

লক্ষ্মীপুর
সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে একটি নির্জন বাগানে মাটির নিচে গড়ে তোলা হয়েছে সুসজ্জিত
এক গোপন বাংকার। বাইরে থেকে বোঝার উপায় নেই, তবে মাটির নিচে সিঁড়ি বেয়ে নামলেই দেখা
যায় আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত থাকার ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, লোকচক্ষুর
অন্তরালে এই বাংকারে দিন-রাত বসত মাদকসেবীদের আড্ডা এবং চলত মাদক কেনাবেচার রমরমা কারবার।
চাঞ্চল্যকর
এই ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে। গত কয়েক দিন ধরে এই গোপন আস্তানার
বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত
ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।
স্থানীয়
সূত্রে জানা গেছে, গ্রামের খোকন সাহার ছেলে সুজন সাহা ওরফে ভক্ত দীর্ঘদিন ধরে মাদক
ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও এলাকাবাসী তার একাধিক মাদক আস্তানা গুঁড়িয়ে দিয়েছিল। তবে
দমে যাননি সুজন। এবার তিনি সুকৌশলে বাড়ির পাশের একটি নির্জন বাগানের ভেতরে মাটির নিচে
এই অভিনব বাংকার তৈরি করেন। সেখানে বিছানাসহ বিশ্রামের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছিল,
যাতে নির্বিঘ্নে মাদক সেবন ও বিক্রির কার্যক্রম পরিচালনা করা যায়।
এলাকাবাসীর
ভাষ্যমতে, সুজনের এই গোপন আস্তানায় প্রতিদিনই বহিরাগতদের আনাগোনা লক্ষ্য করা যেত। এতে
স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল। সম্প্রতি এই বাংকারের
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি
হয়। লোকমুখে জানাজানি হওয়ার পর রাতের আঁধারে বাংকারটি তড়িঘড়ি করে ভেঙে ফেলে চিহ্ন মুছে
ফেলার চেষ্টা করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
এ
বিষয়ে স্থানীয় বাসিন্দা টুটুল পাটোয়ারী বলেন, “সুজন সাহা পেশাদার মাদক কারবারি। বাগানের
ভেতর মাটির নিচে বাংকার বানিয়ে তিনি সেখানে মাদকের আসর বসাতেন এবং এখান থেকেই বিভিন্ন
এলাকায় মাদক সরবরাহ করতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি গা-ঢাকা দিয়েছেন। আমরা এই
এলাকাকে মাদকমুক্ত করতে চাই এবং প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।”
অভিযুক্ত
সুজন সাহার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী সুবাঙ্কা সাহা বাংকারটি তার
স্বামীর তৈরি করা বলে স্বীকার করেছেন। তিনি দাবি করেন, “বাংকারটি আমার স্বামী তৈরি
করেছিলেন ঠিকই, তবে সেখানে মাদক কেনাবেচা হতো কি না তা আমার জানা নেই। আমি জানতাম সেখানে
বসে সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় এবং সিগারেট খায়।” স্বামীর বর্তমান অবস্থান সম্পর্কেও
তিনি কোনো তথ্য দিতে পারেননি।
এ
বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান
কাজেমী গণমাধ্যমকে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট—’জিরো
টলারেন্স’। বাগানের ভেতরে গোপন আস্তানার বিষয়টি আমাদের নজরে এসেছে।
ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, শুধু সুজন নয়, তার পেছনে আর কারা
জড়িত এবং এই বাংকার তৈরিতে কাদের ইন্ধন ছিল, তা-ও তদন্তের আওতায় আনা হোক।
মন্তব্য করুন


