

ত্রয়োদশ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির
(এনসিপি) মনোনয়ন প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খেয়েছে। নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা
দেওয়ার কারণে দলটির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপ্রত্র বাতিল করেছে নির্বাচন কমিশন
(ইসি)। একইসঙ্গে, দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন নিয়েও তৈরি হয়েছে তীব্র
আইনি জটিলতা।
নির্বাচন
কমিশন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়
ছিল বিকেল ৪টা পর্যন্ত। তবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে
১৯ মিনিট পর অর্থাৎ বিকেল ৪টা ১৯ মিনিটে তার মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী বিধি অনুযায়ী
সময়ের পরে জমা হওয়ায় কমিশন তার আবেদনটি সরাসরি বাতিল করেছে।
অন্যদিকে,
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন জমা পড়লেও তা বর্তমানে স্থগিত রাখা হয়েছে।
তার প্রার্থিতা নিয়ে তৈরি হয়েছে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংক্রান্ত অযোগ্যতার প্রশ্ন।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের
চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ সংসদ সদস্য হওয়ার
যোগ্য বলে বিবেচিত হন না। তথ্যমতে, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ
কৃষি ব্যাংকের অফিসার হিসেবে যোগ দিয়ে গত ডিসেম্বরে পদত্যাগ করেন। অর্থাৎ, চাকরি ছাড়ার
পর তার মাত্র চার মাস অতিক্রান্ত হয়েছে, যা আরপিওর শর্ত অনুযায়ী অযোগ্যতা হিসেবে বিবেচিত
হতে পারে।
আরপিও
বিধি লঙ্ঘনের অভিযোগে স্থগিত মনিরা শারমিনের প্রার্থিতাআরপিও বিধি লঙ্ঘনের অভিযোগে
স্থগিত মনিরা শারমিনের প্রার্থিতা
উল্লেখ্য
যে, সংরক্ষিত ৫০টি নারী আসনে ১১-দলীয় জোটের মোট ১৩টি মনোনয়নের মধ্যে যাচাই-বাছাই শেষে
প্রাথমিকভাবে ১২টি গৃহীত হয়েছে। মনিরা শারমিনের নথিপত্রে ঘাটতি থাকায় এবং আইনি জটিলতা
নিরসনে নির্বাচন কমিশন তাকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র
দাখিলের জন্য সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে তিনি যদি আরপিও সংক্রান্ত জটিলতা বা
তার যোগ্যতার স্বপক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে না পারেন, তবে সংরক্ষিত নারী আসনের
এই নির্বাচনে এনসিপির প্রতিনিধিত্ব নিয়ে চূড়ান্ত সংকটে পড়তে পারে দলটি।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী বৃহস্পতিবার (৬
নভেম্বর) চার দিনের সরকারি সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন।
গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার
আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে
পাবনায় পৌছাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার
গ্রহণ করবেন তিনি। পরে সেখানেই রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।
পরদিন শুক্রবার (৭ নভেম্বর) আরিফপুরে পিতা-মাতার
কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
এরপর শনিবারও (৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকট আত্মীয়দের
সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাতে সেখানেই থাকবেন তিনি।
সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউজে
গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
বিজ্ঞপ্তিতে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয়
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক ব্যবস্থার
সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার কথাও বলা হয়।
মন্তব্য করুন


