত
করে তুলেছে। খ্রিষ্টান পরিবারগুলোতেও বড়দিনকে ঘিরে রয়েছে বিশেষ প্রস্তুতি। ঘরে ঘরে
তৈরি হচ্ছে কেক ও ঐতিহ্যবাহী খাবার। পরিবারের সদস্যদের একত্রে সময় কাটানো, খাওয়াদাওয়া
ও আনন্দ উপভোগ বড়দিনের অন্যতম অনুষঙ্গ। অনেক এলাকায় ধর্মীয় সংগীত ও প্রার্থনাসভা আয়োজন
করা হয়েছে, যেখানে অংশ নিচ্ছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। অনেকেই আত্মীয়স্বজনের
সঙ্গে সময় কাটাতে রাজধানী ও বড় শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। পরিবারকেন্দ্রিক এই
আনন্দই বড়দিনের উৎসবকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
রাজধানীর
বিভিন্ন স্থানে বড়দিনের আমেজ চোখে পড়ছে। ক্রিসমাস ট্রি, শান্তা ক্লজ ও আলোকসজ্জায় সেজেছে
বিভিন্ন ভবন ও স্থাপনা। বড়দিনের আগের রাতে অনেক গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা
হয়। আজ সকালেও বিভিন্ন গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শান্তি, সৌহার্দ্য
ও মানবকল্যাণ কামনা করা হয়।
খ্রিষ্টানদের
বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিষ্ট মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পৃথিবীতে
আগমন করেছিলেন। তাঁর শিক্ষা মানবপ্রেম, ক্ষমা, সহনশীলতা ও শান্তির বার্তা বহন করে।
বড়দিনে সেই শিক্ষার আলোকে সমাজে মানবিকতা ও ন্যায়বোধ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা
হয়।
ঢাকার
গির্জাগুলোতে বড়দিনের প্রস্তুতি চোখে পড়ার মতো। তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জা
ও মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চে করা হয়েছে বিশেষ সাজসজ্জা।
পবিত্র
জপমালা রানীর গির্জায় আজ সকাল সাতটা ও নয়টায় এবং সেন্ট ক্রিস্টিনা চার্চে সকাল আটটায়
বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এসব প্রার্থনায় অংশ নেন হাজারো মানুষ। গির্জায় আগত
যিশুভক্তরা জানান, তারা প্রার্থনা ও ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে শান্তি, ভালোবাসা ও মানবতার
আহ্বান জানাচ্ছেন। অনেকে নীরবে মোমবাতি জ্বালিয়ে যিশুখ্রিষ্টের আদর্শ স্মরণ করছেন।
সেন্ট ক্রিস্টিনা চার্চের পাল পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন বলেন, এবারের বড়দিনে বিশ্ব ও দেশের শান্তির জন্য প্রার্থনা করা হচ্ছে, যা সব ধর্মের মানুষের কল্যাণ কামনায় নিবেদিত। পবিত্র জপমালা রানীর গির্জার পুরোহিত ফাদার জয়ন্ত এস গোমেস বলেন, যিশুখ্রিষ্ট প্রান্তিক মানুষের মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠাই এবারের প্রার্থনার মূল বিষয়।
বড়দিন
উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক
বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ,
যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে। তিনি এই সৌহার্দ্য আরও
দৃঢ় করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান
উপদেষ্টা তাঁর বাণীতে যিশুখ্রিষ্টকে মানবজাতির মুক্তির দূত ও আলোর দিশারি হিসেবে অবহিত
করে বলেন, যিশু শান্তি, সত্য ও ন্যায়ের বাণী প্রচার করে গেছেন। তিনি খ্রিষ্টধর্মাবলম্বীদের
দেশপ্রেম ও মানবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার
আহ্বান জানান।
শুভ
বড়দিন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক, যা সমাজে
শান্তি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় মানুষকে অনুপ্রাণিত করে।