ভারতের
উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায়
আহত হয়েছেন আরো প্রায় ৫০ জন, যাদের উদ্ধার করে গোয়া মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া
হচ্ছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রবিবার (৭ ডিসেম্বর)
ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্য বলছে নিহতদের মধ্যে ৩-৪ জন পর্যটক ছিলেন,
বাকি ১৯ জন নাইটক্লাবটির কর্মী।
এক
প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, রাত আনুমানিক ১টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে
পুলিশের ধারণা ছিল, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে
গোয়ার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) জানিয়েছেন, পরিদর্শনের সময় সিলিন্ডারগুলো অক্ষত পাওয়া
গেছে।
কর্মকর্তারা
জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
এর
ফলে ভেতরে থাকা ব্যক্তিরা বের হওয়ার সুযোগই পাননি। আগুনে নিহতদের মরদেহ ময়নাতদন্তের
জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
রাতভর উদ্ধার অভিযান অব্যাহত ছিল। হতাহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে সনাক্ত
করতে কাজ করছে কর্তৃপক্ষ।
রাজ্যের
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘আজ
গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের
প্রাণহানি ঘটেছে।
তিনি
লেখেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী সাব্যস্ত
হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাস্থলে সাংবাদিকদের প্রমোদ সাওয়ান্ত বলেন, ‘তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন।’
মন্তব্য করুন


বন্ধ হয়ে গেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। জানা যায় যান্ত্রিক ত্রুটির উৎপাদন বন্ধ রয়েছে।
আজ সকাল ৬ .১৫ মিনিটের দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহ ।
তিনি বলেন, উৎপাদন বন্ধ হওয়ার খবর পেয়েছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।
২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়। এই কোম্পানির অধীনে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়।
মন্তব্য করুন


ইনকিলাব
মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ
শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ
করেন তিনি।
তিনি
বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ
ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বর্তমানে তিনি ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত
করেছে। তিনি আরও উলেখ করেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ
ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত
দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন।
এদিকে,
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী
একজন জানান, হাদী রিকশায় ছিল। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে
লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে ওই রিকশায় করেই
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
মন্তব্য করুন


একুশ
শতকের সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে ২ আগস্ট ২০২৭। ওই দিন, দিনের বেলায় পৃথিবীর
বিস্তীর্ণ অঞ্চল কিছু সময়ের জন্য অস্বাভাবিক অন্ধকারে ঢেকে যাবে। সূর্য পুরোপুরি চাঁদের
আড়ালে চলে যাওয়ায় কয়েক মিনিটের জন্য দিন ও রাতের পার্থক্য বোঝা যাবে না।
সূর্যগ্রহণের
সময় ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল ৬ মিনিট পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন
থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা শতাব্দীর ইতিহাসে দীর্ঘতম সূর্যগ্রহণ। ইউরোপের বেশির
ভাগ অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিকভাবে এ সূর্যগ্রহণ দেখা
গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার বেশির ভাগ দেশ থেকে দেখা যাবে না।
বহু
বছর ধরেই জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহণের পূর্বাভাস দিয়ে আসছিলেন। আধুনিক প্রযুক্তির
সহায়তায় এখন গ্রহণের সময়, গতিপথ এবং কোন কোন অঞ্চল থেকে এটি দেখা যাবে, সবকিছু নির্ভুলভাবে
নির্ধারণ করা হয়েছে।
পূর্ণ
সূর্যগ্রহণের সরু পথটি শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর তা অতিক্রম করবে
আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর ও সৌদি আরব, শেষে ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে গিয়ে
শেষ হবে। এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অনেক জায়গায় দুপুরের
সময় আকাশ এমন অন্ধকার হয়ে যাবে, যেন মনে হবে হঠাৎ সন্ধ্যা নেমে এসেছে।
চাঁদের
ছায়া ঘণ্টায় প্রায় দুই হাজার কিলোমিটার বেগে পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। মরুভূমি,
নদীতীর, খোলা মাঠ কিংবা শহরের ছাদ-সব জায়গা থেকেই মানুষ এই বিরল প্রাকৃতিক দৃশ্য দেখার
সুযোগ পাবে।
মন্তব্য করুন


সারাদেশে ছড়িয়ে পড়া চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ লক্ষ্যে তিনি ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং একটি জাতীয় হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইরাল ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, একটি বিশেষ ডিজিটাল ডেটাবেজ তৈরি করা হচ্ছে, যেখানে সাধারণ মানুষ প্রমাণসহ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। তার দাবি, এই প্ল্যাটফর্ম অপরাধীদের মুখোশ উন্মোচনে কার্যকর ভূমিকা রাখবে এবং মানুষকে নির্ভয়ে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ দেবে।
তিনি আরও আশ্বস্ত করেন, অভিযোগকারীদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পর্যাপ্ত তথ্য ও প্রমাণ সংগ্রহের পর সংশ্লিষ্ট ব্যক্তির সামনে তা উপস্থাপন করে রাজনৈতিকভাবে বয়কটের আহ্বান জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, “আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের মুখের ওপর গিয়ে বলবো—এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খুব শিগগিরই এই ওয়েবসাইট ও জাতীয় হটলাইনটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। বিশেষ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর চলমান চাঁদাবাজির উৎপাত বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই পরিকল্পনা সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
ঢাকা-৮ আসনের এই প্রার্থী মনে করেন, শুধু কথার প্রতিবাদে চাঁদাবাজি বন্ধ হবে না; বরং প্রমাণভিত্তিক উদ্যোগ নিলেই অপরাধীদের কোণঠাসা করা সম্ভব। নির্বাচনে জয়ী হোন বা না হোন, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এই সেবাটি সচল রাখার অঙ্গীকারও করেন তিনি।
প্রযুক্তি ও জনসচেতনতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথে ‘চাঁদাবাজ ডটকম’ একটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন এভার কেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ অবস্থায় তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আজ সোমবার (২৪ নভেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন।
এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির তিনজন বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করছেন। কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা পছন্দের প্রতীক পেয়ে উচ্ছ্বসিত।
২১ জানুয়ারি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কুমিল্লা-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেগম খালেদা জিয়ার এপিএস এম এ মতিন খান পেয়েছেন তালা প্রতীক। এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
কুমিল্লা ৭ চান্দিনা আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী চান্দিনা উপজেলা বিএনপি'র সভাপতি আতিকুল আলম পেয়েছেন কলস মার্কা। এই আসনে বিএনপির প্রার্থী এলডিপির সাবেক মহাসচিব ড. রেদওয়ান আহমেদ।
কুমিল্লা ৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা পেয়েছেন ফুটবল প্রতীক। এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম।
কুমিল্লার ১১টি আসনে নির্বাচনে প্রতিযোগিতা করছেন ৮০ জন প্রার্থী। ৮০ জন প্রার্থীর মধ্যে ৭৬ জন তাদের নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করছেন। এর মধ্যে তিনজন বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং একজন হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, কুমিল্লার ১১টি আসনে ২৫টি দলের ৭৬ জন প্রার্থী এবং চারজন স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। একজন প্রার্থী হাইকোর্টের রায় নিয়ে এসেছেন, এটা যাচাই-বাছাই করছি।
মন্তব্য করুন


সাভারে পৃথক একটি বিশেষ অভিযান চালিয়ে হানিট্র্যাপের মাধ্যমে অপহরণে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় অপহৃত একজন ব্যক্তিকেও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাতে সাভার মডেল থানার গেন্ডা এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মোসা. জোসনারা বেগম (৩৯), মো. টুটুল (৩৫), মো. সুমন (৩৫) ও মো. রফিক মিয়া (৪৫)।অভিযানকালে তাদের হেফাজত থেকে অপহৃত ব্যক্তি মো. মাসুম বেপারী (৩৭) কে উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি গামছা, একটি মাস্কিং টেপ, ভিকটিমের কাছ থেকে নেওয়া নগদ চার হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এ বিষয়ে ওসি সাইদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ভিকটিম নিজেই বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি থানার মামলা নম্বর ৭৩, তারিখ ২৯/১২/২০২৫। দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৩৪২, ৩৬৫, ৩২৩, ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, এই চক্রটি নারী সদস্যকে ব্যবহার করে হানিট্র্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অপহরণ করত এবং পরে মুক্তিপণ ও চাঁদা আদায়ের মাধ্যমে অর্থ আদায় করত। অভিযুক্তদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন


স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি
অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ) জানিয়েছে, গত ৩৮ দিনে দেশে বজ্রপাতে
৩৫ জন কৃষকসহ অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে।
সংগঠনটির প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল
মাসে বজ্রপাতে ৩১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে নারী ১১ জন এবং পুরুষ ২০ জন। চলতি
মাসের ১ থেকে ৮ মে পর্যন্ত বজ্রপাতে ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন নারী
এবং ৩৪ জন পুরুষ।
বৃহস্পতিবার (৯ মে) প্রকাশিত এসএসটিএফের
গবেষণা সেলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে একদিনে বজ্রপাতে ১১ জন নিহত ও ৯ জন
আহত হয়েছে। বজ্রপাতের ক্ষেত্রে কৃষকরা কীভাবে নিজেদের নিরাপদ রাখতে পারেন- সে বিষয়েও
আলোকপাত করা হয়েছে।
সম্প্রতি মুন্সীগঞ্জের সিরাজদিখান,
মানিকগঞ্জের সিংগাইর, ঢাকার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন সংগঠনটির
সদস্যরা। এ সময় ৫০০ জন করে কৃষক নিয়ে দল তৈরি করে বজ্রপাত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা
করেছেন।
এসএসটিএফের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা
বজ্রপাতের হাত থেকে কৃষকদের বাঁচাতে মাঠে আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য সরকারের প্রতি
অনুরোধ জানান।
এ ছাড়াও মার্চ থেকে জুন পর্যন্ত ৪ মাস
বজ্রপাত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটি কিছু পরামর্শও দিয়েছে কৃষকদের
জন্য। সেগুলো হলো:
*মাঠে কাজ করার সময় আকাশে কালো মেঘ
দেখে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া।
*বৃষ্টির সময় গাছের নিচে আশ্রয় নেওয়া
থেকে বিরত থাকা।
*খোলা আকাশের নিচে কাজ করার সময় জুতা
পরতে হবে।
*বজ্রপাতের সময় মাঠে কাজ করার সময়
শুয়ে পড়ুন।
ফোরামের সভাপতি ড. কবিরুল বাশার জানান,
বজ্রপাত বাড়ার পেছনে দুটি কারণ চিহ্নিত করা হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের ক্রমবর্ধমান
প্রভাব এবং বাংলাদেশের গ্রামাঞ্চলে গাছ কাটা, বিশেষ করে মাঠের উঁচু গাছ কাটা। গাছপালা
না থাকলে খোলা স্থানে বা মাঠে মানুষের ওপর আঘাত হানে বজ্রপাত। অধিকাংশ মানুষ মনে করেন
ঝড়ের সময় গাছের নিচে আশ্রয় নেওয়াই ভালো। কিন্তু এটা ঠিক না। ঘরবাড়ি বা স্থাপনায়
আশ্রয় নিতে হবে মানুষকে।
মন্তব্য করুন


আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।
সকালে দেশের আট বিভাগ থেকে আগত স্বেচ্ছাসেবকদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বড় অগ্নিকাণ্ড, ভূমিকম্প কিংবা বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি বাহিনীর পক্ষে এককভাবে সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। স্বেচ্ছাসেবকেরা পেশাদার বাহিনীর সঙ্গে একযোগে কাজ করেই দুর্যোগকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি আরও বলেন, যেকোনো দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
তিনি জানান, স্বেচ্ছাসেবকদের জন্য সুযোগ–সুবিধা বাড়ানো এবং তাদের প্রশিক্ষণের মান ও পরিমাণ বৃদ্ধি করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিঃস্বার্থ সেবার মাধ্যমে স্বেচ্ছাসেবকেরা জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। সাম্প্রতিক অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বড় বড় দুর্ঘটনায় ফায়ার ফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন স্বেচ্ছাসেবকেরা—যা দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান।
অনুষ্ঠানের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পূর্বাচল ট্রেনিং গ্রাউন্ডে স্বেচ্ছাসেবকদের মহড়া পরিদর্শন করেন। পরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক দেশের বিভিন্ন এলাকার বাছাই করা ২২ জন স্বেচ্ছাসেবককে ক্রেস্ট ও সনদ প্রদান করেন। তিনি স্বেচ্ছাসেবকদের নিরলস ও সাহসী ভূমিকার প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতের সব দুর্যোগেও তাদের দেশপ্রেম ও নিষ্ঠা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে দুই শতাধিক স্বেচ্ছাসেবক ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক, উপপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন