

পর্দার
নায়িকারা সাধারণত নিজেদের গ্ল্যামারাস লুক উপস্থাপন করতেই পছন্দ করেন। তবে চরিত্রের
প্রয়োজনে সেই গ্ল্যামার ঝেড়ে ফেলে যখন তারা রাস্তায় নামেন ‘পাগল’
বা মানসিক ভারসাম্যহীন রূপে, তখন ভক্তদের চমকে যাওয়াটাই স্বাভাবিক। ছোট পর্দার দুই
জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এবং কেয়া পায়েল— দুজনই সম্প্রতি নিজেদের ভেঙেচুরে এমন
এক লুকে হাজির করেছেন, যা নিয়ে নেটপাড়ায় এখন তুমুল চর্চা। প্রশ্ন উঠেছে, পাগল সাজে
অভিনয়ে কে কাকে টেক্কা দিলেন?
আলোচনার
কেন্দ্রবিন্দুতে এখন কেয়া পায়েল। সদ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে
তাকে দেখা গেছে উষ্কখুষ্ক চুল, গায়ে ময়লা পোশাক আর মুখভর্তি কালচে দাগ। অভিনেতা জোভান
তার পেজে ভিডিওটি শেয়ার করতেই নেটিজেনরা বিভ্রান্ত— ইনি কি আসলেই সেই গ্ল্যামারাস পায়েল?
ভিডিওতে
দেখা যায়, পায়েল জোভানকে শাসিয়ে বলছেন, “এককেরে খাইয়ালামু কিন্তু!” জোভানও মজা করে
ক্যাপশনে লিখেছেন, ‘ছেমড়ি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’ জানা গেছে, এটি একটি নাটকের
শুটিংয়ের দৃশ্য। ভক্তরা অবশ্য এই লুকে পায়েলের সাহসিকতার প্রশংসা করতে ভুলেননি। কেউ
লিখেছেন, ‘বাপরে বাপ, কী মারাত্মক অভিনয়!’, আবার কারও মতে, ‘একদম পারফেক্ট মেকআপ।’
অন্যদিকে,
এই ‘পাগল’ সাজের দৌড়ে পিছিয়ে নেই ‘সিলেটি ফুরি’
খ্যাত সামিরা খান মাহিও। কিছুদিন আগেই ‘বকুল ফুল’ নাটকের শুটিংয়ের ছবি প্রকাশ করে তিনি
হইচই ফেলে দিয়েছিলেন। জট ধরা চুল, হাতে খাবারের থালা আর শূন্য দৃষ্টি—মাহির
এই লুক দেখে তখন মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। ভক্তরা লিখেছিলেন, ‘ওরে আল্লাহ একদমই
চেনা যাচ্ছে না, অসাধারণ হবে অভিনয়।’ আবার মুদ্রার উল্টো পিঠও দেখেছেন তিনি।
ট্রল করে কেউ কেউ বলেছিলেন, ‘আপনার আগের চেহারাটা এরকমই ছিল’
বা ‘এরে এমনেই ভালো মানায়।’ তবে মাহি সেসব নেতিবাচক মন্তব্য গায়ে
না মেখে নিজের কাজের মানের দিকেই নজর দিয়েছেন বেশি।
দুই
অভিনেত্রীর এই ‘ট্রান্সফর্মেশন’ বা ভোল পাল্টে ফেলা নিয়ে ভক্তদের মধ্যে
চলছে অঘোষিত প্রতিযোগিতা। একদিকে মাহির ‘বকুল ফুল’-এর বাস্তবতা, অন্যদিকে পায়েলের ‘খাইয়ালামু’র
তেজ। গ্ল্যামার জগতের বাইরে এসে অভিনয়ের এই দৌড়ে কে এগিয়ে—
মাহি নাকি পায়েল? উত্তরটা নাহয় দর্শকদের হাতেই তোলা থাকল। তবে এটা নিশ্চিত, চরিত্রের
প্রয়োজনে নায়িকাদের এই সাহসিকতা বাংলা নাটকের দর্শকদের জন্য নতুন এক চমক।
মন্তব্য করুন


শ্রদ্ধা ও ভালবাসায় প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক এটর্নি জেনারেল বিশিষ্ট আইনজীবী এ এফ হাসান আরিফকে শেষ বিদায় জানালো তাঁর দীর্ঘ দিনের সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীগণ।
শনিবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে এএফ হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
শুক্রবার বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মন্তব্য করুন


ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ডিমের মূল্য
স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজারে অভিযান।
আজ (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সারা দেশে জাতীয় ভোক্তা-অধিকার
সংরক্ষণ অধিদপ্তর ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি
কার্যক্রম পরিচালনা করে।
উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৪ জন কর্মকর্তার নেতৃত্বে
৪ টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর মালিবাগ, কাপ্তান বাজার, বসুন্ধরা আবাসিক এলাকা ও
জুরাইন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ দেশের ৩০টি জেলায় অধিদপ্তরের ৩৩টি টিমের পরিচালিত এ অভিযানে
৮১টি প্রতিষ্ঠানকে ২,৩২,০০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানান, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে ।
মন্তব্য করুন


খেলোয়াড়দের
রাজনীতিতে না আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ)
সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা
প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী
বলেন, ‘পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়; বরং ক্রীড়ানৈপুণ্য
দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন। দেশে-বিদেশে বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে
উচ্চতর মর্যাদার আসনে সমাসীন রাখুন।
তিনি
আরো বলেন, ‘দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায়
কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি বিশ্বাস করি।’
সরকারপ্রধান
বলেন, ‘বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন কিংবা শরীর চর্চার বিষয় নয়, বরং সারা বিশ্বে
ক্রীড়া এখন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না। ২০২৬ সালে জাতীয়
নির্বাচনের আগে জনগণের কাছে আমরা দলীয় ইশতেহার প্রকাশ করেছিলাম।
আমরা
বলেছিলাম, জনরায়ে বিএনপি রাষ্ট্রক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে
প্রতিষ্ঠিত করা হবে। জনগণের কাছে দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পর্ব আনুষ্ঠানিকভাবে
আজ থেকেই শুরু হলো।’
সরকার
খেলোয়াড়দের ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায়
আনার কাজটি বাস্তবায়নের কাজ শুরু করেছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘যিনি যে খেলায় ভালো
করতে পারবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের খেলাটিকে নিশ্চিন্তে
পেশা হিসেবে গ্রহণ করে মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারেন এবং খেলাধুলাকে পেশা হিসেবে
নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের এবং পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা বা টানাপড়েনে
না ভোগেন, সে লক্ষ্যে বর্তমান সরকার খেলোয়াড়দের ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার
ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, দেশের
ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা
হচ্ছে।
প্রধানমন্ত্রী
বলেন, ‘সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ইতিমধ্যেই
পর্যায়ক্রমিকভাবে ফ্যামিলি কার্ড, ইমাম, খতিব এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য
সম্মানি ভাতা প্রদান এবং সারা দেশে খাল খনন কর্মসূচি চালু করেছে।'
ক্রীড়াকে
পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সরকার ব্যাপক এবং বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে
উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ক্রিকেট এবং ফুটবল সবচেয়ে বেশি জনপ্রিয়
খেলা। তবে এসব খেলার পাশাপাশি আরচারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিকস, ক্যারম, ভারোত্তোলন,
উশু, সাঁতার, প্যারা সাঁতার, অ্যাথলেটিকস, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক টাকরো,
টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, হুইলচেয়ার বাস্কেটবল, ব্রিজ, ফুটসাল এবং ব্যাডমিন্টনের
মতো আরো অনেক ক্রীড়া রয়েছে, যেসব খেলা সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের জন্য
সম্মান বয়ে আনতে সক্ষম। আপনারা দেখেছেন সম্প্রতি সাফ নারী ফুটসালে প্রথমবারের মতো বাংলাদেশ
চ্যাম্পিয়ন হয়েছে।’
দেশব্যাপী
নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু হতে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী
বলেন, ‘স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান
‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিল।
বাংলাদেশ
টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানটি একপর্যায়ে অনেকগুলো বছর বন্ধ থাকলেও বর্তমানে অনুষ্ঠানটি
বিটিভিতে আবার চালু হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা
খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল থেকে সিলেট থেকে দেশব্যাপী নতুন পরিসরে শুরু হতে যাচ্ছে
‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন
করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী
ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গেই সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক
ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা পৌঁছে যায়। এ সময় ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া
কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী
ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন তিনি।
যুব
ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ
আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের
প্রশাসক আবদুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন প্রমুখ।
অনুষ্ঠান
শেষে প্রধানমন্ত্রী শাপলা হলের বাইরে খেলোয়াড়দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
মন্তব্য করুন


দেশের
২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান
চৌধুরী। দেশের বিচারাঙ্গণের শীর্ষ পদে তিনি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত
হবেন।
আজ
বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর)
এই নিয়োগ চূড়ান্ত করেন রাষ্ট্রপতি।
চব্বিশের
অভ্যুত্থানের ধাক্কায় রাষ্ট্রের সব অঙ্গে পরিবর্তনের মধ্যে প্রধান বিচারপতির দায়িত্ব
নিয়েছিলেন বিচারপতি রেফাত আহমেদ। ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর তিনি অবসরে
যাচ্ছেন। বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে তিনি ওমরাহর জন্য অবস্থান করছেন সৌদি আরবে।
তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিচারপতি
জুবায়ের। তাকেই নতুন প্রধান বিচারপতি করে বুধবার গেজেট জারি করেছে সরকার। বঙ্গভবনে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তিনি শপথ নেবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে
জ্যেষ্ঠতার ক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ছিলেন তিন নম্বরে। বিচারপতি মো. আশফাকুল
ইসলামকে ডিঙিয়ে তাকে সর্বোচ্চ পদ দেওয়া হল।
১৯৬১
সালের ১৮ মে জন্মগ্রহণ করা জুবায়ের রহমান চৌধুরীর বাবা প্রয়াত এ এফ এম আবদুর রহমান
চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম করার
পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন জুবায়ের রহমান চৌধুরী।
১৯৮৫ সালে তিনি জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আইনজীবী
হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩
সালের ২৭ অগাস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান। দুই বছর পর হাই
কোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। কিন্তু আওয়ামী লীগের আমলে তাকে আর আপিল বিভাগে নেওয়া
হয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলনকারীদের
দাবির মুখে ১০ অগাস্ট পদত্যাগ করেন তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
ওইদিনই
হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে
নিয়োগ দেওয়া হয়। দুই দিন পর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ চারজনকে হাই কোর্ট বিভাগ
থেকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। ১৩ অগাস্ট তারা শপথ নেন। বয়সের নিয়ম অনুযায়ী, বিচারপতি
জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৮ মে পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
তার
সঙ্গে আপিল বিভাগে এখন বিচারক হিসেবে আছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো.
রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি
ফারাহ মাহবুব।
মন্তব্য করুন


আইন
উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, শিগগিরই সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে।
বৃহস্পতিবার
(৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ
কথা বলেন।
উপদেষ্টা
আসিফ নজরুল বলেন, পর্যায়ক্রমে দেশের সব কালাকানুন বাতিল করা হবে। ডিজিটাল সার্ভিসেস
অ্যাক্টে (ডিএসএ) হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর
আগে গত ৩০ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সাইবার আইনে হওয়া ‘স্পিচ
অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্তব্য করুন


১ম
রোজার ইফতার আপনজনের সঙ্গে করতে অফিস শেষে ছুটে চলে মানুষ। তাই ঢাকায়
দেখা দেয় ভয়াবহ যানজট। এ অবস্থায় মানুষের
নির্বিঘ্নে ঘরে পৌঁছাতে অফিস শেষে রাস্তায় নেমে পড়েন খোদ । যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। এ অবস্থায় ইফতারের
সময় হলে তিনি রাস্তায় ইফতার করেন।
মঙ্গলবার
(১২ মার্চ) সোনারগাঁও ক্রসিংয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে তাকে ইফতার করতে দেখা যায়।
ট্রাফিক
ব্যবস্থা পর্যবেক্ষণ করে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নগরবাসী কর্মস্থল থেকে নিরাপদে বাসায় ফিরে তাদের পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন, এজন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সদস্যদের সঙ্গে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। সোনারগাঁও ক্রসিং ঢাকা শহরের ব্যস্ততম একটি স্থান। এখান থেকে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সবদিকে গাড়ি যায়। সেই হিসেবে এখানকার অবস্থা সন্তোষজনক। ইফতারের ২০ মিনিট আগে
দেখা গেছে রাস্তায় তেমন কোনো চাপ নেই।
এসময়
উপস্থিত ছিলেন, ডিএমপির
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার
(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
মন্তব্য করুন


গোপন
তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামালপুর শহরে অবৈধভাবে পেট্রোল মজুত ও বিক্রির অভিযোগে
শ্বশুর-জামাইকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার
(৬ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের লম্বা গাছ এলাকায় ‘হাবিব মোটরস’-এ
অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযোগ ছিল, ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চড়া দামে পেট্রোল
বিক্রি করা হচ্ছিল।
জাতীয়
নিরাপত্তা গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, নিজেদের এবং পরিচিতদের মোটরসাইকেল থেকে তেল সংগ্রহ
করে তা বোতলজাত করে বেশি দামে বিক্রি করা হতো। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান
চলাকালে পাঁচ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.
ইমন হোসেন শ্বশুর মো. হাবিব (৪৫) ও জামাই নাজমুল হাসান (৩৩)-কে প্রত্যেককে এক মাসের
বিনাশ্রম কারাদণ্ড দেন।
রায়ে
বলা হয়, “ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলের মাধ্যমে পেট্রোল ক্রয় করে পরবর্তীতে উচ্চ
মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে মোটর সাইকেলের ট্যাংক হতে পেট্রোল বোতলজাতকরণের মাধ্যমে
মজুদ করার অপরাধে সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় মোঃ হাবিব (৪৫) ও নাজমুল হাসান
(৩৩)-কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর বিধান লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে
প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।”
মন্তব্য করুন


দীর্ঘ
প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে
প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল
থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে
রওনা দেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। এ ছাড়া লাখ লাখ নেতাকর্মী জড়ো হন রাজধানীর ৩০০
ফিটে।
তারেক
রহমান রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ইতিমধ্যে
তিনি বিমানবন্দর থেকে সেখানের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য
রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
জানা
গেছে, তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
তার
আগমন উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরপাত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা
বাহিনী। হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের।
এভারকেয়ারের
সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, ভোর ৫টা থেকেই অনেকে এখানে অবস্থান শুরু করেছেন।
দলীয় নির্দেশনা অনুযায়ীই তারা এখানে অবস্থান নিয়েছেন।
বিএনপির
ঢাকা-১১ আসনের প্রার্থী এমএ কাইয়ুমের অনুসারী মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, মায়ের
কোলে ছেলে ফিরে আসছে। এতে শুধু বিএনপির নেতাকর্মীরা না পুরো দেশবাসী খুশি। দলীয় নির্দেশনা
অনুযায়ী আমরা ভোর ৫টা থেকে এখানে অবস্থান নিয়েছেন।
আজ
সকাল থেকে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে
শুরু করে নেতাকর্মীদের ভিড়। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের মূল ফটকের প্রায় ১০০ মিটার
এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নেতাকর্মীদের অনেক রাস্তার একপাশে অবস্থান নিয়েছেন।
মন্তব্য করুন


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি বুধবার (২ অক্টোবর) ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বগুড়া সেনানিবাসে কর্মরত সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন এবং তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অতঃপর তিনি আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া এর নির্মাণাধীন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সকল পদবির সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে 'অফিসার্স অ্যাড্রেস' গ্রহণ করেন।
এসময় তিনি তাঁর মূল্যবান বক্তব্যের শুরুতেই শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দেশমাতৃকার সেবায় তরুণ সাহসী এই সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাঁর জন্য গর্বিত। এরপর সকলের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি বগুড়া সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা- ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাসদর ও বগুড়া এরিয়ার উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এ বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ২৪ পদাতিক ডিভিশন দল ৪-০ গোলে ৪৬ পদাতিক ব্রিগেড দলকে পরাজিত করে। উক্ত প্রতিযোগিতা গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শুরু হয়েছিল।
মন্তব্য করুন


সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ বুধবার (১ অক্টোবর) তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন।
তুরস্কের বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। ১ থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে এই সফর।
সফরকালে তিনি তুরস্কের বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেবেন।
আলোচনায় পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণ বিষয়ক বিষয়াদি গুরুত্ব পাবে।
এছাড়া, এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান সফরকালে Turkish Aerospace Industriesসহ তুরস্কের বিভিন্ন সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
বিমান বাহিনী প্রধান আগামী ৬ অক্টোবর দেশে ফিরে আসবেন।
মন্তব্য করুন