মন্তব্য করুন


বাংলাদেশ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হলে তারা কারও উপর প্রতিশোধ
নেবেন না। দেশ সকল নাগরিকের, কোনও একক গোষ্ঠীর নয়।
তিনি
বলেন, ‘৫ আগস্টের পর আমরা স্পষ্টভাবে ঘোষণা করেছি যে, আমরা কারও উপর প্রতিশোধ নেব না।
অন্যায়ভাবে কাউকে মামলায় আসামি করা হবে না। জামায়াত অন্যায়ভাবে একটা মানুষকেও মামলার
আসামি করেনি।’
আজ
সোমবার ( ২৬ জানুয়ারি ) কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর নির্বাচনী
জনসভায় জামায়াত আমির এসব কথা বলেন।
তিনি
বলেন, জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে, বারবার কারারুদ্ধ করা হয়েছে, দলীয় অফিস বন্ধ
করে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, দলের নিবন্ধন বাতিল করা হয়েছে
এবং অবশেষে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। ‘এতকিছুর পরেও, ৫ আগস্ট রাতে আমরা ঘোষণা করেছি
যে, আমরা কোন প্রতিশোধ নেব না।
আবরার
ফাহাদের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, শহীদ এই শিক্ষার্থী
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি বলেন, ‘আবরার ফাহাদ নিজেই এক বিদ্রোহী
বিপ্লবের নাম। আধিপত্যের বিরুদ্ধে কলম ধরাই ছিল তার একমাত্র ‘অপরাধ’,
যার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান
প্রমাণ করেছে যে, বাংলাদেশের সাহসী যুবসমাজ আল্লাহ ছাড়া কাউকেই ভয় করে না। গত বছরের
জুলাইয়ে যাদের নেতৃত্বে জাতি সংগ্রাম করে মুক্তি অর্জন করেছে, সেই সব শহীদের প্রতি
আমি গভীর শ্রদ্ধা জানাই।’
কুষ্টিয়া
প্রসঙ্গে জামায়াত আমির বলেন, পদ্মা ও গড়াই নদী অববাহিকা অঞ্চল কার্যত অব্যবস্থাপনার
কারণে মরুভূমিতে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘উজান থেকে পানি এলে তা নদীর মধ্যে থাকে না।
দুই তীর উপচে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। বছরের পর বছর নদী ভাঙনে অসংখ্য মানুষের স্বপ্ন
চুরমার হয়ে গেছে।’ তিনি নদীকে আল্লাহর এক বিশেষ নিয়ামত
হিসেবে উল্লেখ করে বলেন, এই নিয়ামত ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে। প্রতি বছর নদী খননের
জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু সেই টাকা উধাও হয়ে যায়, আর নদীর বালু কখনোই তোলা
হয় না।
ডা.
শফিকুর রহমান আগস্টের পর যারা চাঁদাবাজিতে জড়িত, তাদেরকে এ পথ থেকে সরে আসার আহ্বান
জানিয়ে বলেন, ‘যদি কষ্টের কারণে আপনারা এসব কাজে জড়ান, তাহলে সেখান থেকে সরে আসুন।
আল্লাহ আমাদের যে হালাল রিজিক দিয়েছেন, তা থেকে আমরা ভাগ করে নিতে প্রস্তুত। তিনি বলেন,
জামায়াতে ইসলামি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী ও পুরুষ-বিশেষ করে যুবসমাজ-সকলের
জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, যাতে তারা নিজেদের শক্তি দেশ গঠন ও অগ্রগতির
কাজে লাগাতে পারে।
সমাবেশে
১১-দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২
আসনের প্রার্থী আবদুল গফুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এছাড়া
জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী আমির হামজা,
কুষ্টিয়া-১ আসনের প্রার্থী বেলাল উদ্দিন, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হোসেন এবং
কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক সমাবেশে বক্তব্য দেন।
মন্তব্য করুন