মানিকগঞ্জে টনসিলের
অপারেশন করতে এসে চিকিৎসকের অবহেলায় জেসমিন আক্তার (৩৭) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ
পাওয়া উঠেছে। মানিকগঞ্জের বেসরকারি ইউনাইটেড জেনারেল হাসপাতালে দুইজন চিকিৎসকের বিরুদ্ধে
এই অভিযোগ উঠেছে।
জেসমিন আক্তার জেলার
দৌলতপুর উপজেলার উলাইল এলাকার মো. রেজাউল করিমের স্ত্রী। তাঁর ৭ মাস বয়সী একটি কন্যা
সন্তান ও ১০ বছর বয়সী একটি পুত্র্ সন্তান রয়েছে।
ভুক্তভোগী পরিবার
ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ১২টায় ইউনাইটেড জেনারেল হাসপাতালে
টনসিল অপারেশনের জন্য জেসমিন আক্তারকে নেওয়া হয়। এরপর বিকেলে অ্যানেসথেসিয়া চিকিৎসক
জিয়াউল হক এবং ডা. এনামুল হকের তত্ত্বাবধায়নে অপারেশন রুমে নেওয়া হয়। এরপর টনসিল অপারেশনের
জন্য অ্যানেসথেসিয়া দেওয়ার পর রোগীর অবস্থা অবনতির দিকে যেতে থাকে। একপর্যায়ে রোগীকে
আইসিইউ সেবা দেওয়ার জন্য রোগীর স্বজনদের ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয় হাসপাতাল
কর্তৃপক্ষ।
সেখান থেকে অ্যাম্বুলেন্স
করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক
জেসমিন আক্তারকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে পুনরায় মরদেহ নিয়ে ইউনাইটেড জেনারেল
হাসপাতালে নেয় ভুক্তভোগী পরিবার। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ভুক্তভোগী পরিবারের
ঘণ্টাব্যাপী বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে
পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
ভুক্তভোগী জেসমিন
আক্তারের বড় ভাই আতাউর রহমান বলেন, অপারেশন রুমে আমার বোনের জ্ঞান ফিরছে না, এই খবর
কর্তৃপক্ষের কাছে পাওয়ার পর আমরা তাদের পরামর্শে বোনকে অচেতন অবস্থায় ঢাকায় নিয়ে যাই।
সেখানকার ডাক্তার আমার বোনকে মৃত ঘোষণা করেন। অ্যানেস্তেশিয়া ডাক্তারের অবহেলায় আমার
বোনের মৃত্যু হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার
করে হাসপাতালের ম্যানেজার আবু রায়হান আল বেরুনী ওরফে রাজা বলেন, যে কোনো রোগীর টনসিল
অপারেশন করতে গেলে তাকে পুরোপুরি অজ্ঞান করে নিতে হয়। অপারেশন করার আগে রোগী যেসব পরীক্ষানিরীক্ষা
করা দরকার সবগুলো করা হয়েছে এবং সেগুলোর রিপোর্ট ভালো ছিল। তবে জেসমিন আক্তারের ক্ষেত্রে
হিডেন কোনো সমস্যা থাকতে পারে। এছাড়া যে অ্যানেস্তেশিয়া এবং অপারেশন করেছেন তারা খুবই
অভিজ্ঞ চিকিৎসক। ওনাদের দিক থেকে কোনো অবহেলা নাই। রোগীকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা
হয়। কিন্তু জ্ঞান না ফেরার কারণে রোগীকে ঢাকা মেডিকেলে পাঠানোর কথা বলা হয়। কিন্তু
ওনারা ঢাকা মেডিকেলে না গিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেন। এখানে আমাদের হাসপাতালের দায়িত্বরত কোনো চিকিৎসকের
অবহেলা নেই।
এ বিষয়ে বক্তব্য জানতে সদর হাসপাতালের অ্যানেস্তেশিয়া কনসালটেন্ট ডা. জিয়াউল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি।
আরেক চিকিৎসক ডা. এনামুল হক বলেন, ‘আমার অপারেশনের ক্ষেত্রে কোনো ভুল বা অবহেলা নেই। অপারেশনের পর কেন রোগীর জ্ঞান ফিরলো না, সে বিষয়ে যিনি অ্যানেস্তেশিয়া করেছেন তিনি ভালো বলতে পারবেন।
মন্তব্য করুন


শৈত্য প্রবাহের কারণে কমছে না শীতের দাপট। পৌষ মাসের শেষ দিনে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশায় দুর্ভোগে সাধারণ মানুষ, মাঘ মাসের শুরুতেও কমেনি শীতের দাপট। তীব্র শীতে জবুথবু পাবনা সহ উত্তর অঞ্চলের বেশ কয়েকটি জেলা।
ঘন কুয়াশায় মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে পাবনা সহ উত্তরাঞ্চলের জেলাগুলো।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর ও রাজশাহী বিভাগের পাশাপাশি পাবনা, কুষ্টিয়া নওগাঁ, চুয়াডাঙ্গাসহ দেশের কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ: যা অব্যাহত থাকতে পারে আরও এক-দুই দিন।
রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। শৈত্যপ্রবাহের প্রভাবে সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন পাবনা সহ উত্তর অঞ্চলের বেশ কয়েকটি জেলা। ঘন কুয়াশার কারণে পর্যাপ্ত সূর্যের আলো না থাকায় কিছুদিন ধরে দিনে ও রাতের
তাপমাত্রার প্রায় একই রকম থাকায় শীতের অনুভূতি অনেকটাই বেড়ে গেছে। এটা প্রতিবছরই জানুয়ারি মাসে মাঝেমধ্যেই হয় এবং টানা তিন-চার দিন থাকে।এবছরও তার ব্যতিক্রম নয়, এই অবস্থা আরো
এক-দুই দিন থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের ধারণা। তীব্র শীতে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তে দুর্ভোগে পড়েছে মানুষ।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।ঘন কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে উত্তরের জেলাগুলোতে ছয় দিন ধরে সূর্যের দেখা মিলছে না। এ ছাড়া তীব্র শীতে শীতজনিত রোগের
প্রকোপ বেড়েছে বহুগুণে। তীব্র শীতের কারণে বেশি বিপাকে আছে হতদরিদ্রর ও ছিন্নমূল জনগোষ্ঠী, শীতবস্ত্রের অভাবে দুর্বিষহ তাদের জীবন। কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে
কাজিরহাট টু আরিচা, নাজিরগঞ্জ টু ধাওয়াপাড়া নৌ রুটের ফেরি সহ বিমান ও যান চলাচলে।
মন্তব্য করুন


দক্ষিণ
আফ্রিকার জোহানেসবার্গে নিজ প্রতিষ্ঠানের সামনে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী আবু নাছের
শামীমকে (৫০) গুলি করে হত্যা করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয়
সময় বিকেল ৫টায় জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা
ঘটে।
নিহত
শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে।
নিহতের
স্বজনদের দাবি, একটি বড় দোকান বিক্রি নিয়ে এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে শামীমের বিরোধ
চলছিল। নিরাপত্তা শঙ্কার কারণে তিনি দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত
নিরাপত্তাকর্মীও নিয়োগ দিয়েছিলেন। ঘটনার দিন দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা
বলার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর ৬-৭ রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু
হয়।
শামীম
২০০৭ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। বর্তমানে সেখানে তার ৪-৫টি ব্যবসা
প্রতিষ্ঠান রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মরদেহ দ্রুত দেশে
ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
মন্তব্য করুন


মন্তব্য করুন


কুমিল্লার
লালমাই উপজেলায় সৎ মায়ের নির্যাতনের শিকার এক এতিম শিশু তার মায়ের কবরের পাশে বসে কাদার
একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হৃদয়বিদারক
এ ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন বিষয়টি নিয়ে দ্রুত হস্তক্ষেপে করেছে।
মঙ্গলবার
(২৪ মার্চ) সকাল ১১টার দিকে অভিযুক্ত সৎ মা এবং শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার
(ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়। এ সময় তার সৎ মা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন
এবং ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে মুচলেকা দেন।
জানা
গেছে, ছামিয়া আক্তার উপজেলার পোহনকুছা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। প্রায় চার বছর
আগে তার মা মারা যান। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
বাবার অনুপস্থিতিতে সৎ মা আয়েশা আক্তারের সঙ্গে বসবাস করতে গিয়ে ছামিয়া দীর্ঘদিন ধরে
শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়
সূত্রে জানা গেছে, কিশোরীকে প্রায়ই মারধর করতেন তার সৎ মা। এমনকি সম্প্রতি টানা দুই
দিন ঘরের ভেতরে বেঁধে রেখে নির্যাতনের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে বাবাকে জানানো হলেও কার্যকর
কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
এদিকে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিশোরীটি তার মায়ের কবরের
পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। এ সময় কান্না করতে করতে বলতে শোনা যায়, আমারে কেন আপনার
সঙ্গে নিয়ে গেলেন না। আম্মু গো আমি আসছি। আম্মু গো বের হও। আমারে নিয়ে যেতে পারেন নাই?
কেন রেখে গেলেন? মা, আমাকে নিয়ে যাও।
হৃদয়বিদারক
এ দৃশ্য দ্রুতই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে এবং জনমনে ব্যাপক সহানুভূতির সৃষ্টি হয়।
ঘটনার
পরপরই ইউএনও উম্মে তাহমিনা মিতু বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন এবং বাগমারা দক্ষিণ
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেনকে তদন্তের দায়িত্ব দেন।
ইউএনও
উম্মে তাহমিনা মিতু গণমাধ্যমকে বলেন, শিশুটির সৎ মা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক
সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পুনরায় এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা
নেওয়া হবে।
এদিকে
বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেন জানান, ঘটনাটি
তদন্ত করে দেখা হয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে নজরদারি জোরদার
করা হয়েছে।
ঘটনাস্থলে
উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানসহ বিভিন্ন
দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রশাসনের
এমন দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা
নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।
মন্তব্য করুন


রাজধানীর
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য
নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী।
আজ
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, আমাদের নেত্রী
গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি-আল্লাহ
তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।
রিজভী
জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করছেন,
যা চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে এবং অন্যান্য রোগীদের জন্যও সমস্যার তৈরি
করছে।
তিনি
বলেন, নেত্রীর প্রতি আপনাদের আবেগ স্বাভাবিক। আপনারা তাকে দেখতে চান, তার সুস্থতার
জন্য মোনাজাত করেন-এটা ভালোবাসা থেকেই আসে। কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত
হচ্ছে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজ নিজ অবস্থান থেকে তার জন্য দোয়া
করেন।
রুহুল
কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। সেই কারণে অতীতে
তাকে ‘দুনিয়া থেকে সরিয়ে দেয়ার’ সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলেন,
জেলখানায় তার খাবারে ‘বিষ মেশানো হয়েছিল’।
রুহুল
কবির রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ক্ষমতা ভোগ করেছেন নিজের,
ছেলে ও পরিবারের স্বার্থে। তিনি দাবি করেন, ‘স্বর্ণ কিনে মজুদ করা’,
‘লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করানো’, এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত
হয়েছে। তার অভিযোগ, ‘সব ছেড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তবে জমানো স্বর্ণ নিয়ে
যেতে পারেননি’।
এসময়
উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল
এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।
মন্তব্য করুন


আজ সন্ধ্যায় বাড্ডা এলাকার প্রধান সড়কের পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের দ্রুত ও সাহসিকতার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে, যার কারণে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা ট্রান্সমিটার থেকে তীব্র ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আগুনের শিখা ট্রান্সমিটারের কাঠামোর বাইরে ছড়িয়ে পড়তে শুরু করলে আশেপাশের দোকানপাট ও বাড়িঘরের দিকে বিপদ বাড়তে থাকে।
বর্তমানে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও, স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার কারণে একটি বড় বিপর্যয় থেকে এলাকার জনজীবন ও সম্পত্তি রক্ষা পেয়েছে।
মন্তব্য করুন


২০২৪ সালে একক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করার কথা থাকলেও শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর ফলে এবারও বিশ্ববিদ্যালয়গুলোতে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন গ্রহণ শেষ হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়ে কবে পরীক্ষা সব তথ্য একসঙ্গে এখানে -
ঢাকা বিশ্ববিদ্যালয়
আগামী ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)। আর সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে সি ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা দিয়ে শুরু হবে আর এরপর ৬ মার্চ এ ইউনিট (মানবিক) এবং ৭ মার্চ বি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতির এক ঘণ্টার এই পরীক্ষায় মোট নম্বর ১০০। পাস নম্বর ৪০।
আগামী ২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা। আর ক্লাস শুরু হবে ১ জুলাই। কোটা বাদে ৫৯টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ৩ হাজার ৯০৪ শিক্ষার্থী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আগামী ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি (সম্ভাব্য) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ১৪ জানুয়ারি অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১৭ ফেব্রুয়ারি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ মার্চ এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে। এরপর ৭ মার্চ সি ইউনিট, ৮ মার্চ বি ইউনিট ও ১৬ মার্চ ডি ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিত হবে।
বুয়েটে দুই ধাপে পরীক্ষা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা হবে দুই ধাপে (প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা)। প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুযায়ী মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা মূল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা শুরু হয়েছে ২৫ জানুয়ারি। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।
তবে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য কারা, জানা যাবে ১৩ ফেব্রুয়ারির মধ্যে। আর প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। দুই পালায় (শিফট)।
মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের সম্ভাব্য সময় ২৯ ফেব্রুয়ারি। ৯ মার্চ মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য সময় আগামী ৩১ মার্চ। এই বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ১ হাজার ৩০৯।
২৪ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তিন দিনে
দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে একযোগে ভর্তি পরীক্ষা নেবে। গত ২৬ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু বিষয় সমন্বয় করার জন্য আবেদনের তারিখ ও পরীক্ষার সময়সূচি পরিবর্তন হবে। পরিবর্তিত তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
প্রকৌশল গুচ্ছে এবার তিন বিশ্ববিদ্যালয়
এবারও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট); খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) একটি গুচ্ছভুক্ত হয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তির জন্য সমন্বিতভাবে পরীক্ষা নিচ্ছে। এই তিন বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ২৩১টি।
অনলাইনে ২৪ জানুয়ারি আবেদন গ্রহণ শুরু হয়েছে। শেষ হবে ৭ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার কেন্দ্রসহ যোগ্য অংশগ্রহণকারীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৮ ফেব্রুয়ারি। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৯ ফেব্রুয়ারি। আগামী ৩ মার্চ এই তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর মেধাতালিকা প্রকাশ করা হবে ১৮ মার্চ।
কৃষি বিশ্ববিদ্যালয়
কৃষি ও কৃষির প্রাধান্য থাকা আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নেবে। এবার নতুন প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছে যুক্ত হচ্ছে। এ ছাড়া আগের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আছে এই গুচ্ছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি।
মেডিকেল কলেজ
আগামী ৯ ফেব্রুয়ারি মেডিকেল কলেজগুলোয় এমবিবিএসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । এবছর সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এ ছাড়া বেসরকারি মেডিকেলের জন্য আসন রয়েছে ৬ হাজার ৩৪৮টি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর মধ্যে ৮৮২টি কলেজে স্নাতক (সম্মান) পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় জারি করা ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ জানুয়ারি অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হয়েছে। এটি চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
মন্তব্য করুন


আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে কোনো প্রকার বাধা দেওয়া
যাবে না। বাধা দেওয়ার চেষ্টা করলে, শারীরিক বা সরঞ্জামাদির ক্ষতি সাধন করলে পেতে হবে
শাস্তি। এজন্য ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদেরও নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী।
সোমবার
(২৬ জানুয়ারি) এমন নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রের কপি বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকদের পাঠিয়েছে
সংস্থাটি। পরিপত্রে যা বলা হয়েছে-
১)
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের
দায়িত্ব পালনের সুবিধার্থে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালার ক্রমিক নম্বর ৪ অনুযায়ী
সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করে।
২)
গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুযায়ী রিটার্নিং অফিসার কর্তৃক অনুমতিপ্রাপ্ত
সাংবাদিকবৃন্দ তাদের স্ব-স্ব পরিচয়পত্রসহ নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন
করবেন।
৩)
নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা-২০২৫-এর
ক্রম ১০ অনুসারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকগণ সরাসরি
ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
৪)
সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য https://pr.ecs.gov.bd/ পোর্টালে আবেদন
করতে পারবেন। অনুমোদনপ্রাপ্ত আবেদনকারীগণ অনলাইনে নিরাপত্তা বৈশিষ্ট্যসম্বলিত QR
Code যুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করে নিতে পারবেন। এ বিষয়ে
বিস্তারিত পত্রের মাধ্যমে অবহিত করা হবে।
৫)
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রাধিকারপ্রাপ্ত অন্যান্য
কর্মকর্তাগণ QR Code সম্বলিত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের যথার্থতা যাচাই করতে পারবেন।
৬)
গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুসারে নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত
নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো গণমাধ্যমকর্মী/প্রতিনিধিকে যদি কোনো ব্যক্তি বাধা
প্রদান করেন বা বাধা প্রদানের চেষ্টা করেন এবং/অথবা তার শারীরিক কোনো ক্ষতি করেন বা
এহেন কোনো চেষ্টা করেন অথবা তার দায়িত্ব পালনে ব্যবহার্য সরঞ্জামের ক্ষতি সাধন করেন,
তাহলে এই বিধান অনুযায়ী উক্ত ব্যক্তি অপরাধী সাব্যস্ত হলে যথাযথ দণ্ডে দণ্ডিত হবেন।
৭)
নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মী নীতিমালা-২০২৫ অনুযায়ী
দায়িত্ব পালনের ক্ষেত্রে ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রের ৪০০
গজের মধ্যে নির্বাচনী সংবাদ সংগ্রহে ও নিরাপত্তা বিধানে সর্বাত্মক সহযোগিতা করবেন।
৮)
নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত বৈধ কার্ডধারী সাংবাদিকগণকে প্রিজাইডিং অফিসার সংবাদ
সংগ্রহের ক্ষেত্রে ভোটকেন্দ্রের ভেতরের স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে অবাধ,
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ বজায় রেখে সংবাদকর্মীদের সংবাদ
সংগ্রহে সহযোগিতা প্রদান করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন