

পটুয়াখালীর
কলাপাড়া উপজেলায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও
শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার
(২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের গণ্ডামারী গ্রামে ভুক্তভোগী
খাইরুন বেগমের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে প্রসূতি বিভাগে
চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ
সূত্রে জানা যায়, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা খাইরুন বেগমকে চুল ধরে টেনে-হিঁচড়ে, কিল-ঘুষি
এবং তলপেটে লাথি মারা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে
ভর্তি করেন।
হাসপাতালে
চিকিৎসাধীন খাইরুন বেগম জানান, গত বছরের ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে
তার স্বামী নজির মোল্লা কুয়েতে যান। তবে বিদেশে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি
এখনো কোনো অর্থ পাঠাতে পারেননি। ফলে তিন সন্তান ও গর্ভের অনাগত সন্তান নিয়ে চরম সংকটে
দিন কাটছে তার। এর মধ্যেই এনজিও কর্মীরা নিয়মিত কিস্তির টাকা আদায়ে চাপ দিয়ে আসছিলেন।
তিনি বলেন, কষ্ট করে দুইটি কিস্তি পরিশোধ করলেও বাকি টাকা দিতে না পারায় এনজিও কর্মীরা
বাড়িতে এসে চাপ সৃষ্টি করেন। সময় চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ভুক্তভোগীর
অভিযোগ, ধানখালী শাখার ম্যানেজার মনির হোসেনসহ কয়েকজন কর্মী তাকে জোর করে অফিসে নেওয়ার
চেষ্টা করেন এবং বেঁধে রেখে টাকা আদায়ের হুমকি দেন। অসুস্থতার কথা জানালেও তাকে গালিগালাজ
করা হয় এবং একপর্যায়ে শারীরিক নির্যাতন করা হয়।
স্থানীয়
সংরক্ষিত নারী ইউপি সদস্য মালা বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাইরুন বেগমকে
অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অন্তঃসত্ত্বা একজন নারীকে এভাবে
মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পরিবারের
সদস্যরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। খাইরুনের ভাসুর রফিক মোল্লা বলেন, প্রবাসে থাকা
তার ভাই এখনো টাকা পাঠাতে পারেননি, আর সেই কারণেই তার স্ত্রীর ওপর নির্যাতন চালানো
হয়েছে। তিনি এর বিচার দাবি করেন।
কলাপাড়া
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ববি মালকার জানান, গৃহবধূর তলপেটে আঘাতের চিহ্ন
পাওয়া গেছে। আলট্রাসনোগ্রামে ভ্রূণ সুস্থ থাকলেও ঝুঁকি এড়াতে তাকে নিবিড় পর্যবেক্ষণে
রাখা হয়েছে।
তবে
অভিযোগ অস্বীকার করেছেন কোডেকের ধানখালী শাখার ম্যানেজার মনির হোসেন। তার দাবি, তারা
শুধু তাকে অফিসে আসতে বলেছিলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি এবং এসব অভিযোগ তাদের বিরুদ্ধে
চক্রান্ত। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান,
এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।
মন্তব্য করুন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে প্রার্থী হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, পরিচিত হিরো আলম। তিনি আমজনতা দলের মনোনয়নপত্র সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে সংগ্রহ করেছেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে থেকে তিনি নিজে মনোনয়নপত্র গ্রহণ করেন। হিরো আলম জানিয়েছেন, বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র পূরণ করে জমা দেবেন।মনোনয়ন উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে হিরো আলম বলেন, “আমি সবসময় হামলা এবং মামলার শিকার হয়ে আসছি। তাই আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অনেক প্রার্থীই নিরাপত্তার অভাবের কারণে গানম্যান চাইছেন।” তিনি আরও যোগ করেন, “নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যা বিগত কয়েকটি নির্বাচনে হয়নি।”তিনি বলেন, “অনেকে আমাকে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করতে বলেছিলেন। তবে ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অংশগ্রহণ থাকায় তার প্রতি সম্মান রেখে আমি বগুড়া-৪ আসন থেকেই নির্বাচন করছি।” হিরো আলম আরও জানিয়েছেন, আগেও বগুড়া-৪ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এবারও একই আসন থেকেই ভোটের মাঠে থাকবেন।উল্লেখ্য, ২০১৮ সালে হিরো আলম বগুড়া-৪ আসন থেকে এবং ২০২৩ সালে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
মন্তব্য করুন


পরিবারের
মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সায়েদ আহমেদ বিল্লাল (৩০)।
তার চোখে ছিল স্বচ্ছল জীবনের আশা। বুক ভরা ছিল পরিবারকে ভালো রাখার দৃঢ় প্রত্যয়। কিন্তু
সেই স্বপ্ন আর পূরণ হলো না।
প্রবাস
জীবনের মাত্র চার বছরের মাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবনযাত্রা। থেমে
গেছে পরিবারের আশার আলো।
নিহত
সায়েদ আহমেদ বিল্লাল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের
বাসিন্দা পান ব্যবসায়ী মো: রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি
সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।
পারিবারিক
ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে কর্মস্থল
থেকে ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন সায়েদ আহমেদ বিল্লাল। এসময় একটি অনাকাঙ্ক্ষিত সড়ক
দুর্ঘটনার শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সোমবার
(১২ জানুয়ারি) সকালে বিল্লালের সাথে থাকা প্রবাসীদের মাধ্যমে পরিবারের সদস্যরা মৃত্যুর
খবর জানতে পারেন। এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। তার পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের
ছায়া।
নিহতের
স্বজনরা জানান, বিল্লাল ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্ববান একজন যুবক। পরিবারের কথা
ভেবেই তিনি বিদেশে গিয়েছিলেন। কয়েক দিনের মধ্যে বিল্লালের দেশে ফেরার কথা ছিল। তার
এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে
পরিবারের পক্ষ থেকে তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরের
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন


বিয়েতে
আনন্দ হৈ-হুল্লোড় স্বাভাবিক ঘটনা। তবে এবার সামনে এসেছে ভিন্ন ঘটনা। রসগোল্লা কম পড়ায়
বিয়ে বাড়িতে ঘটেছে লঙ্কাকাণ্ড। এখানেই শেষ নয়, এ ঘটনা গড়িয়েছে শেষ পর্যন্ত থানা পুলিশে।
আজ
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়েছে।
প্রতিবেদনে
বলা হয়েছে, এ ঘটনায় বিয়ে ভেঙে গেছে। এরপর বরপক্ষের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে কনের
পরিবার। ভারতের বিহারের বুদ্ধগয়ায় এ ঘটনা ঘটেছে। সম্প্রতি বুদ্ধগয়ার একটি হোটেলে বিয়ের
আয়োজন করা হয়। সেখানে রসগোল্লা কম পড়ায় পাত্র এবং পাত্রীর পরিবারের মধ্যে কার্যত লড়াই
বেঁধে যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এ ঘটনায় উভয়পক্ষ একে অপরকে ঘুষি, ধাক্কা
এমনকি চেয়ার তুলে মারামারি শুরু করেন। গত ১৯ নভেম্বরে এমন কাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
এ দিন হোটেলে বিয়ের আয়োজন করা হয়। এতে বিয়ের আচার মিটতেই পাত্র পক্ষের লোকজন রসগোল্লা
কম পড়ায় অভিযোগ করেন। এরপর মারামারির খবর পেয়ে পুলিশ আসে।
পুলিশের
এক কর্মকর্তা জানান, মারামারিতে দু’পক্ষের কয়েক জন আহত হন। এরপর বরপক্ষের
বিরুদ্ধে যৌতুক মামলা করে কনের পরিবার। পাত্রের বাবা জানান, রসগোল্লার ঘাটতি নিয়েই
মারামারি হয়েছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, তারা বিয়ে অনুষ্ঠান চালিয়ে যেতে আগ্রহী ছিলেন। কিন্তু কনের পরিবার বেঁকে
বসেছিল।
অন্যদিকে
কনের মায়ের অভিযোগ, মেয়েকে উপহার হিসেবে দেওয়ার জন্য আনা গয়না নিয়ে গেছে পাত্রের পরিবার।
কনের কাকা জানান, এত কিছুর পরেও তারা সমঝোতা করতে চেয়েছিলেন। কিন্তু তাতে কোনো কাজ
হয়নি।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
জানা যায়, সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে নির্ভয়পুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা। জব্দ করা এসব মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়।
কুমিল্লা ১০ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক
গণসংবর্ধনা স্থান ও আশপাশের এলাকায় সৃষ্ট বর্জ্য পরিষ্কারে উদ্যোগ নিয়েছে বিএনপি।
আজ
(শুক্রবার) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে
বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে
(৩০০ ফিট মহাসড়ক), এয়ারপোর্ট রোড এবং সংলগ্ন এলাকাজুড়ে জমে থাকা সব ধরনের বর্জ্য পরিষ্কার
করা হচ্ছে।
গতকাল
(বৃহস্পতিবার) রাতে এক ফেসবুক পোস্টে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, গণসংবর্ধনা
স্থান ও আশপাশ এলাকায় সৃষ্ট বর্জ্য পরিষ্কার কার্যক্রম শুক্রবার সকালে শুরু হবে।
ঢাকা
মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে
এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ‘শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচির
পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও নগর পরিচ্ছন্নতা রক্ষায় বিএনপি সবসময় দায়িত্বশীল ভূমিকা
পালন করে আসছে। সংবর্ধনা শেষে বর্জ্য অপসারণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ বলে জানান
বিএনপির নেতারা।
মন্তব্য করুন


রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে সকল বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
আগামী শুক্র, শনি ও রোববার (৫, ৬ ও ৭ এপ্রিল) ৩দিন ব্যাংক খোলা থাকবে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারখানার কর্মীদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় । তবে পূর্ণ দিবসের বদলে ওই তিনদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ৫, ৬ ও ৭ এপ্রিল সীমিত পরিসরে খোলা থাকবে।
এলাকাগুলো হলো—ঢাকা মহানগরী, সাভার, ভালুকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম। এসব এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত শাখার অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে ৫ এপ্রিল (শুক্রবার) লেনদেন হবে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং অফিস চলবে ৩টা পর্যন্ত।
মন্তব্য করুন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নেতারা এসব কথা জানান।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। পাশাপাশি কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে চারটি সংসদীয় আসনে বিএনপি নিজস্ব প্রার্থী দেবে না। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে কোনো বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।সমঝোতার আওতায় যে চারটি আসন জমিয়তের জন্য ছেড়ে দেওয়া হয়েছে সেগুলো হলো— নীলফামারী-১ আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে আমির উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব।দলীয় সূত্র জানায়, আলোচনার শুরুতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পাঁচটি আসনের দাবি তোলে। দীর্ঘ আলোচনার পর বিএনপি প্রথমে তিনটি আসনে সম্মত হয়। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে আরও একটি আসন যুক্ত করা হলে চূড়ান্তভাবে চারটি আসনে জমিয়তের প্রার্থীদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য করুন


গত
শনিবার (৪ এপ্রিল) মেক্সিকো সিটিতে ঐতিহ্যবাহী ‘জুডাস পোড়ানো’
উৎসবে এবার বিশেষ চরিত্র হিসেবে জায়গা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এই
উৎসবে প্রতি বছর শয়তানের বিশাল কার্ডবোর্ডের মূর্তি আগুনে পোড়ানো হয়। এটি পৃথিবীর
সব মন্দকে পুড়িয়ে ফেলার প্রতীক। তবে এবার বিশেষভাবে তৈরি একটি মূর্তিতে ট্রাম্প ও
নেতানিয়াহুর দুটি মাথা একই শরীরে জোড়া লাগিয়ে দেওয়া হয়। সেই মূর্তিতে আগুন ধরিয়ে
দেওয়া হয়। এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামের মূর্তিও এবারের উৎসবে
পোড়ানো হয়েছে।
এই
উৎসবের ইতিহাস কয়েক দশক পুরনো। এটি মূলত যিশু খ্রিস্টের সঙ্গে জুডাস ইসকারিয়টের বিশ্বাসঘাতকতার
স্মরণে পালন করা হয়। খ্রিষ্টীয় ধর্মানুসারে, জুডাস মাত্র ত্রিশটি রুপার বিনিময়ে যিশুকে
ধরিয়ে দিয়েছিলেন। এরপরই গেথসেমানে বাগানে যিশুকে গ্রেপ্তার করা হয় এবং ক্রুশবিদ্ধ
করা হয়।
এই
উৎসবে কুশপুত্তলিকা পোড়ানোর মাধ্যমে সাধারণ মানুষ সমসাময়িক বিশ্বের নেতাদের সম্পর্কে
তাদের মনোভাব প্রকাশ করেন। এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে বেছে নেওয়া স্পষ্টতই মধ্যপ্রাচ্যে
চলমান যুদ্ধ এবং মার্কিন নীতির প্রতি মেক্সিকোর সাধারণ মানুষের ক্ষোভ ও প্রতিবাদের
প্রতিফলন।
মন্তব্য করুন


প্রধান বিচারপতি সৈয়দ রেফাত
আহমেদ শুক্রবার প্রথম প্রহরে (রাত ১২ টার পর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে
অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় বলেছেন, বাঙালি জাতি সত্ত্বার
একটি প্রাথমিক স্তম্ভ একুশ। ব্যক্তিগতভাবে এক আত্মিক সম্পর্ক রয়েছে আমার একুশের
সঙ্গে। আমার মা একজন ভাষা সৈনিক, ভাষা কন্যা।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে
বলা হয়, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের
নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ কেন্দ্রীয় শহীদ
মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় দেশের ভাষা আন্দোলনে
শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়, এবং জাতির গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের
ঐতিহ্যকে ধরে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতির মা বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ বায়ান্নোর ভাষা আন্দোলনের অবদানের জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন। ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী থাকাবস্থায় তিনি ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ২১ ফেব্রুয়ারি সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।
মন্তব্য করুন


কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজার হামলায় মো. কালু (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত আলী আহমদকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। খবর পৌঁছালে পুলিশ তাকে উদ্ধার করতে এগিয়ে যায়।
এসময় উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে আলী আহমদকে ছিনিয়ে নিয়ে মারধর করে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিক্ষুব্ধদের মারধরে গুরুতর আহত আলী আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সকালেই চকরিয়ার কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুলেরছরা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে চাষের জমি পরিদর্শনে গেলে চাচা কালুর সঙ্গে ভাতিজা মাস্টার আলী আহমদের কথা–কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে আলী আহমদ চাচাকে লাথি-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী একত্রিত হয়ে অভিযুক্ত আলী আহমদের বাড়ি ঘিরে ফেলে। পরে থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশ ও আলী আহমদের উপর হামলা চালায়। এতে আলী আহমদ ও পুলিশের পাঁচ সদস্য আহত হন। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি হওয়ায় আলী আহমদকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার জানান, নিহত কালুর সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন